বৃষ্টিহীন শ্রাবণ শেষে বৃষ্টি দিয়েই শুরু হলো ভাদ্র মাস। সময়ে দেখা না মিললেও অসময়ের সামান্য বৃষ্টিকে সঙ্গী করেই আমন ধান রোপণে নেমেছেন কৃষক।অন্যদিকে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে আউশ ধান কাটা শুরু হয়েছে। আউশের জনপ্রিয় জাত ‘পারিজা’ কাটতে মাঠে এখন ব্যস্ত বরেন্দ্র অঞ্চলের কৃষকেরা। কৃষি মন্ত্রণালয় আশা করছে, এবার ১২ লাখ ৫০ হাজার হেক্টর জমিতে ২৭ লাখ মেট্রিক টন আউশ ধান পাওয়া যাবে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মনে করছে, চলতি মাসের মধ্যে আউশের বেশির ভাগ ধান কাটা হয়ে যাবে। পারিজা ধানের ফলন সবচেয়ে ভালো হয়েছে। কৃষকের গোলা থেকে তা মাসের শেষ দিকে বাজারে উঠতে শুরু করবে। গত বছর ঘূর্ণিঝড় আইলার কারণে আউশের উৎপাদন মার খাওয়ার পর এ বছর আউশ-চাষিদের জন্য সরকারের পক্ষ থেকে বীজ ও সার বিনা মূল্যে দেওয়া হয়েছে।দেশে চালের চাহিদা পূরণে বোরো থেকে আমনের ওপর নির্ভরশীলতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে কৃষি মন্ত্রণালয়। আমনে এবার গতবারের চেয়ে ১০ লাখ টন বাড়িয়ে ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক কোটি ৪০ লাখ টন। তবে পরিকল্পনা বাস্তবায়নের পথে বড় দুশ্চিন্তার নাম বৃষ্টি।গত বছরের মতো এবারও খরা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট বিভাগগুলোকে কিছুটা প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, সারা দেশে লক্ষ্যমাত্রার ৬৩ শতাংশ জমিতে আমনের চারা রোপণ করা হয়েছে। এ বছর ৫৪ লাখ ৫০ হাজার হেক্টর জমিতে রোপা আমন ও চার লাখ হেক্টর জমিতে বোনা আমনের চাষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।এ বছর আমনে বিআর-৫১ ও বিআর-৫২ নামের দুটি জলমগ্নসহিষ্ণু ধানের জাতের চাষ করছেন কৃষকেরা। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) পক্ষ থেকে কৃষকদের হাতে এই দুটি জাতের বীজ তুলে দেওয়া না হলেও কৃষকেরা নিজ উদ্যোগে তা সংগ্রহ করেছেন। বিএডিসি থেকে এবার ২০ হাজার ৪৪২ টন বীজ সরবরাহ করা হয়েছে। আমনের সবচেয়ে জনপ্রিয় জাত বিআর-১১ সবচেয়ে বেশি সরবরাহ করা হয়েছে। অন্যান্য জাতের মধ্যে রয়েছে বিআর-১০, ২২, ২৩, ৩০, ৩১, ৩২, ৪১ ও বিনা-৭। বীজ শাখার মহাপরিচালক আনোয়ার ফারুক প্রথম আলোকে বলেন, আগামী বছর থেকে বিএডিসির জলমগ্নসহিষ্ণু জাতের বীজ কৃষকদের মাঝে পৌঁছানো সম্ভব হবে।আবহাওয়া বিভাগের হিসাব অনুযায়ী, গত জুলাই মাসে ৩৪ শতাংশ বৃষ্টি কম হয়েছে। আগস্টের প্রথম সপ্তাহ থেকে বৃষ্টি শুরু হলেও তা পুরো মাসের ঘাটতি মোকাবিলা করতে পারবে কি না, তা এখনো নিশ্চিত করে বলতে পারছেন না তাঁরা। উত্তরাঞ্চলের কৃষকেরা এরই মধ্যে গভীর নলকূপ চালু করে আমনের চারা বুনতে নেমেছেন। বিএডিসির ৬৫০টি গভীর নলকূপের মধ্যে কৃষকেরা নিজ উদ্যোগে ৫০টি চালু করেছেন। বাকিগুলো সেপ্টেম্বরের খরার আশঙ্কায় প্রস্তুত রাখা হয়েছে। বরেন্দ্র উন্নয়ন প্রকল্পের ১২ হাজার ৫০০ গভীর নলকূপকে প্রস্তুত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি প্রায় প্রতিবছরই দেশের উত্তর ও মধ্যাঞ্চলে খরা পরিস্থিতির সৃষ্টি হয়। পাবনা, ঠাকুরগাঁও, নাটোর, সিরাজগঞ্জ, দিনাজপুর, ঠাকুরগাঁও, টাঙ্গাইল জেলার গভীর নলকূপগুলোকে যেকোনো সময় চালু করার জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে।