সারা দেশে ঈদ উদযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাসের সংযম আর সিয়াম সাধনা শেষে এসেছে খুশির ঈদ। দেশের মুসলমান সম্প্রদায় আজ মেতে উঠেছে ঈদের আনন্দে। সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে ঈদুল ফিতর। তাদের সঙ্গে যোগ দিচ্ছেন অন্যান্য ধর্মের মানুষও। রাজধানীসহ দেশের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে।ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে হাসপাতাল, এতিমখানা ও কারাগারে উন্নত খাবার পরিবেশন করা হচ্ছে। ঈদ উপলক্ষে রেডিও, টেলিভিশনগুলোতে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানমালা। ঈদের দিনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া।রাষ্ট্রপতি বঙ্গভবনে, প্রধানমন্ত্রী গণভবনে ও খালেদা জিয়া ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে বিদেশি রাষ্ট্রদূত ও মিশন প্রধান, কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।ঈদের নামাজের পর প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ও বিদেশি কূটনীতিকরা। এরপর সর্বস্তরের সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শুরু করেন প্রধানমন্ত্রী। প্রতিবারের মতো এবারও দেশের প্রধান জামাত হয়েছে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে। সকাল থেকেই আবহাওয়া স্বাভাবিক থাকায় জামাত আদায়ে কোনো সমস্যা হয়নি। জাতীয় ঈদগাহ ময়দানে এবার পাঁচ হাজার নারীসহ এক লাখ ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়। অন্যদিকে দেশের প্রথম ঈদ জামাতটি হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। পাঁচটি জামাতে বিপুল সংখ্যক মানুষ সেখানে ঈদের নামাজ আদায় করেন।