সারা দেশে নিরাপত্তা জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধের বিচার শুরুর প্রাক্কালে সরকার সারা দেশের নিরাপত্তাব্যবস্থা জোরদারের উদ্যোগ নিয়েছে। গতকাল রোববার থেকে রাষ্ট্রের সব ‘অতিগুরুত্বপূর্ণ’ ও ‘গুরুত্বপূর্ণ’ ব্যক্তি, বিচারকাজ-সংশ্লিষ্ট ব্যক্তি, কূটনৈতিক এলাকা এবং স্পর্শকাতর স্থাপনার নিরাপত্তা বাড়ানো হয়েছে।গতকাল সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে একাধিক গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যুদ্ধাপরাধের বিচার সামনে রেখে সারা দেশে, বিশেষ করে রাজধানীতে নাশকতার আশঙ্কা ব্যক্ত করা হয়। এরপরই নিরাপত্তাব্যবস্থা ঢেলে সাজানোর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। পুলিশ সদর দপ্তর এবং ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে গতকালই চিঠি দিয়ে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিরোধী রাজনৈতিক দলের ‘প্রকাশ্য ও গোপন’ তৎপরতার ওপর নজরদারি বাড়ানোর কথাও রয়েছে চিঠিতে। অন্যদিকে আইনমন্ত্রী শফিক আহমেদ গতকাল সচিবালয়ে এবং রাতে নিজের বাসায় অ্যাটর্নি জেনারেলসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। নতুন সাক্ষ্য আইন তৈরি, ফৌজদারি কার্যবিধি পর্যালোচনা, তথ্য-উপাত্ত সংগ্রহ, কোন তথ্য কী প্রক্রিয়ায় গ্রহণ করা হবে—এসব আইনগত খুঁটিনাটি দিক এতে পর্যালোচনা করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দেশের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করা হয়। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার প্রধানেরা উপস্থিত ছিলেন। এ সম্পর্কে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে বৈঠকে অংশগ্রহণকারীদের সূত্রে জানা গেছে, সন্দেহভাজন যুদ্ধাপরাধীরা যাতে পালিয়ে না যায়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে বলা হয়েছে। সীমান্তে বাড়তি নজরদারির জন্য বিডিআরকে সতর্ক করা হয়েছে। বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে সতর্ক রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। এই বৈঠক শেষে পুলিশের পক্ষ থেকে দেওয়া চিঠিতে বলা হয়, যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে স্বার্থান্বেষী মহল নাশকতা চালাতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। এ জন্য বিচার-প্রক্রিয়ার সঙ্গে জড়িত বিচারক, ট্রাইব্যুনাল, তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেলের সব সদস্যের নিরাপত্তাব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল ঢাকা মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক এক চিঠিতে ‘স্বাধীনতাবিরোধী অপশক্তি’ হিসেবে চিহ্নিত রাজনৈতিক দলের নেতাদের ওপর নজরদারি বাড়াতে বলেছেন। মহানগর পুলিশের সব অপরাধ বিভাগ, ট্রাফিক বিভাগ, প্ররক্ষা ও কূটনৈতিক এলাকার দায়িত্বে থাকা চ্যান্সারি বিভাগের উপকমিশনারের কাছে এ চিঠি পাঠানো হয়।কমিশনারের চিঠিতে গুরুত্বপূর্ণ স্থাপনা ও সেবামূলক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা বাড়ানো, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তারের জন্য অভিযানসহ ১৪ ধরনের সতর্কতার কথা উল্লেখ করা হয়েছে। আজ ট্রাইব্যুনালের কাজ শুরু: গতকাল কার্যালয়ে বসেছেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম এবং দুই সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীর ও এ কে এম জহির আহমেদ। কার্যালয়ে ছিলেন তদন্তকারী সংস্থার প্রধান আবদুল মতীন ও মো. আবদুর রহিম। এ সময় প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল ও সানজিদা খাতুনও উপস্থিত ছিলেন। বিচারপতি নিজামুল হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা বিচারপতি, আমাদের অনুভূতি নেই। বিচারকাজ পরিচালনা করে আসছি, করছি, ভবিষ্যতেও করব।’৩৯ বছর দেরিতে বিচার শুরুর প্রশ্নে তিনি বলেন, ‘বিচার বিলম্বের বিষয় নয়। বিচার সবার জন্যই সমান। আমাদের দায়িত্ব বিচারকাজ পরিচালনা করা।’ তিনি গণমাধ্যমসহ সবার সহযোগিতা চান।আইনমন্ত্রী শফিক আহমেদ ও প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে সদস্যকক্ষ, এজলাস, তদন্ত সংস্থা, চিফ প্রসিকিউটর ও মিডিয়া কক্ষ পরিদর্শন করেন। এ সময় আইনমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘বিচারের সময়সীমা বেঁধে দেওয়া যায় না।’ প্রধান তদন্ত কর্মকর্তা আবদুল মতীন সাংবাদিকদের বলেন, যে কেউ অভিযোগ করতে পারবে। তবে এর সত্যতা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া সংস্থা নিজস্ব গতিতে দেশি-বিদেশি পত্রপত্রিকা, আর্কাইভ, ভিডিওচিত্র, ছবি ও দালিলিক প্রমাণ সংগ্রহ করবে। প্রয়োজন হলে মাঠপর্যায়েও যাওয়া হবে। এসব বিশ্লেষণের পর অভিযোগের ভিত্তিতে দোষীদের বিচারের মুখোমুখি করা হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশ দেওয়া হবে। সে লিখিত বক্তব্য দেওয়ার সুযোগ পাবে। ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে তাকে গ্রেপ্তার করা যাবে বলেও জানান প্রধান তদন্ত কর্মকর্তা।গ্রেপ্তার বিষয়ে ফৌজদারি কার্যবিধি ও সাক্ষ্য আইনের বিধান ট্রাইব্যুনাল আইনে অনুপস্থিত। এ জন্য আইন অনুযায়ী বিধি প্রণয়নের কথাও জানান তিনি।