সারা দেশে ঢিলেঢালা হরতাল, আটক ১৭ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মভিত্তিক কয়েকটি দলের ডাকা আজ রোববারের হরতাল বগুড়া, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী ও কুড়িগ্রামে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। সকাল থেকেই হরতালের সমর্থনকারীরা যেখানেই পিকেটিংয়ের চেষ্টা করেছে, সেখানেই তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পিকেটিংয়ের চেষ্টা করায় এই তিন জেলায় এখন পর্যন্ত ১৭ জনকে আটক করেছে পুলিশ। বগুড়া: পুলিশ জানায়, আজ সকালে শহরের খান্দার ও এরুলিয়া এলাকায় হরতালের সমর্থকেরা পিকেটিং ও মিছিল বের করার চেষ্টা করে। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে চারজনকে আটক করেছে পুলিশ।এ ছাড়া সকাল সাড়ে আটটার দিকে শহরের মাটিডালি এলাকায় হরতালের সমর্থকেরা একটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় পুলিশ একজনকে আটক করে।পাঁচজনকে আটক করার বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোজাম্মেল হক প্রথম আলো ডটকমকে বলেন, হরতালে নাশকতা ঠেকাতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। চাঁদপুর: আজ সকাল সাড়ে নয়টার দিকে হরতাল চলাকালে শহরের শপথ চত্বর এলাকায় ‘আমার দেশ’ পত্রিকা পুড়িয়েছে হরতালবিরোধীরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাতটার দিকে পুরানবাজার লোহারপুল এলাকায় পিকেটাররা টায়ারে আগুন ধরিয়ে দিয়ে চাঁদপুর-হাইমচর সড়ক বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাদের ধাওয়া করলে পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তিনজন আহত হন।পুলিশ সুপার আমির জাফর জানান, জেলার বিভিন্ন স্থান থেকে পিকেটিং করার সময় পুলিশ পাঁচজনকে আটক করেছে।এদিকে হরতাল প্রতিহত করতে সকাল আটটায় জেলা আওয়ামী লীগের সভাপতি শামছুল হক ভূঁইয়ার নেতৃত্বে শহরের শপথ চত্বর থেকে একটি হরতালবিরোধী মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে।ব্রাহ্মণবাড়িয়া: আজ সকালে শহরের টি এ সড়কে হরতালের সমর্থনে একটি মিছিল বের হলেও কোথাও জামায়াত-শিবিরের কর্মীদের অবস্থান নিতে দেখা যায়নি। শহরজুড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া সকাল ১০টার দিকে শহরের লোকনাথ দিঘিরপাড় থেকে হরতালবিরোধী মিছিল করে সাধারণ জনতা। পরে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও হরতালের বিপক্ষে খণ্ড খণ্ড মিছিল করেন। এদিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও জেলার অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের সাতজন সমর্থককে আটক করা হয়েছে।নোয়াখালী: আজ ভোরে শহরের সোনাপুর এলাকার কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটাররা পিকেটিং করলেও বেলা বাড়ার পর তাদের কোনো তত্পরতা দেখা যায়নি।তবে হরতালের কারণে শহরের দোকানপাট আংশিক বন্ধ রয়েছে। প্রধান সড়কসহ বেশির ভাগ সড়কই রিকশার দখলে। এদিকে বেলা সাড়ে ১১টার দিকে হরতালের সমর্থনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের আবদুল মালেক উকিল সড়কের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।কুড়িগ্রাম: আজকের হরতাল প্রত্যাখ্যান করে জেলা আওয়ামী লীগসহ ১৪ দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ বেলা ১১টার দিকে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের সংগঠক আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল। পরে জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহযোগিতায় ভ্রাম্যমাণ গণজাগরণ মঞ্চে গণসংগীতের আয়োজন করা হয়। এ গণজাগরণ মঞ্চ কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারীসহ ১০টি পয়েন্টে সমাবেশ করে।রাজশাহী: ধর্মভিত্তিক দলগুলোর ডাকা হরতালের প্রতিবাদে রাজশাহীতে আজ পতাকা মিছিল করেছে তরুণ প্রজন্ম। আজ দুপুর ১২টার দিকে নগরের আলুপট্টিতে গণজাগরণ মঞ্চের ব্যানারে মিছিলটি বের হয়।মিছিলে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন ও শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। মিছিলটি কুমারপাড়া, সাহেববাজার, সোনাদিঘি মোড় হয়ে আবার আলুপট্টিতে গিয়ে শেষ হয়। হরতালবিরোধী এই মিছিল থেকে স্লোগানে স্লোগানে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি করা হয়। একই সঙ্গে রাজশাহীসহ সারা দেশে জামায়াত-শিবিরের কর্মকাণ্ডের প্রতিবাদ ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি করা হয়। মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাফিকুল আলম, জেলা উদীচীর সভাপতি আফতাব আহামেদ, সাধারণ সম্পাদক আলমগীর মালিক, নাট্যব্যক্তিত্ব কামার উল্লাহ সরকার প্রমুখ।