সারা দেশ একদিন জামায়াতের জন্য মুক্ত হবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তাঙ্গনসহ সারা দেশ একদিন জামায়াতের জন্য মুক্ত হবে বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, ‘এখন সরকার মুক্তাঙ্গনে জামায়াতকে কর্মসূচি পালন করতে দিচ্ছে না। কিন্তু সারা দেশ একদিন জামায়াতের জন্য মুক্ত হবে। কীভাবে সেটি করতে হয়, সেই প্রেসক্রিপশন জামায়াতের জানা আছে।’ঢাকা মহানগর জামায়াত কার্যালয়ে আজ শনিবার আয়োজিত এক আলোচনা সভায় মুহাম্মদ তাহের এসব কথা বলেন।অনুষ্ঠানের প্রধান অতিথি জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘পাকিস্তান নয়, প্রতিবেশী দেশের কারণেই আমাদের স্বাধীনতা বিপন্ন হবে। এ কারণেই জীবন থাকতে টিপাইমুখ বাঁধ করতে দেওয়া হবে না। ওই দেশকে করিডর দেওয়া হবে না।’৫ এপ্রিল মুক্তাঙ্গনে জামায়াতের সমাবেশ করতে না দেওয়ার নিন্দা জানিয়ে আজহারুল ইসলাম বলেন, এই সরকার সেদিন বায়তুল মোকাররম মসজিদে গিয়ে কর্মীদের ওপর হামলা চালিয়েছে। পুলিশ মসজিদের অবমাননা করেছে। এর দ্বারাই প্রমাণিত এই সরকার মুসলমানদের বন্ধু নয়।নারীনীতি প্রসঙ্গে আজহারুল ইসলাম বলেন, ‘আমরা নারী উন্নয়নের বিপক্ষে না। কিন্তু নারীনীতি হবে কোরআন-সুন্নাহর পক্ষে। কিন্তু প্রস্তাবিত নারীনীতির বেশির ভাগ ধারাই কোরআনবিরোধী।’ প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে আজহারুল ইসলাম বলেন, ‘সাহস থাকলে প্রমাণ করে দিন, এই নীতির কোন কোন ধারা কোরআনের পক্ষে।’অনুষ্ঠানে সভাপতিত্ব করে ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান। কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মো. তাসনীম আলমসহ মহানগরের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।