সারকোজির বাড়িতে পুলিশের তল্লাশি
ফরাসি পুলিশ আজ মঙ্গলবার অবৈধ অর্থ সংগ্রহ বিষয়ক এক মামলার তদন্তে সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজির কার্যালয় ও বাড়িতে তল্লাশি চালিয়েছে। বিবিসি অনলাইনে প্রকাশিত এক খবরে আজ বলা হয়েছে, সারকোজির যে আইনি সহায়তা প্রতিষ্ঠানের অংশীদার সেখানেও তল্লাশি চালানো হয়।২০০৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময়ে প্রচারাভিযানের খরচ যোগাতে সারকোজি ফ্রান্সের সবচেয়ে ধনী নারী লিলেন বেটেনকোর্টের কাছে চাঁদা নিয়েছিলেন এ অভিযোগের তদন্তের প্রয়োজনে পুলিশ এ অভিযান চালায়। এর আগে সারকোজি এ বিষয়ে সব অভিযোগ অস্বীকার করেছিলেন।সারকোজির আইনজীবী থিয়েরি হার্জগ সংবাদ সংস্থা এএফপিকে বলেন, বর্তমানে সারকোজি পরিবার নিয়ে কানাডায় ছুটি কাটাচ্ছেন। গত মে মাসে সারকোজি বর্তমান রাষ্ট্রপতি ফ্রাসোয়া ওলাদেঁর কাছে ভোটে হেরে যান। প্রেসিডেন্ট থাকার সময় তার বিরুদ্ধে মামলা স্থগিত করা হয়েছিল। গত জুন মাস থেকে তাঁর বিরুদ্ধে মামলার তদন্ত ফের শুরু হয়। অভিযোগ আছে, সারকোজি নির্বাচনী প্রচার কাজের জন্য বেটেনকোর্টের মাধ্যমে লাখ লাখ ইউরো চাঁদা তুলেছিলেন। ফান্সের আইন অনুযায়ী, কোন ব্যক্তির কাছ থেকে সর্বোচ্চ ৪,৬০০ ইউরো চাঁদা নেওয়া যাবে।