সারা দেশে এলপি গ্যাসের দাম বেড়েই চলছে
সারা দেশে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের দাম বেড়েই চলছে। গত এক মাসেই প্রতি সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে ১০০ টাকা পর্যন্ত। এ জন্য বিক্রেতারা গ্যাস সরবরাহকারী কোম্পানিগুলোকে দোষ দিচ্ছেন। তাঁরা বলছেন, কোম্পানিগুলো চাহিদামতো গ্যাস সরবরাহ করছে না।এ অবস্থায় সবচেয়ে ভোগান্তি ও দুর্ভোগে পড়েছেন সাধারণ ক্রেতারা। জ্বালানি বাবদ তাঁদের মাসিক খরচ বেড়ে গেছে। মাসিক আয়ের সঙ্গে রান্নার হিসাব মেলাতে পারছেন না গৃহিণীরা।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সাড়ে ১২ কেজি ওজনের সরকারি এলপি গ্যাসের নির্ধারিত দাম ৬৯০ টাকা, কিন্তু তা বিক্রি হচ্ছে এক হাজার ২৫০ থেকে এক হাজার ৪০০ টাকা পর্যন্ত। অনেক স্থানে সরকারি গ্যাসের সরবরাহও বন্ধ। বেসরকারি বিভিন্ন কোম্পানির একই পরিমাপের সিলিন্ডারের দাম এক হাজার ২০০ টাকার মধ্যে নির্ধারিত থাকলেও তা এক হাজার ২৩০ থেকে এক হাজার ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।খুলনা: খুলনা নগরের যশোর সড়কের আজাদ গ্যাস হাউসের মালিক শিকদার ইসলাম বলেন, ক্লিনহিট ও বসুন্ধরা এক হাজার ২৩০ টাকা এবং টোটাল এক হাজার ২৭০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। কিছুদিন আগেও প্রতিটি গ্যাসে ৫০ টাকা করে বেড়েছে। কাস্টমার অর্ধেক হয়ে গেছে। আর বিপিসির যমুনা লাল সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে এক হাজার ২৫০ টাকায়।নগরের শেখপাড়া বাগানবাড়ি এলাকার গৃহিণী রিনা পারভিন বলেন, ‘গ্যাসসহ সবকিছুর দাম বাড়লেও আমাদের বেতন তো আর বাড়ছে না। ছয় মাস আগেও গ্যাসের সিলিন্ডার এক হাজার টাকা ছিল। এখন তা এক হাজার ২৫০ টাকায় কিনতে হচ্ছে।’গল্লামারী এলাকার এস এম মুজিবর রহমান বলেন, ‘বাজেটে গ্যাসের দাম কমানোর কথা শুনেছিলাম। কিন্তু ঘটল তার উল্টো। এখন বাড়তি খরচের ভোগান্তি কীভাবে সামলাব? যন্ত্রণা শুধু আমাদের মতো মধ্যবিত্তের।’বরিশাল: বরিশাল নগরে বিপিসির এলপি গ্যাসের সিলিন্ডার বিক্রি হচ্ছে এক হাজার ২৬০ টাকায়। এ ছাড়া বসুন্ধরা ও টোটাল এক হাজার ২৮০ টাকা এবং ক্লিনহিট এক হাজার ৩১০ টাকায় বিক্রি হচ্ছে। নগরের কমিরম কুটির এলাকার মো. রোকনুজ্জামান বলেন, ‘সরকারি গ্যাসের দাম কম হলেও সেই সুযোগ থেকে আমরা বঞ্চিত। সরকারি গ্যাসের সরবরাহ বাড়িয়ে সাধারণ মানুষের দুর্ভোগ কমানো উচিত।’অন্যদিকে গৃহিণী শারমিন আক্তার বলেন, ‘ভাড়াবাড়িতে কাঠ ব্যবহারের সুযোগ নেই। সরকারি গ্যাস কোনো দিনই পাইনি। বাধ্য হয়ে বেশি দামে এলপি গ্যাস কিনতে হচ্ছে।’নগরের বটতলা এলাকার গ্যাস বিক্রেতা রুমি ট্রেডার্সের মাঈনউদ্দিন আহম্মেদ বলেন, ‘বেসরকারি কোম্পানিগুলোর একচেটিয়া ব্যবসার কারণেই গ্যাসের দাম দিন দিন বাড়ছে। সরকারি গ্যাসের সরবরাহ কম থাকায় সেই সুযোগও নিচ্ছে বেসরকারি কোম্পানিগুলো।’