সারতে বিজয়ের দ্বারপ্রান্তে বিদ্রোহীরা!
লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির জন্ম শহর সারতে তাঁর অনুগতদের সঙ্গে ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) সেনাদের তীব্র লড়াই চলছে। বিদ্রোহীরা দাবি করেছে, চূড়ান্ত লড়ায়ে তারা বিজয়ের দ্বারপ্রান্তে।ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের কমান্ডার কর্নেল আহমেদ এল ওবায়েদ গতকাল শুক্রবার দাবি করেছেন, সারতে বিদ্রোহীদের অভিযান চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এনটিসির সেনারা সারতের কেন্দ্রের দিকে এগোচ্ছে। শহরটি তারা দ্রুত দখল করতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন কর্নেল ওবায়েদ।সারত থেকে আল-জাজিরার টেলিভিশনের প্রতিনিধি জানিয়েছেন, বিদ্রোহী সেনারা সেখানকার একটি সম্মেলন কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে। গাদ্দাফির অনুগতরা ওই সম্মেলন কেন্দ্রের ভেতরে অবস্থান নিয়েছে। তবে বিদ্রোহী সেনারা গাদ্দাফি অনুগত বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে পড়ছে।বিবিসি অনলাইনের খবরে জানানো হয়েছে, সারতের বিভিন্ন জায়গা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। উভয় পক্ষের মধ্যে রাস্তায় রাস্তায় যুদ্ধ চলছে। যুদ্ধে উভয় পক্ষ রকেট, ট্যাংক ও গোলা ব্যবহার করছে। এতে ১২ জন এনটিসি সেনা নিহত এবং ১৯০ জনেরও বেশি আহত হয়েছে।সারতের মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ বলে দাবি করেছে মানবাধিকার সংস্থাগুলো। ইতিমধ্যে হাজার হাজার মানুষ শহরটি ছেড়ে পালিয়েছে। তবে এখনো সেখানে অনেকেই অবস্থান করছে। সারত শহরটি গাদ্দাফির শক্ত ঘাঁটি বলে পরিচিত। প্রায় দুই মাস ধরে শহরটির নিয়ন্ত্রণ নিয়ে উভয় পক্ষের মধ্যে লড়াই চলছে।