সারা দেশে বিএনপির মানববন্ধনে পুলিশের বাধা: নিহত ১, আহত ৪০
মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় নেতা ও সর্বস্তরের কর্মীদের মুক্তির দাবিতে আজ দেশের বিভিন্ন স্থানে বিএনপির মানববন্ধন কর্মসূচি পুলিশের বাধা এবং লাঠিচার্জে পণ্ড হয়ে গেছে। এ ঘটনায় একজন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।আজ বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত চলা দেশের বিভিন্ন স্থানে বিএনপির এ মানববন্ধন কর্মসূচিতে পুলিশ বাধা দেয়।নওগাঁ প্রতিনিধি জানিয়েছেন, নওগাঁয় বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নিতে এসে আজ এনামুল হক (৪৫) নামে বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়।জেলা বিএনপির নেতা-কর্মীরা এ ঘটনার জন্য ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের দায়ী করে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।সমাবেশে বক্তারা বলেন, তাঁরা শান্তিপূর্ণভাবে শহরের ব্রিজের মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করতে গেলে পুলিশ তাতে বাধা দেয় এবং একপর্যায়ে তাঁদের ব্যানার কেড়ে নিয়ে মানববন্ধন কর্মসূচি পণ্ড করে দেওয়া হয়। এ সময় বাধা দিতে গেলে পুলিশ বিএনপির নেতা কর্মীদের ওপর লাঠিচার্জ করে।বরিশাল অফিস জানিয়েছে, বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতা-কর্মীরা সকাল সাড়ে নয়টার দিকে দলীয় কার্যালয়ে জড়ো হন। পরে সকাল ১০টায় সদর রোড অশ্বিনীকুমার হল চত্বরে মানববন্ধন কর্মসূচি পালনের জন্য প্রস্তুতি নিলে পুলিশ এতে বাধা দেয়। পরে নেতা-কর্মীরা সংক্ষিপ্তভাবে কর্মসূচি পালন করে ওই স্থান ত্যাগ করে নগরের ফজলুল হক এভিনিউ এলাকায় মানববন্ধন সমাবেশ করেন।সাতক্ষীরা থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, পুলিশের বাধার মুখে সাতক্ষীরায় বিএনপির মানববন্ধন কর্মসূচি পণ্ড হয়ে গেছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির সাতক্ষীরা জেলা শাখা শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে মানববন্ধন কর্মসূচি আয়োজনের চেষ্টা করলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।এর প্রতিবাদে তাঁরা বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইফতেখার আলী সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অভিযোগ করেন, গত ২৭ জুন বিএনপির ডাকা হরতালে সারা দেশে বিএনপির কয়েক শ নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে। এর প্রতিবাদে তাঁরা আজ সকাল সাড়ে ১০টার দিকে শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে মানববন্ধন কর্মসূচি শুরু করলে পুলিশ বাধা দেয়।বগুড়া থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, মানববন্ধন কর্মসূচি পালন করতে আজ বেলা ১১টা থেকে শহরের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা বিএনপি অফিসের সামনে সমবেত হন।দুপুর ১২টায় নবাববাড়ী সড়কে বিএনপির কার্যালয়ের সামনে থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে শহরের সাতমাথায় আসার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়। এ নিয়ে নেতাদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে নেতা-কর্মীরা পুলিশের ওপর ঢিল ছুড়লে জহুরুল ইসলাম নামের এক পুলিশের এক সদস্য আহত হন।পরে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এ সময় বিএনপির নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ১০-১৫ মিনিট পাল্টাপাল্টি ধাওয়া চলে। পরে পুলিশ পিছু হটলে নেতা-কর্মীরা আবারও সমবেত হয়ে শহরের নবাববাড়ী সড়কে বিক্ষোভ মিছিল করেন। পুলিশের লাঠিচার্জে বিএনপির সাংসদ হাফিজুর রহমান ও মোস্তফা আলী এবং সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদারসহ ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।জয়পুরহাট প্রতিনিধি জানিয়েছেন, আজ জয়পুরহাটের মানববন্ধন কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের ঘটনায় বিএনপির ১০জন নেতা-কর্মী আহত হয়েছেন। সকাল সোয়া ১০টায় শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালনের সময় পুলিশ বাধা দিলে বিএনপির নেতা-কর্মীরা তাত্ক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেন। মিছিলে পুলিশ বিনা উসকানিতে তাঁদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশ নেতা-কর্মীসহ জেলা বিএনপির অফিস প্রায় ঘণ্টা ঘেরাও করে রাখে।ঝিনাইদহ থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, ঝিনাইদহে পুলিশী বাধার মুখেও বিএনপির মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সকাল ১০টার দিকে পোস্ট অফিস মোড়ে নির্ধারিত কর্মসূচি থাকলেও পুলিশের বাধার মুখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে বিএনপি। পুলিশ নেতা-কর্মীদের মানববন্ধনে বাধা দেয় বলে বিএনপি অভিযোগ করে।সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানিয়েছেন, পুলিশের বাধার কারণে সৈয়দপুরে বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন করতে পারেনি। আজ বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শহীদ ডা. জিকরুল হক সড়কে বিএনপির কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের অবস্থান দেখে বিএনপির নেতা-কর্মীরা কার্যালয়ের সামনে আসেননি। ফলে কর্মসূচি ভণ্ডুল হয়ে যায়। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ওপরের নির্দেশে মানববন্ধন কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।ফরিদপুর অফিস জানিয়েছে, আজ সকাল সোয়া ১০টার দিকে জেলা বিএনপির সহসভাপতি এ কে এম কাইউম নেতা-কর্মীদের নিয়ে প্রেসক্লাব চত্বরে সমবেত হন। ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান তাঁদের সেখান থেকে হটিয়ে দেন। এরপর পুলিশ ওই জায়গায় কোনো ব্যক্তিকে জমায়েত হতে দেওয়া হয়নি। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী প্রথম আলোকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মানববন্ধন কর্মসূচি করতে দেওয়া হয়নি।চুয়াডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, আজ সকাল ১০টায় জামায়াতের জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করতে গেলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে গেছে।