সারা দেশে ঢিলেঢালাভাবে হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-জামায়াতের ডাকা হরতাল গতকাল সোমবার সারা দেশে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। দ্বিতীয় দিনের হরতালে গতকাল সিরাজগঞ্জ ও কুড়িগ্রাম শহরে হরতাল-সমর্থকদের সঙ্গে হরতালবিরোধীদের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়। বরিশালে পুলিশের লাঠিপেটায় মহানগর বিএনপির সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ারসহ ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বরিশাল ও যশোরে ৩৬টি যানবাহনে ভাঙচুর চালিয়েছে হরতাল-সমর্থকেরা।আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ বরিশাল, বরগুনা, রাজশাহী, নোয়াখালী ও যশোর থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৩৩ জন নেতা-কর্মীকে আটক করেছে। সংঘর্ষে আহত ২০: ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা গতকাল বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ সরকারি কলেজ সড়ক দিয়ে হরতালবিরোধী মিছিল নিয়ে বিএনপির কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় সেখানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এসে ছাত্রলীগ ও যুবলীগের মিছিলে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ ইবি রোড ও কলেজ রোড এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। পুলিশ শটগানের নয়টি গুলি, কাঁদানে গ্যাসের একটি শেল নিক্ষেপ এবং লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশের উপপরিদর্শক (এসআই) সেলিম, দুজন কনস্টেবল এবং উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। দুপুর সাড়ে ১২টার দিকে দ্বিতীয় দফায় উভয় পক্ষের লোকজন শহরের ইলিয়ট সেতুর ওপর সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান অভিযোগ করেন, ‘সকালে হরতালের সমর্থনে আমাদের মিছিল কালীবাড়িতে পৌঁছানোর পর আওয়ামী লীগের কর্মীরা হামলা চালায়। এতে আহত পাঁচজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার পর আওয়ামী লীগের কর্মীরা পুলিশের সামনে আমাদের কার্যালয় ভাঙচুর করে।’ কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অলোক সরকারের পাল্টা অভিযোগ, ‘বিএনপির নেতা-কর্মীরা আমাদের ওপর হামলা চালিয়েছে। এতে স্বেচ্ছাসেবক লীগের নেতা মিঠুসহ পাঁচজন আহত হয়েছে।’ বিএনপির কার্যালয় ভাঙচুর প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বিএনপির লোকজন নিজেদের কার্যালয় ভাঙচুর করে আমাদের ওপর দায় চাপাচ্ছে। হরতাল সফল না হওয়ায় তারা এই অপকৌশল গ্রহণ করেছে।’পুলিশের সামনে ভাঙচুর প্রসঙ্গে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল হক বলেন, ‘আমরা ভাঙচুরকারীদের থামানোর চেষ্টা করেছি।’পুলিশের লাঠিপেটায় আহত ২০: বিএনপির নেতাদের অভিযোগ, বরিশাল নগরের সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে ও নতুন বাজার এলাকায় গতকাল পুলিশের লাঠিপেটায় সাংসদ মজিবর রহমান সরোয়ার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম শাহীন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও কাউন্সিলর মীর জাহিদুল কবিরসহ অন্তত ২০ জন আহত হন।আটক ৩৩: আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গতকাল বরিশাল মহানগরে চারজন, বরগুনায় চারজন, রাজশাহী মহানগরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের তিনজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। একই অভিযোগে গতকাল ও আগের দিন রোববার নোয়াখালী জেলায় ১৩ জন এবং যশোর জেলায় নয়জন নেতা-কর্মীকে আটক করা হয়।আটক নেতাদের মধ্যে রয়েছেন: রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, শাহমখদুম থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মতিন, যশোর পৌর বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান, বরিশাল কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি পারভেজ আকন এবং বরগুনার বামনা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।রাজশাহীর বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) সইবুর রহমান জানান, আটক তিনজনকে ৪ জুন হরতালের সমর্থনে বের করা মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।এ ছাড়া হরতালের সময় সিরাজগঞ্জে চারজনকে এবং গাজীপুরের টঙ্গীতে একজনকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। জামালপুরে পাঁচজনকে জরিমানা করা হয়েছে।৩৬টি যানবাহন ভাঙচুর: বরিশাল নগরের নতুন বাজার ও হাসপাতাল রোড এলাকায় গতকাল বিএনপির নেতা-কর্মীরা ট্রাক, টেম্পো, অটোরিকশাসহ ৩০টি যানবাহনে ভাঙচুর চালান। হরতালের প্রথম দিন রোববার রাত সাড়ে আটটার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে হরতালের সমর্থক কয়েকজন লাঠিসোঁটা নিয়ে সাধারণ লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। ওই সময় তারা একটি ট্রাকের গ্লাস, ব্যাটারিচালিত তিনটি ইজি বাইক ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। [প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ ও বরগুনা; বরিশাল, যশোর ও নোয়াখালী অফিস এবং জামালপুর ও শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি]