সারা দেশে জনসংখ্যা বাড়লেও বরিশালে বাড়ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে জনসংখ্যা বাড়লেও বরিশাল বিভাগে বাড়ছে না। সর্বশেষ আদমশুমারিতে দেখা গেছে, এই বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য। কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে এই বিভাগ থেকে অনেক মানুষ উদ্বাস্তু হয়েছে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০১১ সালের আদমশুমারি ও গৃহগণনার প্রাথমিক ফলাফল প্রকাশ করেছে। এতে দেখা যায়, এই বিভাগের পাঁচটি জেলার (বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা ও পিরোজপুর) জনসংখ্যা ৮১ লাখ ৪৭ হাজার। ২০০১ সালে ছিল ৮১ লাখ ৭৪ হাজার। অর্থাৎ, মানুষ না বেড়ে বরং ২৭ হাজার কমেছে। দেশে গড় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩৪ শতাংশ। আর বরিশাল বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য শতাংশ।জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি সিলেট বিভাগে। এই বিভাগে গড় বার্ষিক বৃদ্ধির হার ২ দশমিক ১ শতাংশ। এরপর বেশি বৃদ্ধির হার ঢাকা বিভাগে, ১ দশমিক ৮ শতাংশ। রাজশাহী ও রংপুর বিভাগে বৃদ্ধির হার প্রায় সমান, যথাক্রমে ১ দশমিক ১ ও ১ দশমিক ২ শতাংশ। চট্টগ্রাম বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৪ শতাংশ। খুলনা বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক কম, শূন্য দশমিক ৬ শতাংশ।আদমশুমারির প্রাথমিক ফলাফলে বলা হচ্ছে, ২০১১ সালে বাংলাদেশের জনসংখ্যা ১৪ কোটি ২৩ লাখ। ২০০১ সালে ছিল ১২ কোটি ৪৩ লাখ। অর্থাৎ, ১০ বছরে মানুষ বেড়েছে এক কোটি ৮০ লাখ। বরিশাল ছাড়া অন্য সব বিভাগেই এই ১০ বছরে মানুষ বেড়েছে।বিশিষ্ট জনসংখ্যাবিদ ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) জনসংখ্যা ও জলবায়ু বিভাগের প্রধান কিম স্ট্রিডফিল্ড বলেন, গত এক দশকে বরিশাল বিভাগ থেকে ১০ লাখের মতো মানুষ অন্য কোথাও চলে গেছে।বরিশাল ছাড়ছে মানুষ: জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের (নিপোর্ট) সাবেক পরিচালক (গবেষণা) আহমেদ-আল-সাবির বলেন, গবেষণায় দেখা গেছে, অন্য যেকোনো বিভাগের তুলনায় বরিশাল বিভাগের মানুষের মধ্যে এলাকা ছেড়ে অন্য কোথাও যাওয়ার প্রবণতা বেশি। এখানকার মানুষ ঢাকা ও চট্টগ্রামে বেশি যাচ্ছে।নিপোর্টের ২০০৬ সালের নগর স্বাস্থ্য জরিপে দেখা যায়, ঢাকা মহানগর এলাকার বড় বড় বস্তির বাসিন্দাদের ২৩ শতাংশ এসেছে বরিশালের গ্রাম থেকে। এসব বস্তিতে ঢাকার আশপাশের গ্রামের মানুষের পরই বরিশালের মানুষের সংখ্যা বেশি। একইভাবে চট্টগ্রাম মহানগর এলাকার বস্তিবাসীর ১৩ শতাংশের আদিনিবাস বরিশাল। চট্টগ্রামের বস্তিতে চট্টগ্রামের আশপাশের গ্রামের মানুষের পরই বরিশালের মানুষের সংখ্যা বেশি।কিম স্ট্রিডফিল্ড বলেন, বরিশাল বিভাগের সঙ্গে অন্যান্য বিভাগের জনসংখ্যার তুলনা করলে দেখা যায়, ঢাকা ও চট্টগ্রামের বস্তিতে খুলনা, রাজশাহী, সিলেট, রংপুরের চেয়ে বরিশালের বাসিন্দা অনেক বেশি।