সারা দেশে ধরপাকড় অব্যাহত, গ্রেপ্তার ১০০
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের আজ সোমবারের সমাবেশকে কেন্দ্র করে সারা দেশে ধরপাকড় চলছেই। শেষ খবর পাওয়া পর্যন্ত সাতক্ষীরা, কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, ভোলা ও রাজবাড়ীতে ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।সাতক্ষীরা: গতকাল রোববার রাত ১০টার দিকে সাতক্ষীরা শহরের শহীদ কাজল সরণিতে ঢাকাগামী দুটি পরিবহনে তল্লাশি চালিয়ে ৪২ জনকে আটক করে পুলিশ। জেলা জামায়াতের সেক্রেটারি নূরুল হুদাসহ আটক ব্যক্তিরা জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত বলে পুলিশ দাবি করেছে। আটক ব্যক্তিদের পৃথক তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার সকাল নয়টার দিকে আদালতে পাঠানো হয়েছে।গ্রেপ্তার হওয়া সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি নূরুল হুদা প্রথম আলো ডটকমকে বলেন, সমাবেশে যোগ দিতে তাঁরা ঢাকায় যাচ্ছিলেন। হয়রানি করার জন্য ঢাকাগামী পরিবহনে তল্লাশি চালিয়ে পুলিশ তাঁদের ৪২ জনকে আটক করেছে বলে তিনি দাবি করেন।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি, এলাকায় দাঙ্গা, পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে করা আগের বিভিন্ন মামলায় আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হয়েছে।কুষ্টিয়া: কুষ্টিয়ায় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে মডেল থানার পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ১১টার দিকে কুষ্টিয়া কেন্দ্রীয় বাস-টার্মিনাল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, জামায়াতের নেতা-কর্মীরা কুষ্টিয়ায় কেন্দ্রীয় বাস-টার্মিনাল এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা করছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। ঘটনাস্থল থেকে জামায়াতের ১১ জন নেতা-কর্মীকে আটক করে পুলিশ। আগের একটি মামলায় পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি ছয়জনকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।নারায়ণগঞ্জ: জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের ১১ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।ভোলা: ভোলার সাত উপজেলার বিভিন্ন লঞ্চঘাট ও ফেরিঘাটে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াতের ২১ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। ঢাকায় সমাবেশে যাওয়ার প্রস্তুতিকালে তাঁদের আটক করা হয় বলে ভোলার পুলিশ সুপার বশির আহমেদ প্রথম আলো ডটকমকে জানিয়েছেন।রাজবাড়ী: রাজবাড়ীর তিনটি উপজেলায় গতকাল রাতে অভিযান চালিয়ে বিএনপির ১৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ অভিযোগ করেন, আটক দলীয় নেতা-কর্মীদের নামে হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়েছে।(প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন সাতক্ষীরা, কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, ভোলা ও রাজবাড়ী প্রতিনিধি)