পুলিশের বাধার মুখে নওগাঁ, নাটোর, নারায়ণগঞ্জ, নীলফামারী ও সৈয়দপুর, সাতক্ষীরা, ফরিদপুর, কুমিল্লা, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, শেরপুর, জামালপুরসহ বিভিন্ন স্থানে বিএনপির গতকাল বুধবারের মানববন্ধন কর্মসূচি পণ্ড হয়ে গেছে। নওগাঁ, জয়পুরহাট, যশোর, বগুড়াসহ বিভিন্ন স্থানে মানববন্ধনে লাঠিপেটা করে ব্যানার কেড়ে নিয়েছে পুলিশ। লাঠির আঘাতে বিএনপির শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। এর প্রতিবাদে বিএনপির নেতা-কর্মীরা অনেক স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।বগুড়াসহ বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছেন। পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছে। এদিকে নওগাঁয় পুলিশের ধাওয়া খেয়ে রাস্তায় পড়ে রানীনগর উপজেলার বড়গাছা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এনামুল হকের (৪৫) মৃত্যু হয়েছে। পদাধিকারবলে তিনি নওগাঁ জেলা বিএনপির কার্যকরী পর্ষদের সদস্য। তাঁর বাড়ি রানীনগরের সরিয়া গ্রামে। এনামুলের মৃত্যু, বিএনপির নেতা-কর্মীদের আহত ও গ্রেপ্তারের ঘটনায় কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদক মো. রুহুল কবির রিজভী তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। গত হরতালের দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, সাংসদ শহীদ উদ্দীন চৌধুরীসহ দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে ও নেতা-কর্মীদের মুক্তির দাবিতে গতকাল ঢাকাসহ সব বিভাগীয় ও জেলা শহরে মানববন্ধন কর্মসূচির ডাক দেয় বিএনপি।ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:চট্টগ্রাম: গতকাল বেলা সোয়া ১১টার দিকে আমীর খসরুর নেতৃত্বে ওয়াসার মোড়ে মানববন্ধন করেন নেতা-কর্মীরা। প্রায় পাঁচ মিনিট পর পুলিশ এসে তাঁদের চলে যেতে বলে। একই সময় ওয়াসার জমিয়াতুল ফালাহ মসজিদের পেছনের সড়কে সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগমের নেতৃত্বে ২০-২৫ জন মহিলা মানববন্ধন কর্মসূচি পালনের চেষ্টা করলে খুলশী থানার পুলিশ তাঁদের সরিয়ে দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি ও ব্যানার টানাটানির ঘটনা ঘটে। ওয়াসার মোড়ে মানববন্ধনের চেষ্টা করেন সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন। পুলিশ তাঁকেও রাস্তায় দাঁড়াতে দেয়নি। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে দেওয়ানহাট মোড়ে মানববন্ধন করার জন্য নেতা-কর্মীরা দাঁড়ালে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিএনপির তিন কর্মীকে আটক করা হয়। পরে তাঁদের ছেড়ে দেয় পুলিশ। একই সময়ে ইস্পাহানী মোড়, কাজীর দেউড়ি, মোমিন রোডে পুলিশের বাধার মুখে বিএনপির নেতা-কর্মীরা মানববন্ধন করতে পারেননি।নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, নগরের মুরাদপুর, দেওয়ানহাট, ওয়াসার মোড়, ২ নম্বর গেট, রাহাত্তারপুল, ইপিজেড, ইস্পাহানী মোড়সহ বিভিন্ন স্থানে পুলিশ মানববন্ধনে বাধা দিয়েছে। নওগাঁ: জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম অভিযোগ করেন, গতকালের মানববন্ধনের সময় পুলিশের মারমুখী আচরণ থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে যুবদলের নেতা এনামুল হক দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে হোটেল যমুনার সামনে প্রধান সড়কে পড়ে গিয়ে তিনি অচেতন হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে কাছের তাজ ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এনামুলকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় জেলা বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাসহ সদর থানার পুলিশ সদস্যদের দায়ী করে শহরের কোর্ট চত্বর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিএনপির ওই অভিযোগ অস্বীকার করে জানান, এনামুল হক অসুস্থ অবস্থায় মানববন্ধনে অংশ নিতে আসার পথে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে শহরের তাজের মোড় এলাকায় প্রধান সড়কে পড়ে যান। পরে ঘটনাস্থলে উপস্থিত অটোটেম্পোর শ্রমিকেরা তাঁকে তাজ ক্লিনিকে ভর্তি করলে সেখানে তাঁর মৃত্যু হয়।