দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা কুড়িগ্রাম। পুরো জেলাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার, ফুলকুমার, সোনাবুড়ি, জিঞ্জিরাম, গঙ্গাধর, হলহলি ও জলচিরা নদী। নদী-বিধৌত এই মাটি সোনার বাড়া, যত দূর চোখ যায় শুধু ধান আর ধান। তবু মানুষের চোখে-মুখে দারিদ্র্যের ছাপ স্পষ্ট। ঝাঁ-চকচকে গাড়ি-বিলাসবহুল বাড়ি দূরে থাক, অর্ধেকের বেশি মানুষ এখনো মঙ্গার সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকে। যারা মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়েছে, তাদের অবস্থা আরও নাজুক। কাজ নেই, থাকলেও বেতন এত কম যে পেট চলে না। তাই ‘ন্যাশনাল সার্ভিস জব স্কিমের’ আওতায় যাঁরা একটা চাকরি পেয়েছেন, তাঁদের অনেকের মনেই আত্মবিশ্বাস জন্মেছে।কিন্তু এই আকাঙ্ক্ষা ও আত্মবিশ্বাসের আড়ালে অনেকের মনেই তৈরি হয়েছে শঙ্কা। দুই বছর মেয়াদি চাকরি। এক বছর পেরিয়ে গেছে। আত্মকর্মসংস্থানের জন্য যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তা পর্যাপ্ত ছিল না। প্রশিক্ষণের যে বিষয়, তা চাকরির মেয়াদ শেষে আর কোনো কাজে আসবে কি না, কেউ জানেন না। শুধু যে কুড়িগ্রামেই এ অবস্থা, তা নয়; দেশের দক্ষিণাঞ্চলীয় জেলা বরগুনার পরিস্থিতিও অভিন্ন।উল্লেখ্য, ঘরে ঘরে চাকরি দেওয়ার নির্বাচনী অঙ্গীকার পূরণের লক্ষ্যে সরকার গত বছরের ৬ মার্চ কুড়িগ্রাম থেকে ন্যাশনাল সার্ভিস প্রকল্পের উদ্বোধন করে। একে একে যুক্ত হয় বরগুনা ও গোপালগঞ্জ। প্রকল্পের আওতায় প্রায় সাত লাখ বেকার যুবক ও যুব মহিলার কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। ধীরে ধীরে দেশের সব কটি জেলাকে এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা আছে। এই যুবক ও যুব মহিলারা আত্মকর্মসংস্থানের প্রশিক্ষণ পর্যাপ্ত পরিমাণে পাননি, তাঁরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সহযোগী হিসেবে কাজের প্রশিক্ষণ পাচ্ছেন।বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানে কাজের প্রশিক্ষণ নিয়ে মেয়াদ শেষে এই যুবক ও যুব মহিলারা কী করবেন, তা ভাবার বিষয়। আমরা অদক্ষ শ্রমিক বিদেশে পাঠাচ্ছি। এই প্রকল্পের আওতায় এঁরা বিদেশের বাজারের উপযোগী প্রশিক্ষণের সুযোগ পেলে ভালো হতো। এটি একটি দিশারি প্রকল্প। আমরা আশা করব, সরকার বিষয়টি ভেবে দেখবে।’যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব আহমেদ বলেন, ‘দুই বছর সময়ে বেকার যুবক ও যুব মহিলারা জাতিগঠনমূলক প্রশিক্ষণ পাচ্ছেন। মেয়াদ শেষে কর্মসংস্থান ব্যাংক থেকে যে ঋণ দেওয়া হবে, তা দিয়ে তাঁরা নিজের পায়ে দাঁড়াতে পারবেন।’গতকাল সোমবার অবশ্য নতুন একটি ঘোষণা দেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ন্যাশনাল সার্ভিস কর্মসূচিসংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয় কমিটির পঞ্চম সভায় নীতিমালা সংশোধন এবং স্থায়ী কর্মসংস্থানের বিষয়ে বিজিএমইএ ও বিকেএমইএর সঙ্গে সমঝোতা স্মারক সই করার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানানো হয়। সভায় রংপুর বিভাগের সব জেলাকে ক্রমে এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার ব্যাপারেও আলোচনা হয়েছে।আশা-আশঙ্কার দ্বন্দ্ব: প্রথম ব্যাচের প্রশিক্ষণ শেষে চরমাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন শেফালী খাতুন। তিনি জানান, তাঁর সামাজিক অবস্থানের অনেক পরিবর্তন হয়েছে। সবাই তাঁকে সম্মান করে। যুব উন্নয়ন অধিদপ্তরেই চাকরি পেয়েছেন জেসমিন আরা ও শারমিন ইসলাম। বললেন, কুড়িগ্রামে মানুষের কাজ নেই, বেসরকারি চাকরিতে বেতন হাজার তিনেক টাকা বড়জোর। তাই মাসে ছয় হাজার টাকা তাঁদের কাছে অনেক। চার হাজার টাকা তুলছেন, দুই হাজার টাকা ব্যাংকে জমা থাকছে।