শেয়ারবাজারের লেনদেনে সারা দিন মিশ্রভাব থাকার পর শেষ পর্যন্ত সাধারণ মূল্যসূচক ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৬০২ পয়েন্টে। তবে মোট লেনদেন আজও হাজারের ঘর ছোঁয়নি। দিন শেষে ঢাকা শেয়ারবাজারের (ডিএসই) সর্বমোট লেনদেন দাঁড়িয়েছে ৯৫৯ কোটি টাকার।শেয়ারবাজারে মোট লেনদেন হওয়া ২৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯২টি প্রতিষ্ঠানের, কমেছে ১৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ ছাড়া অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।শেয়ারবাজারে আজ রোববার লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষস্থানীয় পাঁচটি প্রতিষ্ঠানের সর্বশেষ বিক্রিত মূল্য ছিল যথাক্রমে লংকা-বাংলা ফিন্যান্স লিমিটেড ৩৬৭ টাকা, বেক্সিমকো লিমিটেড ৩৮৭ দশমিক ৯ টাকা, বেক্সটেক্স ১০৪ টাকা, সামিট পাওয়ার লিমিটেড এক হাজার ৪২৫ টাকা, গ্রামীণফোন লিমিটেড ৩৫৩ দশমিক ৫ টাকা।এদিকে সপ্তাহের প্রথম দিনের শেয়ারবাজারকে মিশ্র বলে অভিহিত করেছেন প্রাইম ফিন্যান্সের ব্যবস্থপনা পরিচালক আকতার হোসেন। তাঁর মতে, সকাল থেকেই প্রায় সব খাতের শেয়ারের দাম হ্রাস-বৃদ্ধিতে একটা মিশ্রভাব ছিল। বিভিন্ন প্রতিষ্ঠানের লভ্যাংশের ঘোষণা আসার কারণেই আজকের বাজার এমন ছিল বলে বিশ্লেষকেরা মনে করেন।এ ছাড়া শেয়ারবাজারে বিনিয়োগের এখনই উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন আকতার হোসেন। যেসব ব্যাংকের রেকর্ড ডেট শেষ হয়েছে, সেসব শেয়ারের দাম অর্ধেকে নেমে এসেছে বলে জানা গেছে। এখন বিনিয়োগকারীরা একটু বুঝেশুনে বিনিয়োগ করলে তাঁরা লাভবান হবেন বলে জনাব আকতার হোসেন মন্তব্য করেন।