সারা গায়ে ক্ষত নিয়ে ঘরে ফিরল বাক্সবন্দী মৃত তাসলিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য শৈশব পেরোনো তাসলিমাকে অভাবের তাড়নায় মা-বাবা ঢাকায় পাঠিয়েছিলেন গৃহকর্মী হিসেবে। ভালো খেতে-পরতে পারবে, থাকবে নিজের মেয়ের মতোই—এ আশ্বাস পেয়েই মেয়েকে পাঠাতে রাজি হয়েছিলেন মা হামেদা খাতুন। কিন্তু গত রোববার রাতে কফিনবন্দী তাসলিমাকে নিয়ে তার বাড়ির উঠানে এসে থামে একটি অ্যাম্বুলেন্স। মৃত তাসলিমার শরীরজুড়ে দগদগে ঘা। আর ঢাকা থেকে মুঠোফোনে সেই গৃহকর্তা তাঁদের জানান, জন্ডিস আর কিডনির জটিলতায় আক্রান্ত হয়ে মারা গেছে তাসলিমা আক্তার।তাসলিমার মৃতদেহ দেখে গ্রামের লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তার বাবার অভিযোগের ভিত্তিতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরে সেই অভিযোগটি ঢাকার রমনা থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে নান্দাইল থানার পুলিশ। ময়মনসিংহের নান্দাইলের চানপুর গ্রামের আবুল কালামের ১৪ বছরের মেয়ে তাসলিমা। স্থানীয় মধু মিয়ার মাধ্যমে গত শীতে তাকে ঢাকার নিউ ইস্কাটনের শহীদুল ইসলামের বাড়িতে গৃহকর্মী হিসেবে পাঠানো হয়। গৃহকর্তা শহীদুল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব শাখার সহকারী পরিচালক।তাসলিমার মা হামেদা খাতুনের অভিযোগ, তাঁর মেয়েকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। নির্যাতনকারীদের বিচার দাবি করে নান্দাইল থানা চত্বরে উচ্চ স্বরে বিলাপ করতে করতে বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি।বাক্সবন্দী তাসলিমা: রোববার রাতে বেসরকারি একটি অ্যাম্বুলেন্সে তাসলিমার মৃতদেহ পাঠানো হয় গ্রামের বাড়িতে। লাশ নিয়ে যাওয়ার পর গ্রামবাসী অ্যাম্বুলেন্সচালক জুয়েল মিয়ার কাছে বিভিন্ন তথ্য জানতে চান। চালক জানান, তাঁর প্রতিষ্ঠান তাঁকে একটি রসিদ (রসিদ নম্বর ৫০৫০, আলিফ মেডিকেল সার্ভিস) দিয়ে একটি লাশ ময়মনসিংহের নান্দাইলে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছে। সে সময় লাশের সঙ্গে একজন নারীসহ চারজন লোক আরোহী হিসেবে থাকলেও কিছুক্ষণ পর পর নারীসহ তিনজন ঢাকার বিভিন্ন সড়কে নেমে যান। সেলিম শরীফ নামের একজন শেষ পর্যন্ত লাশের সঙ্গে আসেন। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক শহীদুল ইসলামের পিয়ন। তিনি জানান, রোববার বিকেলে তাঁকে ফোন করে বাসায় যেতে বলেন শহীদুল। সেখানে যাওয়ার পর তাঁকে অ্যাম্বুলেন্সে করে নান্দাইলে যেতে বললে তিনি লাশের সঙ্গে আসেন। মেয়েটি কী করে মারা গেল তার কিছুই তিনি জানেন না বলে দাবি করেন। গৃহকর্তা শহীদুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি প্রথম আলোকে বলেন, ‘মেয়েটি অসুস্থ ছিল। তাকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।’ কী অসুখ ছিল, সে প্রশ্নে তিনি বলেন, ‘কিডনি ও জন্ডিসে আক্রান্ত হয়েছিল।’ তাসলিমার শরীরে নির্যাতনের দাগ প্রসঙ্গে তিনি বলেন, ‘কেউ হয়তো তাকে নির্যাতন করে থাকতে পারে।’ কারা নির্যাতনকারী, জানতে চাইলে শহীদুল বলেন, ‘ভাই, আপনি তো সাংবাদিক, আপনি সবকিছু বুঝতে পারছেন।’ এ কথা বলার পর তিনি আর কিছু বলতে চাননি।অ্যাম্বুলেন্স ভাড়ার রসিদে লেখা মুঠোফোনে যোগাযোগ করলে গৃহকর্তার ছোট ভাই সিরাজুল ইসলাম অ্যাম্বুলেন্স ভাড়া করার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, তাসলিমা তাঁর ভাইয়ের বাসায় কাজ করত। ১৬ এপ্রিল সে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। কীভাবে অসুস্থ হলো, এ প্রশ্নে সিরাজুল ইসলাম জানান, এ নিয়ে রমনা থানায় একটি ডায়েরি করেছিলেন তাঁর ভাই। সেই ডায়েরিতে কারা তাকে নির্যাতন করত, সে কথা উল্লেখ রয়েছে।তবে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলি নোমান জানান, নান্দাইল থানা থেকে বিষয়টি তাঁকে জানানো হয়েছে। গৃহকর্তার পক্ষ থেকে থানায় কেউ অভিযোগ দায়ের করেনি।