সারা দেশে বিএনপির মানববন্ধন আজ
বিভিন্ন স্তরের নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে আজ বুধবার সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করছে বিএনপি। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় ও জেলা শহরে এই কর্মসূচি পালন করা হবে।ঢাকায় গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেবেন। গত হরতালের দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, সাংসদ শহীদ উদ্দীন চৌধুরীসহ দেশের বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে এ কর্মসূচি ডাকা হয়।বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, বিএনপি শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করতে চায়। এই কর্মসূচিতে বাধা দেওয়া হলে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে বাধা এলে এর দায়ও সরকারকে বহন করতে হবে।কর্মসূচি সম্পর্কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেন, আইনশৃঙ্খলা যাঁরা বিঘ্নিত করবেন, তাঁদের বিরুদ্ধে যা যা করা প্রয়োজন, সরকার তা-ই করবে। যুদ্ধাপরাধীদের পক্ষে যাঁরা কথা বলবেন, সরকার তাঁদের কাউকেই ছাড় দেবে না।