সারকারখানার আরও পাঁচ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
আরও দুই সার কারখানার পাঁচজন কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন ঘোড়াশাল সারকারখানার এবং একজন চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার। এরই মধ্যেই তাঁদের কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছে। আজ রোববার কারখানা দুটির কর্তৃপক্ষ সূত্র এ তথ্য জানায়।এর আগে ১১ এপ্রিল সরিষাবাড়ীর যমুনা সারকারখানার আটজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়। কারখানা কর্তৃপক্ষকে না জানিয়ে চাকরি নিয়ে আলজেরিয়া যাওয়ার পথে তিন সারকারখানার ১৩ জনকে ৯ এপ্রিল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়। তাঁরা পরিচয় গোপন করে ও অনুমোদন ছাড়া কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে আলজেরিয়ায় যাচ্ছিলেন।সূত্র জানায়, নিয়ম অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তার বিদেশ সফরের ক্ষেত্রে জিও বা সরকারি অনুমোদন ও লিয়েন নিতে হয়। কিন্তু এই ১৩ জনের কেউ এই নিয়ম মানেননি। তাঁরা নিজ কর্মক্ষেত্রে অসুস্থতাজনিত ও নৈমিত্তিক ছুটি নিয়ে আলজেরিয়ার সারকারখানায় চাকরিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) চেয়ারম্যান গোলাম রব্বানী আজ প্রথম আলোকে জানান, অভিযুক্ত কর্মচারীদের বিরুদ্ধে নিজ নিজ কারখানা কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। আর কর্মকর্তাদের ব্যাপারে বিসিআইসি চাকরির বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেবে।