সারা দেশে জামায়াতের সহিংসতা আজও
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে আজ শনিবারও সারা দেশে ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। দেশের বিভিন্ন জায়গায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েকটি জেলায় জামায়াত ও বিএনপির সঙ্গে সংঘর্ষ হয়েছে পুলিশের। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর। চাঁদপুর: দুপুর ১২টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে যোগ দিতে জামায়াত-শিবিরের কয়েক শ নেতা-কর্মী একটি ব্যানার নিয়ে শহরের মিশন রোড এলাকায় মিছিল বের করেন। ট্রাক রোড এলাকায় শিবিরের কার্যালয়ের সামনে তাঁরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এ ছাড়া সেখানে রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেন শিবিরের কর্মীরা। এ সময় শিবিরের হামলায় দুই পুলিশ আহত হয়। চাঁদপুর মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নোয়াখালী :নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা বাজারে গতকাল শুক্রবার বিকেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে আহত কোরবান আলী (১৭) নামের এক কিশোর রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আলাউদ্দিন নিহত কোরবান আলীকে স্থানীয় জামায়াতের সক্রিয় সমর্থক বলে দাবি করেছেন। তবে, নিহতের ভগ্নিপতি শাহজামাল সবুজ প্রথম আলোকে বলেন, তাঁর শ্যালক কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। সবুজ তাঁর সঙ্গে চৌমুহনীতে ইলেকট্রিশিয়ানের কাজ করত। রায়পুর (লক্ষ্মীপুর) :প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দুপুর ১২টার দিকে সোলাখালী ব্রীজের পশ্চিম পাশ থেকে যুবদল নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে রায়পুরের দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে যুবদলের নেতা-কর্মীরা ঝাঁকে ঝাঁকে ইটপাটকেল ও ককটেল ছোড়েন। এ সময় তাঁদের সঙ্গে শিবিরের কর্মীরাও যোগ দেন। এ ঘটনায় পাঁচ পুলিশ আহত হয়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম চৌধুরী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৪টি কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। সিলেট:প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা তিনটার দিকে জামায়াত-শিবিরের দুই শতাধিক নেতা-কর্মী আম্বরখানা মোড়ে জড়ো হয়ে মিছিল করার প্রস্তুতি নেন। কিন্তু মিছিল না করে জড়ো হওয়া জামায়াত-শিবিরের কর্মীরা তিনটি ভাগে ছড়িয়ে পড়েন। তাঁদের অধিকাংশের মুখে ছিল মাস্ক। দরগাগেট এলাকায় ‘বসুন্ধরা মটরস’ শো-রুমের সামনে এসে একটি দল ‘ধর ধর... জয় বাংলা ধর...’ বলে ব্যবসাপ্রতিষ্ঠানে ইটপাটকেল ছোড়ে বসুন্ধরা মোটরসাইকেলের শো-রুমে প্রবেশ করে সামনের সারির ছয়টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিলে ভেতরের আরও ১৬টি মোটরসাইকেল পুড়ে যায়। সেখান থেকে তাঁরা লাইফ কেয়ার ক্লিনিকসহ ২০টি দোকান ভাঙচুর করেন। পূর্ব দরগাগেট এলাকায় সোনালী ব্যাংকের সামনে একটি পাজেরো জিপে আগুন দিয়ে এ দলটি চলে যায়। মটরসের দরগাগেট শাখার ব্যবস্থাপক আতিকুর রহমান বলেন, ২২টি নতুন মোটরসাইকেল ও ১৪টি জেনারেটর পুড়ে তাঁদের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।