সারা দিন ধরনা দিয়ে কৃষকেরা ফিরছেন খালি হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বোরো বীজের সংকট দেখা দিয়েছে। উপজেলায় বিএডিসির বীজ বিপণন কেন্দ্রে বীজ নিতে এসে প্রতিদিন বিভিন্ন এলাকার কৃষকেরা খালি হাতে ফিরছেন। কৃষকদের অভিযোগ, ১০ কেজি ওজনের এক ব্যাগ বীজের সরকারি মূল্য ৩৩০ টাকা হলেও সংকটের সুযোগে ডিলাররা তা বিক্রি করছেন ৩৮০ থেকে ৪০০ টাকায়। আর ডিলাররা বলছেন, টাকা জমা দিয়েও তাঁরা বিএডিসির বীজ পাচ্ছেন না। এ কারণে বেশি দামে বীজ বিক্রি করতে হচ্ছে।উপজেলা বীজ বিপণন কেন্দ্রে গত রোববার বীজ নিতে আসা দলদলিয়ার কৃষক আবদুল মান্নান, তবকপুরের কৃষক বাদল ও রানীগঞ্জ কয়ারপাড়ের মুকল মিয়া, মাঈদুল ইসলাম, তবকপুর কাজলডাঙ্গার আশরাফুল ইসলামসহ অনেকেই জানান, কয়েক দিন ধরে বীজের জন্য ধরনা দিয়েও তাঁরা বীজ পাচ্ছেন না। উলিপুর বাজারের বীজের ডিলার মাসুদ রানা বলেন, ‘গত ১০ অক্টোবর ১০ টন বীজের জন্য বীজ বিপণন কেন্দ্রে টাকা জমা দিয়েছি; কিন্তু সরবরাহ পেয়েছি মাত্র ৫ টন, যা পরদিনই শেষ হয়ে গেছে।’ উপজেলা বীজরক্ষক রইচ উদ্দিন জানান, শুধু বোরো-২৯ জাতের সাড়ে ছয় হাজার কেজি ও ১৪-বিরি জাতের এক হাজার ৫০০ কেজি বীজ পাওয়া গেছে, যা কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। বীজ-সংকটের ব্যাপারে বিএডিসির (বীজ) রংপুর অঞ্চলের উপপরিচালক (বিপণন) ফারুক জাহিদুল ইসলামের কার্যালয়ে ফোন করে তাঁকে পাওয়া যায়নি।