সারদা কাণ্ড : আমানতকারীদের সাড়ে ১৮ লাখ আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান সারদা গোষ্ঠীর কাছ থেকে নিজেদের অর্থ ফেরত পেতে ১৮ লাখের বেশি আমানতকারী আবেদন জমা দিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে গঠিত শ্যামল কমিশনে এসব আবেদন জমা দেওয়া হয়। গতকাল সোমবার ওই কমিশন সূত্রে এসব তথ্য জানা যায়। গত ২৯ জুন আবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল বলেও জানায় কমিশন সূত্র। চলতি বছরের এপ্রিলে সারদা গোষ্ঠীর আর্থিক দুর্নীতির খবর ফাঁস হয়। এর পর থেকে ওই গোষ্ঠীর বিভিন্ন আর্থিক প্রকল্পে জমা দেওয়া আমানতকারীরা তাঁদের অর্থ ফেরত পাওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেন। ওই আবেদনের ভিত্তিতে সাবেক বিচারপতি শ্যামল সেনের নেতৃত্বে শ্যামল কমিশন গঠন করে রাজ্য সরকার। সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন পশ্চিমবঙ্গের লাখো মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে যান। পরে পুলিশ জম্মু কাশ্মীর থেকে তাঁকে গ্রেপ্তার করে। বর্তমানে সুদীপ্ত ওই সংস্থার তিন কর্মকর্তাসহ কারাগারে আছেন।