সারকোজির নির্দেশে খুন হন গাদ্দাফি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজির নির্দেশে একজন ফরাসি গুপ্তচর লিবিয়ার সাবেক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফিকে হত্যা করেছে। গত বছর গাদ্দাফি ধরা পড়ার সময় ওই গুপ্তচর অন্যদের ডিঙ্গিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং মাথায় গুলি চালায়।লিবিয়ায় অবস্থানকারী দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে আজ রোববার ডেইলি মেইলের খবরে বলা হয়, গাদ্দাফিকে হত্যার প্রধান উদ্দেশ্য ছিল তাঁকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া থেকে বিরত রাখা। জিজ্ঞাসাবাদে তিনি সারকোজির সঙ্গে তাঁর সখ্যের কথা ফাঁস করে দিতে পারতেন, এমন আশঙ্কায় তাঁকে খুন করা হয়। প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা নেতাদের মধ্যে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ছিলেন গাদ্দাফির ঘনিষ্ঠজনদের অন্যতম। তিনি গাদ্দাফির সঙ্গে নিয়মিত দেখা-সাক্ষাত্ করতেন এবং কোটি কোটি পাউন্ডের বাণিজ্য চুক্তির তদবির করতেন।কয়েক বছর আগে গাদ্দাফির প্যারিস ভ্রমণের সময় সারকোজি তাঁকে ‘ভাই’ বলে সম্বোধন করেন। অভিযোগ আছে, ২০০৭ সালের নির্বাচনের আগে সারকোজি তাঁর কাছ থেকে কোটি কোটি ডলার চাঁদা নিয়েছিলেন।তবে ব্রিটেন বেশ সাফল্যের সঙ্গে গাদ্দাফির বিরুদ্ধে ‘ষড়যন্ত্র তত্ত্ব’ কাজে লাগিয়েছিল। গত বছর লিবিয়ার ‘সাধারণ মানুষের জানমাল বাঁচানোর’ নাম করে ব্রিটেন লিবিয়ায় হামলার জন্য জঙ্গি বিমান পাঠায়।যদিও জাতিসংঘ লিবিয়ায় হামলার অনুমতি দিয়েছিল, তবুও এ সংস্থা বলেছিল, লিবিয়ার অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর কোনো অধিকার নেই পশ্চিমা দেশগুলোর।তবে জাতিসংঘের এসব কথা উড়িয়ে দিয়ে লিবিয়ার ওপর প্রতিদিনই বোমাবর্ষণ করেছে পশ্চিমা দেশগুলো। একসময় গাদ্দাফিকেও ক্ষমতা থেকে সরানো গেছে। অভিযোগ আছে, এ সময় ব্রিটিশ ও ফরাসি সেনারা গোপনে লিবিয়ার বিদ্রোহীদের সঙ্গে থেকে লিবিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে।লিবিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ জিবরিল মিসরীয় এক টেলিভিশনকে বলেন, ‘গাদ্দাফিকে হত্যার আগে একজন বিদেশি গুপ্তচর বিদ্রোহী সেনাদের সঙ্গে মিশে গিয়েছিল।’লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে একজন কূটনীতিক ইতালির সংবাদপত্র ‘কোরিয়ে দেলা সেরাকে’ দেওয়া সাক্ষাত্কারে বলেন, ওই বিদেশি হত্যাকারী ছিলেন সম্ভবত একজন ফরাসি। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, ‘লিবিয়ার বিদ্রোহে সারকোজির সরকার সর্বোচ্চ সহায়তা করেছে। কিন্তু, ন্যাটোর নেতৃত্বে হামলা শুরু হলে, গাদ্দাফি হুমকি দিতে থাকেন যে তিনি ফ্রান্সের সঙ্গে তাঁর গোপন সম্পর্কের ইতিবৃত্ত ফাঁস করে দেবেন।’ত্রিপোলির এক সূত্র জানায়, ‘গাদ্দাফিকে দ্রুত সরিয়ে দেওয়ার জন্য সারকোজির সর্বোচ্চ চেষ্টা নেওয়ার যথেষ্ট কারণ ছিল।’ মেইলের প্রতিবেদনে বলা হয়, বেনগাজিতে তদন্তকারী দলের কাছে সংগৃহীত তথ্যও একই কথা বলছে। লিবিয়ার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক দপ্তরের প্রধান রামি আল ওবেদি বলেন, গাদ্দাফি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে যোগাযোগের জন্য যে টেলিনেটওয়ার্ক ব্যবহার করতেন, সেটিকে ট্র্যাক করে তাঁকে ধরা হয়। রামি আল ওবেদি এ বিষয়ে ভালোভাবে অবহিত ছিলেন।ন্যাটো কর্মকর্তারা ওই টেলিযোগাযোগ পদ্ধতি অনুসরণ করে সির্ত শহরে গাদ্দাফির অবস্থান খুঁজে বের করেন এবং ২০১১ সালের ২০ অক্টোবর তাঁকে হত্যা করা হয়।বিদ্রোহীরা গাদ্দাফিকে একটি নর্দমা থেকে টেনেহিঁচড়ে বের করে এবং তাঁর ওপরে নৃশংস হামলা চালায়। গাদ্দাফিকে হত্যার দৃশ্য ভিডিও ক্যামেরায় ধারণও করা হয়। এর আগে গাদ্দাফিকে হত্যার আরেক বর্ণনায় দাবি করা হয়, ২২ বছর বয়সী এক তরুণ তাঁকে হত্যা করেছেন। ভিডিওতে দেখা যায়, এই তরুণ বন্দুক উঁচিয়ে গাদ্দাফিকে হত্যার কৃতিত্ব দাবি করছেন। গত সোমবার বেন ওমরান শাবান নামের এই তরুণ প্যারিসে মারা যান। খবরে বলা হয়েছে, গত জুলাই মাসে শাবান গাদ্দাফির সমর্থকদের হাতে বেদম মার খান। অসুস্থ অবস্থায় তাঁকে ফ্রান্সে পাঠানো হয়েছিল। কিন্তু, সেখানে এক হাসপাতালে তিনি মারা যান।তবে, গাদ্দাফির সঙ্গে যেকোনো ধরনের সম্পর্কের কথা, বিশেষত অর্থ নেওয়ার বিষয়টি অস্বীকার করে এসেছেন সারকোজি। নতুন তথ্যের বিষয়ে তাঁর অভিমত জানতে আজ তাঁকে ফোন করা হয়। কিন্তু, তাঁকে পাওয়া যায়নি।ক্ষমতায় থাকার সময় বিভিন্ন ধরনের আর্থিক অনিয়মের অভিযোগে ফ্রান্সের বিভিন্ন আদালতে এখন বিচার চলছে সারকোজির।