একই ধরনের বক্তব্য দিয়ে শিতলাখোলা ক্লিনহিট গ্যাসের পরিবেশক বরকত ট্রেডার্সের মালিক মো. মহিউদ্দিন খান বলেন, ‘সরকারি গ্যাসের সরবরাহ কম, যা আসে তা-ও নিয়ে যায় সরকারি লোকজন। যার ফলে বেসরকারি গ্যাসের দাম এত বাড়ছে। দাম কমানোর কোনো উদ্যোগ নেই।’রংপুর: গত ১৫ দিনে এলপি গ্যাসের সিলিন্ডারপ্রতি দাম বেড়েছে ৪০ থেকে ৬০ টাকা। গত মঙ্গলবার রংপুর শহরের খুচরা বাজারে ক্লিনহিট ও বিপিসির যমুনা এক হাজার ৩২০ টাকা, বসুন্ধরা এক হাজার ৩৩০ ও টোটাল গ্যাস এক হাজার ৩৪০ থেকে এক হাজার ৩৫০ টাকায় বিক্রি হয়েছে। শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে দেখা গেছে, প্রতিটি দোকানে গ্যাসের পর্যাপ্ত মজুদ রয়েছে।গ্যাস কিনতে আসা শহরের সেনপাড়ার গৃহিণী মোর্শেদা বেগম বলেন, ‘প্রতি মাসেই এলপি গ্যাসের দাম বাড়ছে। রান্নাবান্না করা কী যে কষ্টকর হয়ে উঠেছে, তা কীভাবে আপনাকে বোঝাই।’যমুনা গ্যাসের স্থানীয় পরিবেশক হাসান বলেন, ‘এলপি গ্যাসের দাম বাড়ানো হচ্ছে ঢাকা থেকে। এই বাড়া না-বাড়ার বিষয়টি পুরোপুরি কোম্পানির ওপর নির্ভর করে।’ টোটাল গ্যাসের বিক্রেতা মনোয়ার হোসেন বলেন, ‘কোম্পানির কারণে জনগণকে মাসে মাসে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে।’বরগুনা: জেলার সর্বত্র সিলিন্ডারপ্রতি এক হাজার ৩০০ টাকা করে গ্যাস বিক্রি করছেন পরিবেশকেরা। শহরের সাহাপট্টি এলাকায় টোটাল গ্যাসের পরিবেশক মেসার্স অসীম সাহা অ্যান্ড ব্রাদার্সের ব্যবস্থাপক বিমল চন্দ্র বলেন, গত মার্চ মাস পর্যন্ত তাঁরা প্রতি সিলিন্ডার গ্যাস এক হাজার ১৭০ টাকা, এপ্রিল মাসে তা এক হাজার ২৭০ এবং জুন মাসের শুরু থেকে এক হাজার ৩০০ টাকা করে বিক্রি করছেন।শহরের কলেজ রোডের বাসিন্দা সেলিম কাওসার বলেন, ‘গত ছয় মাসে প্রতি সিলিন্ডার গ্যাসের মূল্য ৩৫০ থেকে ৪০০ টাকা বেড়েছে। বর্ধিত মূল্যে গ্যাস কিনতে এখন হিমশিম খেতে হচ্ছে।’ পশ্চিম বরগুনার গৃহিণী খাদিজা হ্যাপি বলেন, ‘আমরা এখন সম্পূর্ণ অসহায়। দাম বাড়ার ব্যাপারে কার কাছে জিজ্ঞাসা করব, সে ব্যবস্থাও নেই।’কক্সবাজার: বিপিসির এলপি গ্যাসের সিলিন্ডার কক্সবাজার শহরে বিক্রি হচ্ছে সর্বোচ্চ এক হাজার ৪০০ টাকায়। অন্য তিনটি বেসরকারি কোম্পানির গ্যাস বিক্রি হচ্ছে এক হাজার ৩২০ থেকে এক হাজার ৪০০ টাকায়। গত মঙ্গলবার বিকেলে শহরের অন্তত ২০টি দোকান ঘুরে এই তথ্য জানা গেছে।শহরের গ্যাস সিলিন্ডার বিক্রেতা ছাফা মারোয়া বলেন, গত মাসে জাতীয় বাজেট ঘোষণার আগ পর্যন্ত তিনি ৯৩০ টাকায় প্রতিটি গ্যাস সিলিন্ডার বিক্রি করেছিলেন। এর পর থেকে বেড়ে এক হাজার ৪৭০ টাকায় ওঠে। গত রবি ও সোমবার প্রতি সিলিন্ডার গ্যাস এক হাজার ৩৮০ টাকায় বিক্রি হলেও মঙ্গলবার আরও ২০ টাকা বেশিতে বিক্রি হয়।পরিবেশকেরা কৃত্রিম সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়াচ্ছেন মন্তব্য করে শহরের ফুলবাগ এলাকার গৃহবধূ শায়লা পারভীন বলেন, এক হাজার ৪০০ টাকায় সিলিন্ডার কিনে ১৮-২০ দিনও চালানো যায় না। কারণ, সিলিন্ডারে সাড়ে ১২ কেজি গ্যাস থাকার কথা থাকলেও পাওয়া যাচ্ছে সাত থেকে আট কেজি।