আম্বারখানা মোড় থেকে দুটো দলের একটি সুবিদবাজার এলাকা এবং অপর দলটি শাহি ঈদগাহ এলাকায় গিয়ে একই সময়ের মধ্যে এলোপাতাড়িভাবে ঢিল ছোড়ে। এ সময় সুবিদবাজারের মার্কেন্টাইল ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ব্যাংক, অগ্রণী ব্যাংক, জীবন বীমা করপোরেশন, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স শাখাসহ শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে ঢিল ছোড়ে ভাঙচুর করা হয়। এ সময় আম্বরখানা থেকে চৌহাট্টায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভাঙচুরকারীদের ছবি তুলতে গেলে ফটোসাংবাকিদকেরও তাড়িয়ে দেওয়া হয়। সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শাহ মো. মুবাশ্বির জানান, আম্বরখানায় তাণ্ডব চালানো একটি দলকে ধাওয়া করে হাউজিং এস্টেট এলাকার পীরমহল্লা থেকে দুজনকে আটক করা হয়েছে। দুজনই শিবিরকর্মী বলে পুলিশ নিশ্চিত হয়েছে। মোটরসাইকেল শো-রুমে আগুন দেওয়া প্রসঙ্গে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ফখরুল ইসলাম বলেন, ‘হরতালের পক্ষে আমাদের একটি মিছিল মটরসাইকেল শো-রুম থেকে প্রায় ২০০ গজ দূরে চলে যাওয়ার পর আগুন ধরিয়ে দেওয়া হয়। আমরা দেখেছি ছাত্রলীগের একটি পক্ষ “জয় বাংলা” স্লোগান দিয়ে আগুন দিতে। আগুনের দায় জামায়াত-শিবিরের ওপর চাপাতেই পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা করেছে ছাত্রলীগ।’ তবে জামায়াত নেতার এ দাবি ভিত্তিহীন বলে জানান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন খান। তিনি বলেন, ‘ছাত্রলীগের কোনো নেতা-কর্মী ওই সময় মাঠে ছিল না। তারা (জামায়াত-শিবির) ঘটনা ঘটিয়ে দায় চাপাচ্ছে ছাত্রলীগের ওপর।’ মংলা (বাগেরহাট):মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনীর উল গিয়াস বলেন, জোহরের নামাজ শেষে শহরে লাঠিসোঁটা নিয়ে ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির। বাগেরহাট জেলা জামায়াতের সেক্রেটারি আবদুল ওয়াদুদ ও মংলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান মানিকের নেতৃত্বে মিছিলটি শহরের তাজমহল রোড এলাকায় পৌঁছালে পুলিশ মিছিলে বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে দুই পুলিশসহ জামায়াত-শিবিরের ২২ নেতা-কর্মী আহত হন। পুলিশ বাগেরহাটের বিষ্ণুপরের এ হাসান কবির ও খুলনার বৈঠাঘাটা উপজেলার নুরুল ইসলাম নামে ছাত্রশিবিরের দুই কর্মীকে আটক করেছে। পিরোজপুর : জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পিরোজপুর শহরের বাইপাস সড়কের পাশে থাকা সাঈদী ফাউন্ডেশনের মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের দিকে যাওয়ার সময় পিরোজপুর সদর উপজেলা পরিষদের কাছ থেকে পুলিশ বাধা দেয়। পুলিশ এ সময় মিছিল থেকে জামায়াত-শিবিরের সাতজন কর্মীকে আটক করে। সাঈদীর ফাঁসির আদেশ হওয়ার পরে পিরোজপুর শহরে জামায়াতের এই প্রথম কর্মসূচি। এদিকে জামায়াতের মিছিল বের হওয়ার খবর শহরে ছড়িয়ে পড়লে শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে জামায়াতকে প্রতিরোধ করার জন্য উপজেলা পরিষদের দিকে যেতে থাকেন। পিরোজপুর সদর থানার উপপরিদর্শক আসাদুজ্জামান জানান, পুলিশি বাধায় জামায়াতের কর্মসূচি পণ্ড হয়ে গেছে। সকালে জিয়ানগর উপজেলার চণ্ডিপুর জমাদ্দার হাট এলাকায় জামায়াতের কর্মীরা মিছিল নিয়ে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেন। এ খবর পেয়ে আওয়ামী লীগের লোকজন একই এলাকায় থাকা স্থানীয় বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুর চালান।