সারদায় প্রশিক্ষণার্থী এসআইয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর সারদায় আজ বুধবার দুপুরে বাংলাদেশ পুলিশ একাডেমির ছয়তলা ভবন থেকে পড়ে প্রশিক্ষণার্থী একজন উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। তাঁর নাম জিয়াউল হক (২৫)। তিনি একাডেমির ৩৩তম বহিরাগত ব্যাচের একজন ক্যাডেট ছিলেন।জিয়াউল হকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভাগ্যবানপুর গ্রামে। তাঁর বাবার নাম সাজ্জাদ বিশ্বাস। ১৭ ফেব্রুয়ারি তাঁর পাসিং আউট হওয়ার কথা ছিল।একাডেমির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশিক্ষণ) সৈয়দ হারুন অর রশিদ জানান, জিয়াউল সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত দুটি ক্লাস করেছেন। এরপর চা-বিরতি দেওয়া হলে তিনি তাঁর ব্যাগ শ্রেণীকক্ষে রেখেই তাঁর ব্যারাকে যান। ২০ মিনিট পর ক্লাস শুরু হলে তিনি আর ফিরে আসেননি। কিছুক্ষণ পর বাইরে বিকট শব্দ শোনা যায়। এরপর ছয়তলা ব্যারাকের নিচে তাঁকে পড়ে থাকতে দেখা যায়। এ সময় তিনি জীবিত ছিলেন। সঙ্গে সঙ্গে তাঁকে একাডেমির হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বেলা একটা ৫০ মিনিটে হাসপাতালে পৌঁছানোর পর চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।জিয়াউলের সহপ্রশিক্ষণার্থীদের বরাত দিয়ে হারুন আরও জানান, রাতে জিয়াউল ঘুমাতে পারছিলেন না। তিনি নিয়মিত কোরআন শরিফ পড়েন না। অথচ আজ সকালে বন্ধুর কাছ থেকে চেয়ে কোরআন শরিফ পড়েছেন। এসব দেখে ধারণা করা হচ্ছে, তিনি স্বেচ্ছায় ছয়তলার ব্যারাকের ছাদ থেকে লাফ দিয়েছিলেন।জিয়াউল প্রশিক্ষণে ভালো করছিলেন জানিয়ে হারুন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম বিভাগে পাস করেছিলেন জিয়াউল।