সারা ঢাকাই হলিডে মার্কেট!
হকারদের বসার জন্য তিন বছর আগে রাজধানীর কয়েকটি এলাকা নির্ধারণ করে ‘হলিডে মার্কেট’ করা হয়েছিল। তা এখন সারা ঢাকায় ছড়িয়ে পুরো নগরই যেন হলিডে মার্কেট হয়ে গেছে।হকাররা এখন শুধু ফুটপাত নয়, রাস্তাও দখল করে নিয়েছেন।সরকার যানজট নিয়ন্ত্রণ এবং বিদ্যুত্ সাশ্রয়ে বিপণিবিতানের পৃথক বন্ধের দিন চালু করেছে। কিন্তু ফুটপাত ও রাস্তার দোকান যানজটের অন্যতম কারণ হলেও হকার উচ্ছেদের উদ্যোগ নেওয়া হচ্ছে না। তাঁদের দোকানে ব্যবহূত অবৈধ সংযোগও কিছুটা হলেও বিদ্যুত্সংকটে ভূমিকা রাখছে।ঢাকা বিদ্যুত্ বিতরণ কোম্পানি (ডিপিডিসি, সাবেক ডেসা) সূত্র দাবি করেছে, ফুলবাড়িয়া, বায়তুল মোকাররম, নিউমার্কেট, গাউছিয়া মার্কেট, নিউ এলিফ্যান্ট রোড, ফার্মগেট ও মিরপুর এলাকার কিছু বিপণিবিতান থেকে এ ধরনের অবৈধ সংযোগ নেওয়ার তথ্য পাওয়া গেছে।হলিডে মার্কেট: ২০০৭ সালের জানুয়ারিতে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) উদ্যোগে হকার পুনর্বাসনের অংশ হিসেবে হলিডে মার্কেট চালু করা হয়। হকারদের উচ্ছেদ করে প্রথমে পাঁচটি নির্দিষ্ট জায়গায় তাঁদের বিভিন্ন ছুটির দিনে বসার ব্যবস্থা করে দেওয়া হয়। পরে এ সুযোগ আরও কয়েকটি স্থানে সম্প্রসারণ করা হয়। তত্ত্বাবধায়ক সরকারের শেষ দিকে হলিডে মার্কেটের নিয়মকানুন কিছুটা শিথিল হয়ে পড়ে। আর এখন পুরো শহরই কার্যত হলিডে মার্কেট হয়ে গেছে।রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এবং ডিসিসির সূত্রে জানা যায়, হকার উচ্ছেদে অনেক দিন ধরেই কোনো আনুষ্ঠানিক অভিযান চালানো হচ্ছে না। তবে হকাররা অভিযোগ করেছেন, ডিসিসির পরিদর্শক, পুলিশ ও দালালেরা ভয় দেখিয়ে চাঁদা অথবা জিনিসপত্র ‘উপহার’ হিসেবে নিয়ে যান।নাগরিক ভোগান্তি: জাতীয় ক্রীড়া পরিষদের পাশে বায়তুল মোকাররম এলাকায় বুধবার দেখা যায়, ফুটপাতজুড়ে দোকান, তারপর রাস্তায়ও চৌকি পাতা। চৌকির পর আবার রাস্তার ওপরই স্থায়ী স্থাপনার কায়দায় শেকলে বাঁধা পণ্যবাহী ভ্যানের সারি।যানজটে এলাকাটি প্রায় আধঘণ্টা ধরে স্থবির। বিরক্ত একজন রিকশার আরোহী এক হকারকে বললেন, ‘ফুটপাত তো তোমরা নিয়েছই। রাস্তাও দখল করলে। যানবাহন চলবে কী করে?’জবাবে হকার বললেন, ‘এ কথা আপনি বলার কে?’ রিকশার আরোহী প্রতিবাদ জানালে কয়েকজন হকার একজোট হয়ে তাঁকে অপমানজনক বাক্যবাণে বিদ্ধ করেন। এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে রাজধানীর সবখানেই।দখল রোধ ও সৌন্দর্য বাড়ানোর লক্ষ্যে প্রায় চার কোটি টাকা ব্যয়ে রাজধানীর অনেক স্থানে ফুটপাত বরাবর ইস্পাতের মোটা বেড়া বা গার্ড রেলিং দেওয়া হয়েছিল। বেড়াগুলো এখন ব্যবহূত হচ্ছে হকারদের জামাকাপড় রাখা ও হ্যাঙ্গার ঝোলানোর কাজে।পুনর্বাসন-বিড়ম্বনা: ১৯৯৭ সালে ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ ওসমানী উদ্যানে হকার পুনর্বাসনের ব্যবস্থা করলেও উদ্যোগটি শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল। খুব বেশি প্রকৃত হকার সেখানে স্থান পাননি।গুলিস্তান ও বঙ্গবন্ধু এভিনিউ এলাকার সাতটি বিপণিবিতানে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে বলে বিভিন্ন সময় ঢাকা সিটি করপোরেশন জানিয়েছিল। কিন্তু বেশির ভাগ বিপণিবিতানে প্রকৃত হকারেরা স্থান পাননি। কয়েকজন হকারের অভিযোগ, সেখানে জায়গা পেয়েছেন ওয়ার্ড কমিশনারের ও প্রভাবশালী ব্যক্তিদের লোকেরা। অনেক হকার দোকানও পাননি, জমার টাকা ফেরত পেতেও ভুগছেন।‘সম্মিলিত ফুটপাত হকার্স পরিষদ’ হকারদের পুনর্বাসনে নীতি নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি জানিয়ে আসছে। ফুটপাতের হকারদের ওপর অবৈধ চাঁদাবাজি এবং দালাল, মাস্তান ও পুলিশের দৌরাত্ম্য বন্ধ করাও তাদের দীর্ঘদিনের দাবি। কিন্তু কার্যত কিছুই হয়নি।ঢাকা মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘রাস্তা নয় শুধু, ফুটপাতও যাতে বন্ধ না হয় সে ব্যাপারে পুলিশকে কড়া নির্দেশ দেওয়া আছে।’কমিশনার বলেন, এ নির্দেশ পালিত হচ্ছে কি না, তা তাঁরা পর্যবেক্ষণ করবেন।ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন এ ব্যাপারে বলেন, পুনর্বাসনের অংশ হিসেবেই ঢাকায় কয়েকটি স্থানে হলিডে মার্কেট করা হয়েছিল। তিনি বলেন, একবার উচ্ছেদ করলে কিছুদিনের মধ্যে হকাররা আবারও বসে যান।মেয়র খোকা মন্তব্য করেন, হকারদের পুনর্বাসন করে শেষ করা যাবে না। কারণ একদল হকারকে পুনর্বাসন করার পর আরেক দল দাঁড়িয়ে যায়।