সারত শহরে গাদ্দাফি বাহিনী কোণঠাসা: এনটিসি
মুয়াম্মার গাদ্দাফির অনুগত সেনাদের কোণঠাসা করে ফেলার দাবি করেছে লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি)। কাউন্সিলের কমান্ডার আবদুল সালাম জাভাল্লাহ বার্তা সংস্থা রয়টার্সের কাছে গতকাল সোমবার এ দাবি করেছেন।মুয়াম্মার গাদ্দাফির শক্ত ঘাঁটি বলে পরিচিত সারত শহরে উভয় পক্ষের মধ্যে এখনো যুদ্ধ চলছে। যদিও শহরটিতে যুদ্ধরত এনটিসির কমান্ডার ওমর আবু লিফা দাবি করেছেন, সারতের ৮০ শতাংশ এখন তাঁদের নিয়ন্ত্রণে। তবে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, গাদ্দাফির অনুগত সেনারা পাল্টা জবাব দিচ্ছে। গাদ্দাফির অনুগত সেনাদের সারতের কেন্দ্রে একটি ছোট্ট এলাকায় কোণঠাসা করে ফেলার দাবি করেছে এনটিসি। তাদের পক্ষ থেকে বলা হয়, সারতের পতন ঘটার পরপরই তারা লিবিয়ার স্বাধীনতা ঘোষণা করবে। গত ছয় সপ্তাহ ধরে গাদ্দাফির জন্ম শহর সারতের নিয়ন্ত্রণ নিতে এনটিসির সেনারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তবে তাঁরা এখনো শহরটি পুরোপুরি দখলে নিতে পারেনি। এনটিসির পক্ষ থেকে দাবি করা হয়, গত রোববার তাদের অনুগত সেনারা সারত শহরের প্রধান হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও আলোচিত ওয়াগাদুগোউ সম্মেলন কেন্দ্র দখলে নিয়েছে। এনটিসির কমান্ডার আবদুল সালাম জাভাল্লাহ বলেন, ‘তাঁদের বিরুদ্ধে আমরা হালকা অস্ত্র ব্যবহার করছি। কারণ, এখনো সেখানে অনেক বেসামরিক পরিবার অবস্থান করছে।’এনটিসি দফায় দফায় দাবি করে আসছে, সারতে তাদের সেনারা বিজয়ের দ্বারপ্রান্তে। তবে তারা আকস্মিক হামলার শিকার হচ্ছে।