সার কারখানার জন্য এবার রাতে টিলা কাটা হচ্ছে!
সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল সার কারখানা প্রকল্পের জন্য এখন টিলা কাটা হচ্ছে রাতে। গত রোববার রাত থেকে ফের কাটা শুরু হয়েছে। সরেজমিনে দেখা গেছে, রাত ১০টা থেকে ভোররাত পর্যন্ত এক্সকাভেটর (মাটি কাটার যন্ত্র) দিয়ে টিলা কেটে মাটি নিয়ে যাওয়া হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া প্রকল্পের জন্য টিলা কাটা শুরু হলে ১৭ আগস্ট প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিন থেকে প্রকল্প এলাকায় টিলা কাটা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। শাহজালাল সার কারখানা প্রকল্প সূত্র জানায়, সাড়ে পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জে বর্তমান সার কারখানার দক্ষিণ-পশ্চিমে শাহজালাল সার কারখানার নির্মাণকাজ শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৪ মার্চ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। প্রকল্পের কাজ শুরু করে ‘চায়না ন্যাশনাল কমপ্লিট প্ল্যান্ট ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন লিমিটেড’। পরে এই প্রতিষ্ঠানের কাছ থেকে দেশীয় ‘ব্রাদার্স গ্রুপ’ প্রাথমিক পর্যায়ে ছয় কোটি টাকার মাটির কাজ পেয়ে টিলা কাটা শুরু করে। সরেজমিনে দেখা যায়, শাহজালাল সার কারখানার মূল প্রকল্প এলাকায় চারটি টিলা কাটা হচ্ছে। প্রকল্পের মাঝখানে অবস্থিত দুটি টিলার দুই-তৃতীয়াংশ এরই মধ্যে কেটে ফেলা হয়েছে। প্রায় ৮৫ ফুট উঁচু এই দুটি টিলা সমতল করে ফেলা হবে বলে ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে। দক্ষিণ পাশের ৪০-৪৫ ফুট উচ্চতাসম্পন্ন দুটি টিলার মধ্যভাগ পর্যন্ত কেটে প্রকল্পের সীমানা নির্ধারণ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক্সকাভেটরের চালক বলেন, ‘রাতে টিলা কাটা শুরু হয়। চলে ভোর পর্যন্ত। আমাদের বলা হয়েছে, ১০ দিনের মধ্যে টিলাগুলো কেটে ফেলতে হবে।’ ওই এলাকার বাসিন্দা বদরুল আমীন বলেন, ‘প্রথমে কাটা হলো হাজার হাজার গাছ। এখন রাতে কাটা হচ্ছে টিলা। বিকল্প ব্যবস্থা থাকার পরও গাছপালা, টিলা কেটে প্রকল্পের জায়গা সমতল করা হচ্ছে কেন?’ টিলা কাটতে পরিবেশ অধিদপ্তরের অনুমতি আছে কি না, জানতে চাইলে ব্রাদার্স গ্রুপের সাইট ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে প্রকল্প পরিচালক (পিডি) কামরুজ্জামান জানান, টিলা কাটার বিষয়টি তাঁর জানা নেই। প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, টিলা কাটার অনুমতি চেয়ে পরিবেশ অধিদপ্তরে একটি চিঠি দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর সিলেটের জ্যেষ্ঠ কর্মকর্তা (রসায়নবিদ) মুজাহিদুল ইসলাম বলেন, ‘চিঠিটি মহাপরিচালকের দপ্তরে পাঠানো হয়েছে। এখনো অনুমোদন হয়নি।’