সাম্রাজ্যবাদী জাপানের পুনর্জাগরণের আশঙ্কা
জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শিনজো আবে ও তাঁর দল আজ সোমবার তাদের প্রথম পূর্ণ কর্মদিবসে নতুন জাতীয় সংগীত অনুমোদন করেছে। বিশ্লেষকেরা নতুন জাতীয় সংগীতকে জাপানের সাবেক সাম্রাজ্যবাদী ও সামরিক প্রবণতার আবির্ভাব হিসেবে বিবেচনা করছেন।রয়টার্স জানায়, গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে ৫৮ বছর বয়সী আবে ও তাঁর রক্ষণশীল দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বিপুল ভোটে জয় লাভ করে। বিশ্লেষকেরা বলছেন, এলডিপির এ জয়ের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে, জাপান ক্রমে তার কট্টর ডানপন্থী অবস্থানে ফিরে যাচ্ছে।এলডিপির এক সমাবেশে আবে ও দলের নেতারা নতুন জাতীয় সংগীত গাওয়ার পর জাপানের দৈনিক সংবাদপত্র ‘সানকি’কে আবে বলেন, ‘আমরা সরকারকে এমন এক দলে পরিণত করতে চাই, যে সব কাজের শুরুতে নির্ভীক চিত্তে “কিমিগায়ো” গাইতে পারে এবং “জাপানকে পুরোনো অবস্থানে নেওয়ার” জন্য প্রথম পদক্ষেপ নিতে পারে।’গত ১৬ ডিসেম্বরের নির্বাচনে এলডিপির অন্যতম নির্বাচনী স্লোগান ছিল ‘জাপানকে পুরোনো অবস্থানে নেওয়া’। নির্বাচনের মাধ্যমে এলডিপি মাত্র তিন বছরের মধ্যে ডেমোক্রেটিক পার্টি অব জাপানকে হারিয়ে ক্ষমতা পুনরুদ্ধার করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জাপানে প্রায় পুরো সময় ক্ষমতায় ছিল এলডিপি। জাপানের সম্রাট ও অতীতের সুদিনের স্মৃতি স্মরণ করে বিষাদপূর্ণ এক ছোট গান এই ‘কিমিগায়ো’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপানের সাম্রাজ্যবাদী ও একনায়কতন্ত্রী শাসনের সময় কিমিগায়ো ছিল তাদের জাতীয় সংগীত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের ন্যক্কারজনক দুঃশাসন ও বহির্দেশ দখলের প্রবণতার পেছনে কিমিগায়োর চেতনাকে দায়ী করা হয়। ‘হিনোমারু’ নামে পরিচিত জাতীয় পতাকা ও কিমিগায়োকে ১৯৯৯ সালে রাষ্ট্রীয় প্রতীক হিসেবে আইনি স্বীকৃতি দেওয়া হয়। এর পর থেকে বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হিনোমারু উত্তোলন ও কিমিগায়ো গাওয়া বাধ্যতামূলক করা হয়। তবে এর আগে দেশটির শিক্ষকেরা হিনোমারু ও কিমিগায়োকে মেনে নিতে নারাজ ছিলেন। তাঁরা সরকারের বিরুদ্ধে মামলাও করেছিলেন। তবে মামলায় তাঁরা হেরে যান। এখনো সেখানে এ দুই বিষয়ে ঘোরতর বিতর্ক রয়েছে। গত ২৬ ডিসেম্বর শপথ নেওয়ার পর থেকে শিনজো আবে জাপানের মন্দাক্রান্ত অর্থনীতি পুনরুদ্ধারের ওপর জোর দিয়ে আসছেন।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৭ সালে জাপান যে সংবিধান প্রতিষ্ঠা করে, তার নয় নম্বর ধারায় বহির্দেশে সামরিক আগ্রাসন ও আন্তর্জাতিক মতানৈক্যের সমাধান হিসেবে যুদ্ধ ঘোষণা নিষিদ্ধ করা হয়। অন্য দেশে সামরিক আগ্রাসনের জন্য উপযোগী সেনাবাহিনী গড়ে না তোলার জন্যও অঙ্গীকার করা হয় সংবিধানের ওই ধারায়। কিন্তু শিনজো আবে এ আইনে পরিবর্তন করতে চান। বিশ্বযুদ্ধপূর্ব সামরিক বাহিনীর মর্যাদাও তিনি ফিরিয়ে আনতে চান। বিশ্বযুদ্ধের সময় জাপান প্রতিবেশী দেশগুলোতে অন্যায়ভাবে আগ্রাসন চালিয়েছিল—এটা স্বীকার করে ১৯৯৫ সালে ক্ষমা চায় দেশটি। তবে প্রধানমন্ত্রী আবে এ অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত এখনো দেননি।২০০৬-০৭ সালে ক্ষমতায় থাকার সময় শিনজো আবে দেশপ্রেম গড়ে তোলার বিষয়টি অনেক দিন পর পাঠ্যসূচিতে ফিরিয়ে আনেন। এবারও তিনি তা-ই করবেন বলে ঘোষণা দিয়েছেন।