সাময়িক মুক্তি পেলেন নাশিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগে করা মামলার বিচারকাজ গতকাল বুধবার চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন আদালত। ফলে সাময়িকভাবে মুক্তি পেয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।আগামী সেপ্টেম্বরে মালদ্বীপে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনের আগপর্যন্ত এ মামলার বিচারকাজ স্থগিত রাখতে আদালতের কাছে আবেদন করেছিলেন নাশিদের আইনজীবী। সরকারের প্রধান আইন কর্মকর্তা এই আবেদনের বিরোধিতা না করায় মামলার কার্যক্রম চার সপ্তাহের জন্য স্থগিত করেন আদালত।সাবেক প্রেসিডেন্টের সাময়িক মুক্তি পাওয়া প্রসঙ্গে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদের তথ্যসচিব মাসুদ ইমাদ বলেন, ‘তিনি এখন মুক্ত। আদালতের জারি করা সমন অমান্য করায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। আমরা শুরু থেকেই তাঁর অধিকারের বিষয়ে সচেতন ছিলাম। তবে আমরা বিচারিক প্রক্রিয়ার ওপর হস্তক্ষেপ করতে পারি না। আদালতই তাঁর বিরুদ্ধে মামলার শুনানি চার সপ্তাহ স্থগিত করেছেন।’ এদিকে, নাশিদের সাময়িক মুক্তিতে কিছুটা স্বস্তি পেয়েছে ভারত। সর্বশেষ এ ঘটনায় ভারতের মধ্যস্থতা কাজ করেছে বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহে ভারতের পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই জানিয়েছিলেন, মালদ্বীপের রাজধানী মালেতে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক হয়। ওই বৈঠকের পরই ভারতীয় হাইকমিশন ছাড়েন নাশিদ। একই সঙ্গে নাশিদকে স্বাধীনভাবে চলাচল ও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানায় ভারত।তবে নাশিদের ব্যাপারে কোনো ধরনের সমঝোতার কথা অস্বীকার করেছে ভারত ও মালদ্বীপ। আসন্ন নির্বাচন স্বাধীন ও বিশ্বাসযোগ্য করার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেছে মালদ্বীপ সরকার।ভারত আশা করছে, আসন্ন নির্বাচনে নাশিদ অংশ নিতে পারবেন। তবে নাশিদের বিরুদ্ধে করা মামলার অভিযোগ প্রমাণিত হলে তিনি তিন বছরের বেশি কারাদণ্ডাদেশ পেতে পারেন। সে ক্ষেত্রে নির্বাচনে অংশ নিতে পারবেন না নাশিদ।