সারা দেশে পাঠ্যপুস্তক উৎসব শুরু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরের প্রথম দিন আজ শনিবার থেকে শুরু হয়েছে পাঠ্যপুস্তক উৎসব। সকালে মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। কেন্দ্রীয়ভাবে এ উৎসবের আয়োজন করা হয়েছে। সারা দেশে বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের উদ্যোগে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে।আজ থেকে সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হবে বিনা মূল্যের নতুন পাঠ্যবই। সরকার আজকের দিনটিকে ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’ হিসেবে পালন করছে। সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়া হবে।প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিদ্যালয় এবং মাদ্রাসার মোট তিন কোটি ২২ লাখ ৩৬ হাজার ৩২১ জন শিক্ষার্থীর হাতে আজ বই তুলে দেওয়ার ঘোষণা ছিল। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বলছে, এ লক্ষ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ কোটি ২০ লাখ পাঠ্যবই পৌঁছে দেওয়া হয়েছে। প্রথম দিনই সবার হাতে বই তুলে দেওয়ার চেষ্টা থাকবে। তবে এ উত্সব এক সপ্তাহ চলবে। এর মধ্যে সবার হাতে বই পৌঁছে যাবে। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।