টেকপাড়ার পরিবেশক সরওয়ার কামাল বলেন, ‘শহরে প্রতিদিন অন্তত দুই হাজার সিলিন্ডারের চাহিদা। কিন্তু আমরা বিক্রি করছি সপ্তাহে দুই হাজার। ফলে সংকট লেগে থাকে। চট্টগ্রাম থেকে চড়া মূল্যে সিলিন্ডার সংগ্রহ করে এখানকার মানুষের চাহিদা মেটানো হচ্ছে। অন্যথায় সমস্যা আরও বেড়ে যেত।’কক্সবাজার গ্যাস ডিলার সমিতির সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী বলেন, আসন্ন রমজান মাসে কম মূল্যে গ্যাস সিলিন্ডার সংগ্রহ করা না গেলে এই দুর্ভোগ আরও বাড়বে।যশোর: যশোর শহরে বসুন্ধরা এক হাজার ২৩০ টাকা, ক্লিনহিট ও যমুনা এক হাজার ২৫০ টাকা এবং টোটাল এক হাজার ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কের বাসিন্দা আইনজীবী মোস্তফা হুমায়ুন কবির বলেন, ‘২০০০ সালে যখন নতুন সংসার শুরু করি, তখন ৬০০ টাকায় গ্যাস কিনেছি। এখন সেই গ্যাস এক হাজার ২৫০ টাকায় কিনতে হচ্ছে। জিনিসপত্রের দামের সঙ্গে পাল্লা দিয়ে গ্যাসের দামও বেড়েছে।’বান্দরবান: বান্দরবানে উঝমা ফিলিংস ও দেওয়ানজি গ্যাস নামের প্রতিষ্ঠান এলপি গ্যাস সরবরাহ করে। কিন্তু তারা বিপিসির এলপি ও টোটাল গ্যাস চাহিদা অনুযায়ী পাচ্ছে না। বসুন্ধরার গ্যাসও বিক্রি হচ্ছে এক হাজার ৩৮০ থেকে এক হাজার ৪০০ টাকা পর্যন্ত। শহরের রিমীপ্রু মারমা বলেছেন, তিনি এলপি গ্যাস ব্যবহার করলেও এ মাসে না পেয়ে বসুন্ধরা নিয়েছেন। এখন টোটাল ও এলপি কোনোটাই পাওয়া যাচ্ছে না। সরবরাহ নেই বললেও দাম বেশি দিলে দোকানিরা বিক্রি করেন। ফলে তাঁরাও বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন।পটিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের পটিয়া পৌরসভার কলেজ রোডের পটিয়া স্যানিটারি দোকানের স্বপন মজুমদার বলেন, ১৫ দিন আগে সরকারি এলপি গ্যাসের দাম ছিল ৯০০ থেকে ৯৫০ টাকা। বর্তমানে তা বেড়ে হয়েছে এক হাজার ৩০০ টাকা। পটিয়া হাসমহাল সড়কের দোকানদার রামচন্দ্র দে বলেন, এক মাস আগে এক সিলিন্ডার টোটাল গ্যাসের দাম ছিল এক হাজার ১৫০ থেকে এক হাজার ২০০ টাকা। বর্তমানে তা বেড়ে হয়েছে এক হাজার ৩২০ টাকা। গত মাসে দুবার দাম বেড়েছে। ক্লিনহিটের দাম ছিল এক হাজার ২০০ টাকা, বর্তমানে হয়েছে এক হাজার ৪০০ টাকা।মুন্সেফবাজারের মামুন স্টোরের আবুল হোসেন বলেন, ‘সরকারি এলপি গ্যাসের দামই সবচেয়ে বেশি বাড়ছে। অন্য কোম্পানিগুলোর দাম বাড়লে সমস্যা নেই। কিন্তু সরকারিটা বাড়বে কেন।’ তিনি বলেন, যেখানে ২০০ সিলিন্ডার গ্যাস প্রয়োজন, সেখানে ১০-১৫ সিলিন্ডারের বেশি গ্যাস পাওয়া যাচ্ছে না। তাই দাম বাড়ছে।[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আব্দুল কুদ্দুস, কক্সবাজার; আরিফুল হক, রংপুর; এম জসীম উদ্দীন, বরগুনা; সাইফুর রহমান, বরিশাল; বুদ্ধজ্যোতি চাকমা, বান্দরবান, কাজী আবদুল্লাহ, খুলনা; মনিরুল ইসলাম, যশোর; আবদুর রাজ্জাক, পটিয়া (চট্টগ্রাম)]