ঢাকা ও চট্টগ্রামে আসার বেশ কয়েকটি কারণ উল্লেখ আছে নগর স্বাস্থ্য জরিপ প্রতিবেদনে। ঢাকার বস্তিবাসীর ৬১ শতাংশ কাজের সন্ধানে আদিনিবাস ছেড়ে এসেছে। আরও ভালো কাজ বা চাকরিতে বদলির কারণে এসেছে ২৩ শতাংশ। পারিবারিক নানা কারণে এসেছে ১২ শতাংশ। দেড় শতাংশ মানুষ এসেছে নদীভাঙনের শিকার হয়ে। অন্যরা এসেছে শিক্ষা, বিয়েসহ নানা কারণে।কেন উদ্বাস্তু হচ্ছে: আহমেদ-আল-সাবির বলেছেন, বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর মানুষ কেন এলাকা ছাড়ছে, তা গভীরভাবে খতিয়ে দেখা দরকার।কিম স্ট্রিডফিল্ড বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে এমন হচ্ছে কি না, তা দেখা দরকার। তিনি বলেন, সরকারের কৃষি মন্ত্রণালয়ের মৃত্তিকা সম্পদ উন্নয়ন প্রতিষ্ঠানের গবেষণায় দেখা গেছে, উপকূলে লবণাক্ততা বাড়ছে। সাগরের লোনা পানির প্লাবণ এলাকা বাড়ছে। বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলার অনেক ফসলি জমি লবণাক্ততার কবলে। কৃষি উৎপাদনে এর বিরূপ প্রভাব পড়ছে কি না, তা বিশ্লেষণ করে দেখা দরকার।ছোট হয়ে আসছে ভোলা: উপগ্রহের তথ্যচিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, ভোলার আয়তন কমে যাচ্ছে। অন্যদিকে সরেজমিন দেখা গেছে, জেলার অনেক গ্রাম গত কয়েক বছরে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।পানি উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) উপগ্রহের মাধ্যমে সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করে বলছে, ১৯৭৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত ভোলার মূল ভূ-ভাগ থেকে ২৪০ বর্গকিলোমিটার জমি নদীতে বিলীন হয়েছে। উপগ্রহের চিত্র ব্যাখ্যা করলে দেখা যায়, ভোলার উত্তর-পূর্ব দিকে ভাঙনের প্রবণতা বেশি। পলি জমে কোথাও কোথাও ভোলা বাড়ছে, নতুন চর ভোলার সঙ্গে যুক্ত হয়েছে। তবে ভাঙনের তুলনায় তা অনেক কম।ভোলা সদর উপজেলার ১ নম্বর রাজাপুর ইউনিয়নের উত্তর রাজাপুরের বঙ্গেরচর মৌজায় ২০০৭ সালেও ১৭টি গ্রাম ছিল। ২৭ মে ওই এলাকায় গিয়ে দেখা গেছে, মাত্র তিনটি গ্রাম আছে, বাকি ১৪টি গ্রাম মেঘনা নদীতে বিলীন হয়েছে।নদীভাঙনের শিকার রফিক খান (৫৪) এখন ভোলার রামদাসপুর কাপেরহাট সড়কের ওপর খুপরি ঘরে বসবাস করেন। তাঁর বাড়ি ছিল চর মফিজউদ্দিনে। সেখানে খান বাড়িতে আটটি পরিবার ছিল। ২০০৬ সালে তাঁদের বাড়ি নদীতে চলে যায়। মাঝিরহাটে জমি কিনে বাড়ি তৈরি করেন। এরপর আবার ভাঙনের শিকার হন। এভাবে একে একে চারবার। খান বাড়ির পরিবারগুলো এখন বিচ্ছিন্ন। সফিক খান, সাত্তার খান, জালাল খান এখন পরিবার নিয়ে ঢাকায় থাকেন।ভোলার সাতটি উপজেলার চেয়ারম্যান এবং ২০টি ইউনিয়নের বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি ইউনিয়ন থেকে মানুষ নিয়মিতভাবে ঢাকা বা চট্টগ্রাম যাচ্ছে। তবে সঠিক পরিসংখ্যান কারও কাছে নেই। চেয়ারম্যানদের দেওয়া তথ্য অনুযায়ী, গত পাঁচ-ছয় বছরে প্রায় ১৫ হাজার পরিবার ভোলা ছেড়েছে।