সারা দেশে আজ ওএমএসে চাল বিক্রি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রাজধানীসহ সারা দেশে স্বল্পমূল্যে খোলাবাজারে (ওএমএস) চাল বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে। প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪ টাকা। একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচ কেজি চাল কিনতে পারবেন। সপ্তাহের শুক্র ও মঙ্গলবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চাল বিক্রি করা হবে। সারা দেশে ৪৮৫ জন ডিলারকে এ কাজে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ২৬৫ জন ট্রাকে এবং বাকিরা দোকানে চাল বিক্রি করবেন।রমজান মাস সামনে রেখে এসব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক। গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রী।খাদ্যমন্ত্রী বলেন, ১৬ আগস্ট থেকে শুরু হবে ফেয়ার প্রাইজ কার্ডের (সঠিক দামের কার্ড) মাধ্যমে চাল বিক্রি। এ ক্ষেত্রেও প্রতি কেজি চালের মূল্য হবে ২৪ টাকা। এ ছাড়া ঈদের আগে দুস্থদের মধ্যে ভিজিএফ কার্ড বিতরণ করা হবে।মন্ত্রী আরও জানান, পুরো রমজান মাসে ওএমএস কার্যক্রম চলবে। দোকানের ডিলাররা কেবল সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনায় চাল বিক্রি করবেন। মন্ত্রী বলেন, রমজান মাসে চালের মূূল্য গরিব মানুষের ক্রয়সীমার মধ্যে রাখতে সরকার এই বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে।কার্ডের মাধ্যমে চাল বিক্রির ব্যাপারে মন্ত্রী বলেন, সারা দেশে চার লাখ ৩৩ হাজার ৮৫৭ জনের মধ্যে এই বিশেষ কার্ড বিতরণ করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়ানো হতে পারে।মন্ত্রী বলেন, কার্ডধারীরা মাসে একবার ২০ কেজি চাল কিনতে পারবেন। এ কাজে এরই মধ্যে ৫৩২ জন ডিলার নিয়োগ করা হয়েছে।জানা গেছে, ওএমএস চালের ক্ষেত্রে ডিলাররা ২২ টাকা ৫০ পয়সায় কিনে তা ২৪ টাকায় বিক্রি করবেন। রমজান মাসে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় মোট এক লাখ টন চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। চাল বিক্রি কার্যক্রমে স্বচ্ছতা আনতে ট্রাকে ডিলারদের প্রতিনিধি ছাড়াও খাদ্য পরিদর্শকেরা থাকবেন।খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকার সর্বশেষ ২২ টাকা কেজি দরে ওএমএস চাল বিক্রি করেছিল। সরকারি গুদামে বর্তমানে প্রায় ছয় লাখ টন চাল রয়েছে। এ বছর মোট ১০ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।