সারা দেশে দফায় দফায় লোডশেডিং শুরু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাসহ সারা দেশে দফায় দফায় লোডশেডিং শুরু হয়েছে। বিশেষ করে দিনের বেলায়, এলাকাভেদে চার থেকে পাঁচবার লোডশেডিং হচ্ছে। অনেক এলাকায় দিনের শুরুতেই, একেবারে ভোরবেলা থেকে লোডশেডিং শুরু হয়। রাতে শহরাঞ্চলে লোডশেডিং দুবারের বেশি হচ্ছে না। তবে গ্রামাঞ্চলের কথা আলাদা। সেখানে কোথাও কোথাও এখনো একটানা চার-পাঁচ ঘণ্টা এবং প্রতিদিন ছয়-সাতবার লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এবং ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই খবর পাওয়া গেছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ সেপ্টেম্বর জাতীয় সংসদে বলেছিলেন, মানুষ যাতে অতীতের লোডশেডিংয়ের যন্ত্রণার কথা ভুলে না যায়, সে জন্য তিনি প্রতিদিন দুবার করে লোডশেডিং করার নির্দেশ দিয়েছেন।পিডিবি সূত্র জানায়, তাদের হিসাবে বর্তমানে প্রতিদিন বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় সাড়ে ছয় হাজার মেগাওয়াট। দৈনিক সর্বোচ্চ উৎপাদন (রাতের বেলা) করা হচ্ছে সাড়ে পাঁচ হাজার মেগাওয়াটের মতো। এক হাজার মেগাওয়াট ঘাটতি থাকলে তা দুবার লোডশেড করে পূরণ করা যায় না।‘ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট’-এর নামে প্রতিদিন সর্বোচ্চ চাহিদার সময় শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে যে এক হাজার মেগাওয়াটের বেশি লোডশেড করা হচ্ছে, তা ওই হিসাবের বাইরে রাখা হয়েছে। বর্তমানে দিনের বেলায় প্রতিদিন সর্বোচ্চ চাহিদা থাকে সাড়ে পাঁচ হাজার মেগাওয়াটের মতো। দিনের বেলায়ও চাহিদার তুলনায় এক হাজার মেগাওয়াট কম উৎপাদন করা হয়। ফলে এক হাজার মেগাওয়াটের ঘাটতি দুবার লোডশেড করে পূরণ করা সম্ভব হয় না।তার ওপর জ্বালানিসংকটের কারণে উৎপাদন একটু হিসাব করেই করতে হচ্ছে। বিশেষ করে, প্রায় এক মাস ধরে সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু করার পর বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের সরবরাহ প্রায় ১৫ কোটি ঘনফুট কমে গেছে। ফলে গ্যাসভিত্তিক কেন্দ্রগুলোতে উৎপাদন কমেছে প্রায় ৮০০ মেগাওয়াট। এ ছাড়া প্রায় এক হাজার মেগাওয়াট ক্ষমতার গ্যাসভিত্তিক কেন্দ্র মেরামত-রক্ষণাবেক্ষণে আছে। তেলভিত্তিক কেন্দ্রগুলো চালানোর জন্য গত রমজান মাসের মতো এখনো প্রতিদিন প্রায় ৩০ কোটি টাকার জ্বালানি তেল কেনা হচ্ছে। কিন্তু গ্যাসের সরবরাহ কমায় উৎপাদন কমে গেছে। অথচ গরমের কারণে চাহিদা এখনো বেশি। ফলে সর্বত্র লোডশেডিং বেশিই হচ্ছে। পিডিবি সূত্র জানায়, গরমের কারণে আরও মাস খানেক এই অবস্থা চলতে পারে।গতকাল বুধবার দিনের বেলায় ঢাকাতেই লোডশেডিং করা হয়েছে প্রায় ৩০০ মেগাওয়াট। ডিপিডিসির এলাকায় প্রায় ২০০ এবং ডেসকোর এলাকায় প্রায় ১০০ মেগাওয়াট লোডশেড করা হয়েছে। এ ছাড়া কোনো কোনো এলাকায়, বিশেষ করে শ্যামলী, শেখেরটেকসহ বৃহত্তর মোহাম্মদপুর, কল্যাণপুর, নারিন্দা প্রভৃতি এলাকায় বিতরণ ব্যবস্থা অত্যধিক মাত্রায় ‘ওভারলোডেড (ক্ষমতার চেয়ে বেশি বিদ্যুৎ বিতরণ হওয়ার অবস্থা)’ থাকায় লোডশেডিংয়ের সঙ্গে বিদ্যুৎ বিভ্রাটও যুক্ত হয়ে প্রতি দুই-এক ঘণ্টা পর পরই বিদ্যুতের আসা-যাওয়া চলতে থাকে। বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর গ্রাহকসেবার মান অত্যন্ত নিম্নগামী হওয়ায় বিদ্যুৎবিভ্রাট মোকাবিলায় সময়মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে গ্রাহকের দুর্ভোগ বাড়ছে।