কুড়িগ্রামে গত বছরের ৬ মার্চ প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রথম ধাপে ৩১ হাজার ৬২০ জন উচ্চমাধ্যমিক পাস যুবক ও যুব মহিলাকে বাছাই করা হয়। কম্পিউটার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, শিক্ষা ও শারীরিক শিক্ষা, কৃষি-বন-পরিবেশ, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা, ইউনিয়ন ও উপজেলা পরিষদের সেবাকার্যক্রমে প্রশিক্ষণ নেওয়ার পর ১৯ হাজার ৬৮২ জন এখন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন।কিন্তু প্রশিক্ষণ শেষে রাষ্ট্রপক্ষের কৌঁসুলির কার্যালয়ে কর্মরত একজন যুবক নাম প্রকাশ না করার শর্তে প্রশিক্ষণের বিষয় ও মান নিয়ে প্রশ্ন তুলে বলেন, কম্পিউটার প্রশিক্ষণের ক্ষেত্রে ৯৭ জনের জন্য ১৬টি কম্পিউটার বরাদ্দ থাকায় কেউ ১০ মিনিটও একনাগাড়ে অনুশীলন করতে পারেননি। তাঁদের অনেকেই এই প্রশিক্ষণেই প্রথমবারের মতো কম্পিউটার ধরেছেন। কাজ করতে গিয়ে এখন তাঁরা খুবই অসুবিধায় পড়েছেন।এদিকে কুড়িগ্রামে নতুন করে আরও ৫৮ হাজার ২৩৭ জনকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা চলছে। বেসরকারি খাতে কুড়িগ্রামে এত কাজের সুযোগ নেই। প্রায় এক লাখ যুবক ও যুব মহিলা অফিস-আদালতে কাজের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা নিয়ে কী করবেন, সেই প্রশ্ন ঘুরেফিরে আসছে। বেশির ভাগই বলেছেন, ব্যাংকে গচ্ছিত টাকা ও যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ঋণ নিয়ে তাঁরা হাঁস-মুরগি-গরু পালন, সবজি ও মাছ চাষ করবেন। কিন্তু এ বিষয়ে তাঁদের তিন মাসের প্রশিক্ষণে খুব সামান্য ধারণা দেওয়া হয়েছে।কুড়িগ্রামের মতো মোটামুটি একই চিত্র ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলীয় জেলা বরগুনায়। বরগুনা সদরসহ পাঁচটি উপজেলায় প্রথম ধাপে গত বছরের সেপ্টেম্বর মাসে তিন হাজার ৯৬৮ এবং দ্বিতীয় ধাপে গত ১ ফেব্রুয়ারি থেকে তিন হাজার ২৩৩ জন অস্থায়ী ভিত্তিতে কাজে যোগ দিয়েছেন। পর্যায়ক্রমে জেলায় ১২ হাজার ৭০ জন শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাকে ন্যাশনাল সার্ভিসের আওতায় আনা হবে।অনুসন্ধানে জানা যায়, পাথরঘাটা থানায় দুই ধাপে ৪০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মাসে দুবার থানায় হাজিরা দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই তাঁদের। নাম গোপন রাখার শর্তে এঁদের কয়েকজন বলেন, ‘আগেও ঘোরাঘুরি করে সময় কাটাতাম, এখনো তা-ই। তবে পার্থক্য হলো, এখন মাস শেষে বেতন পাই।’ পাথরঘাটা থানার ওসি নূরুল হক বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। তাই ওদের কাজকর্ম সম্পর্কে তেমন জানি না। আমি যোগদান করার পর ওদের (ন্যাশনাল সার্ভিস কর্মী) একবার হাজিরা দিতে দেখেছি।’পাথরঘাটা সাব-রেজিস্ট্রি অফিসে প্রথম ধাপে ১৮ জনকে নিয়োগ দেওয়া হলে সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অনীহার কারণে তা সম্ভব হয়নি। ন্যাশনাল সার্ভিসের কর্মীদের গ্রহণ না করার ব্যাপারে উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের প্রধান সহকারী আ. হাকিম বলেন, ‘বালাম, রেকর্ড ও গোপনীয় ফাইলপত্র থাকায় আমরা এতে রাজি হইনি।’ পাথরঘাটা উপজেলা হাসপাতালে নিয়োগ পাওয়া পাঁচজন ন্যাশনাল সার্ভিস কর্মী বহির্বিভাগে টিকিট কাউন্টারে দায়িত্ব পালন করলেও বেশির ভাগ সময় তাঁরা অলস সময় কাটান। পরিবার পরিকল্পনা বিভাগে উপজেলায় দুই ধাপে ৯৪ জনকে নিয়োগ দেওয়া হলেও মাঠপর্যায়ে তাঁদের কোনো কাজ নেই।বরগুনা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মোস্তাক উদ্দিন বলেন, দুই বছর এসব বেকার মানুষ কাজ করে নিজেদের অভিজ্ঞতা ও আর্থিক সচ্ছলতা আনার পাশাপাশি দুই বছর পর তাঁদের সঞ্চয় হিসেবে মোটা অঙ্কের পুঁজি হাতে পাবে। এসব মিলিয়ে অন্তত তাঁরা ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়ানোর মতো একটা শক্তি পাবেন।প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন কুড়িগ্রাম প্রতিনিধি সফি খান।