আরটিভিতে আজ শুরু হচ্ছে ধারাবাহিক নাটক সবুজ গ্রামে নীল ডিশ অ্যান্টেনা। লিখেছেন ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। এ নাটকে অভিনয় করছেন মীর সাব্বির। কথা হলো তাঁর সঙ্গে।‘সবুজ গ্রামে নীল ডিশ অ্যান্টেনা’ নাটকটি নিয়ে কিছু বলুন।নাটকটিতে আমরা কাজ করেছিলাম গত বছরের গোড়ার দিকে, হোতাপাড়ায়। যত দূর জানি, পুরো কাজই শেষ হয়ে গেছে। বউঘাটা গ্রামের দুই বন্ধু সজল আর বাদল। তাদের একজন আরেকজনকে বিপদে ফেলতে চায়। সজল নানাভাবে গ্রামে বাদলের ভাবমূর্তি নষ্ট করে। বাদলেরও একই ভূমিকা। আসলে তাদের দ্বন্দ্ব নিয়েই নাটকের কাহিনি। ঘটে নানা মজার ঘটনা। নাটকে আমার কোঁকড়ানো চুল, আর গায়ের রং একেবারেই কালো। গ্রামের সবাই ডাকে ‘নিগরা বাদল’ বলে।আপনার গায়ের রং তো কালো নয়।কালো মেকআপ নিতে হতো। সারা গায়ে মেকআপ নিতে প্রতিদিন তিন ঘণ্টা সময় লাগত। আর এই মেকআপ রাখতে হতো রাত ১১টা পর্যন্ত।নাটকটিতে কাজ করতে গিয়ে কেমন অভিজ্ঞতা হয়েছিল?একদিন খড়কুটোর ভেতর দুই বন্ধু আমি আর রওনক মারামারি করছি। তখনো বুঝতে পারিনি, সামনে কী ঘটতে যাচ্ছে। শট তো শেষ। কিছুক্ষণ পর দেখি, আমাদের দুজনেরই সারা শরীর ফুলে গেছে আর চুলকাচ্ছে। দুজনই অসুস্থ হয়ে পড়ি। পরিচালক বাধ্য হয়ে সেদিন শুটিং স্থগিত করেন। পরে অবশ্য ধীরে ধীরে ঠিক হয়ে গেছে।আপনার অভিনীত কোন ধারাবাহিকগুলো এখন প্রচারিত হচ্ছে?এটিএন বাংলায় হাওয়াই মিঠাই ও উত্তরাধিকার, এনটিভিতে সবুজ নক্ষত্র এবং চ্যানেল আইতে একলা পাখি। এটিএন বাংলায় শিগগির শুরু হচ্ছে পুত্রশোক আর একুশে টিভিতে রঙ্গিলা।এবার ঈদের কাজের কথা বলুন। আপনি নিজে কিছু পরিচালনা করছেন?দুটি করছি। আমার নিজের লেখা নাটক কুদ্দুস পাগলা। নাম-ভূমিকায় আমিই অভিনয় করছি। এটি প্রচারিত হবে বাংলাভিশনে। আর মাছরাঙা টিভির জন্য তৈরি করেছি টেলিছবি সুমন রাজন মোহন। লিখেছেন কামরুল আহসান।