ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে ‘উচ্ছেদ’-এর প্রতিবাদে আজ রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। গতকাল শনিবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে যৌথ সভা শেষে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন। বর্তমান সরকারের আমলে এটি বিএনপির ডাকা দ্বিতীয় হরতাল। এর আগে গত ২৭ জুন তারা হরতাল ডেকেছিল।ঈদের ছুটি শুরুর আগ মুহূর্তে হরতাল ডাকায় ঘরমুখো লাখ লাখ মানুষ অনিশ্চয়তা আর চরম দুর্ভোগের আশঙ্কা করছে। যারা রোববার বাড়ি যেতে টিকিট কিনেছিল, তাদের পরদিন নেওয়ার সুযোগ নেই পরিবহন কর্তৃপক্ষের। কারণ, ঈদের দিন পর্যন্ত কোনো দূরপাল্লার বাস, ট্রেন বা লঞ্চের টিকিট নেই। ফলে হরতালের কারণে অনেকের বাড়ি যাওয়া হবে না।এ ছাড়া আজ রোববার সারা দেশে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হওয়ার কথা ছিল। হরতালের কারণে এ দুটো পরীক্ষা স্থগিত করতে হয়েছে। স্থগিত পরীক্ষা ২২ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা তথ্য বিবরণীতে জানানো হয়। পরে ঢাকা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।সংবাদ সম্মেলনে খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, সরকার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে। গায়ের জোরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ক্যান্টনমেন্টের বাসা থেকে তাঁকে বের করে দেওয়া হয়েছে। এ ঔদ্ধত্যের প্রতিবাদে রোববার সারা দেশে হরতাল ডাকা হয়েছে। তিনি শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।খোন্দকার দেলোয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দলের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সারোয়ারি রহমান, আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।এদিকে হরতালের কারণে ঘরমুখো মানুষ পড়েছে বিপাকে। অনেকে টিকিট করেও নিজের বাড়িতে ঈদ করা নিয়ে শঙ্কায় পড়েছে। চট্টগ্রামে কর্মরত একজন সরকারি কর্মকর্তার রংপুরে গ্রামের বাড়িতে বৃদ্ধ মা-বাবার সঙ্গে ঈদ করতে স্ত্রী-সন্তান নিয়ে আজ রোববার রাতে চট্টগ্রাম ছাড়ার কথা ছিল। ট্রেনের টিকিটও করে রেখেছিলেন তিনি। হরতালের কারণে আজ অনুষ্ঠেয় তাঁর মেয়ের জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা পিছিয়ে গেছে। এ কারণে তাঁর গ্রামের বাড়িতে যাওয়া হচ্ছে না।নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা ক্ষোভের সঙ্গে বলেন, ঈদের আগে কেন এই হরতাল? সাধারণ মানুষের কথা কি তারা ভাবে না? তিনি আরও বলেন, ‘খালেদা জিয়াকে তাঁর সেনানিবাসের বাড়ি থেকে ঈদের পর সরিয়ে দেওয়া যেত। ঈদের পর হরতাল ডাকলে আমার সন্তানের পরীক্ষাও পিছিয়ে দেওয়া হতো না। আর মা-বাবার সঙ্গে ঈদ উৎসবে শামিল হতে পারতাম।’আকস্মিক এই হরতালে অনেকে ক্ষোভ প্রকাশ করেছে। সরকার ও বিরোধী দল—উভয়কে সমানভাবে দায়ী করেছে ভুক্তভোগী ব্যক্তিরা। চট্টগ্রামের গৃহিণী সুলতানা শাহীনের বড় মেয়ে জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা দিচ্ছে। আজ অনুষ্ঠেয় গণিত পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ায় তিনি সরকার ও বিরোধী দলকে দায়ী করেন। তিনি প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে ফোন করে বলেন, খালেদা জিয়াকে ঈদের পর সরিয়ে দিলে সরকারের তো কোনো ক্ষতি হতো না। আর পরীক্ষার্থী ও ঈদে ঘরমুখো মানুষের কথা কি বিএনপি চিন্তা করে না?রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট ও চাঁদপুরগামী ট্রেনের আসনসংখ্যা ছয় হাজার ১৬১। হরতাল কর্মসূচির মধ্যে ট্রেন চলাচল সাধারণত বন্ধ থাকে না। তবে যাত্রীদের স্টেশনে পৌঁছানো এবং গন্তব্যে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।হরতালের কারণে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম থেকে দূরপাল্লার সব ধরনের যাত্রীবাহী বাস বাতিল করা হয়েছে। ফলে আজকের যাত্রীরা চরম দুর্ভোগে পড়বে। কারণ, ঈদের আগে বিকল্প কোনো গাড়ির ব্যবস্থা রাখা হয়নি। চট্টগ্রাম দামপাড়ার গ্রিন লাইন কাউন্টারের বিক্রয় কর্মকর্তা মাসুদ পারভেজ খান প্রথম আলোকে বলেন, ‘রোববার ঢাকাগামী আটটি এবং কক্সবাজার ও চট্টগ্রামগামী আরও দুটি গাড়ির যাত্রা আমরা বাতিল করেছি। ঈদের আগে তাঁদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পাঠানোর সুযোগ নেই।’ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে: বিশ্ববিদ্যালয়ের আজ রোববার যেসব পরীক্ষা হওয়ার কথা রয়েছে, সেগুলোর সময় অপরিবর্তিত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক গতকাল রাতে প্রথম আলোকে এ তথ্য জানান।হরতালের আওতামুক্ত: গণমাধ্যম, জরুরি চিকিৎসাসেবা, অ্যাম্বুলেন্স ও লাশবাহী যানবাহন, কোরবানির পশুর হাট, ফায়ার সার্ভিস, গ্যাস-বিদ্যুৎ-পানির মতো জরুরি সার্ভিসের গাড়িগুলো হরতালের আওতামুক্ত থাকছে। গতকাল বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।বাস-মিনিবাস চলবে: বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি এক বিবৃতিতে হরতালের দিন যানবাহন চালানোর ঘোষণা দিয়েছে। সমিতির সভাপতি আশরাফ খান, মহাসচিব খন্দকার এনায়েতউল্লাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহার মাত্র দুই দিন আগে এ ধরনের কর্মসূচিতে ঘরমুখো মানুষের দুর্ভোগ বাড়বে। তাই গণদুর্ভোগ এড়াতে সারা দেশে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রাখতে পরিবহনমালিকদের প্রতি আহ্বান জানানো হয়।হরতালের নিন্দা: ঈদের আগ মুহূর্তে হরতালের নিন্দা জানিয়েছে বিভিন্ন সংগঠন। এসব সংগঠনের মধ্যে রয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় জনতা পার্টি, জাতীয় শ্রমিক লীগ, জাতীয় ঘাটশ্রমিক লীগ, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, বাংলাদেশ অটোরিকশা শ্রমিক লীগ, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি, ঢাকা মহানগর পরিবহন শ্রমিক লীগ, জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগ ও রিকশা মালিক লীগ।