সারা দেশে ওএমএস চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালের দাম সহনীয় রাখতে আজ বুধবার থেকে দেশের প্রতিটি উপজেলায় খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) কার্যক্রম চালু হয়েছে। খাদ্য ও দুর্যোগ-ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সভাকক্ষে ওএমএস কার্যক্রমের পর্যালোচনা সভায় এ কথা জানানো হয়। সভায় খাদ্য বিভাগের সচিব বরুণ দেব মিত্র সভাপতিত্ব করেন। বৈঠক শেষে খাদ্যসচিব সাংবাদিকদের বলেন, চালের দাম সহনীয় পর্যায়ে কমিয়ে আনতে হলে ওএমএস কার্যক্রম পুরোপুরি সফল করতে হবে। ঢাকা শহর থেকে উপজেলা পর্যায় পর্যন্ত মনিটরিং জোরদার করতে হবে। তিনি ওএমএস কার্যক্রম সফল করতে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। এর আগে ঢাকা শহরের ১০০টি স্থানসহ বিভাগীয় ও জেলা শহর পর্যন্ত ট্রাকে করে ওএমএস চালু করা হয়েছিল। রমজান মাসে চালু হওয়া এ কর্মসূচি ঈদের কারণে কয়েক দিন বন্ধ থাকার পর গত ২৩ সেপ্টেম্বর আবার চালু করা হয়। এ কর্মসূচির আওতায় প্রতি কেজি চালের দাম ২৪ টাকা ধরা হয়েছে। কর্মসূচির আওতায় একজন ব্যক্তি একবারে সর্বোচ্চ পাঁচ কেজি চাল কিনতে পারবেন । সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের চালের মান, ওজন, ক্রেতার অভিমত এবং ওএমএসের জন্য নির্ধারিত স্থানের বিষয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করার দিকনির্দেশনা দেওয়া হয়। এ বিষয়ে কর্মকর্তাদের প্রতিদিন লিখিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। সভায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমদ হোসেন খান, যুগ্ম সচিব খন্দকার আতিয়ার রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।