নারায়ণগঞ্জ: শহরের ডিআইটি সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে মানববন্ধন করার সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের লাঠিপেটায় বিএনপির অন্তত ২৫ জন নেতা-কর্মী আহত হন। আহত নেতা-কর্মীদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।বগুড়া: দুপুর ১২টায় শহরের নবাববাড়ি সড়কে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে শহরের সাতমাথায় আসার চেষ্টা করেন। এ সময় পুলিশ মিছিল করতে বাধা দেয়। একপর্যায়ে পুলিশের ওপর ঢিল ছুড়লে জহুরুল ইসলাম নামের পুলিশের এক সদস্য আহত হন। এ সময় পুলিশ বিএনপির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। বিএনপির নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন।লাঠিপেটায় বিএনপির সাংসদ হাফিজুর রহমান, সাংসদ মোস্তফা আলী, সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসানুল তৈয়ব, জয়নাল আবেদীন, আলী হায়দার, খায়রুল বাশার, জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলমসহ বিএনপির ১৫ জন নেতা-কর্মী আহত হন। পরে তাঁরা প্রাথমিক চিকিৎসা নেন।যশোর: শহরের বিভিন্ন পয়েন্টে বিএনপির মানববন্ধন চলাকালে গতকাল সকালে পুলিশ লাঠিপেটা করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিএনপির অন্তত ১০ জন কর্মী-সমর্থক আহত হন। এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বিনা উসকানিতে ব্যানার কেড়ে নিয়ে নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ করে আহত করেছে। জয়পুরহাট: শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে সকালে মানববন্ধন চলার সময় পুলিশ বাধা দিলে বিএনপির নেতা-কর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন। পুলিশ লাঠিপেটা করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বিএনপির ১০ জন নেতা-কর্মী আহত হন।চাঁপাইনবাবগঞ্জ: পাঠানপাড়ার দলীয় কার্যালয় থেকে বিএনপির একটি মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ে মানববন্ধনে অংশ নিতে যায়। পথে পুলিশের লাঠিপেটায় বিএনপির ১০ জন কর্মী আহত হন। এর মধ্যে রিমা খাতুন নামের একজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের লাঠির আঘাতে তাঁর মাথা ফেটে গেছে। এতে পূর্বনির্ধারিত মানববন্ধন কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি।কুমিল্লা: সকাল সাড়ে ১০টার দিকে শহরের কান্দিরপাড়ের টাউন হল মাঠে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ব্যানার নিয়ে জড়ো হলে পুলিশ ব্যানার কেড়ে নেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়। পরে বিএনপির নেতারা শহরের বাদুরতলা এলাকার চায়না গার্ডেনের সামনে মানববন্ধন করতে গেলে পুলিশ সেখানেও বাধা দেয়। একপর্যায়ে সেখানে দলের জেলা কমিটির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী ধন্যবাদ বক্তব্য দিয়ে কর্মসূচি শেষ করেন।সাতক্ষীরা: পুলিশের বাধায় মানববন্ধন কর্মসূচি পণ্ড হওয়ার প্রতিবাদে বিএনপির নেতা-কর্মীরা বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। বরগুনা: সকাল থেকেই পুলিশ বিএনপির দলীয় কার্যালয় ঘিরে রাখায় বরগুনা জেলা বিএনপি তাদের মানববন্ধন কর্মসূচি গতকাল নির্ধারিত স্থানে পালন করতে পারেনি। শহরের সদর রোডে কর্মসূচি পালনের প্রস্তুতি নিলে পুলিশ তাতে বাধা দেয়। পরে পুলিশের বেষ্টনীর মধ্যে লঞ্চঘাট এলাকায় দলীয় কার্যালয়ের সামনে বেলা ১১টায় মানববন্ধন করা হয়।নীলফামারী: বেলা ১১টার দিকে শহরের পৌর মার্কেট এলাকায় নেতা-কর্মীরা মানববন্ধন করার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশ বলপ্রয়োগ করে তাঁদের দলীয় কার্যালয়ের ভেতরে ঢুকিয়ে দিলে বিএনপির নেতা-কর্মীরা সেখানেই দাঁড়িয়ে মানববন্ধন করেন।সৈয়দপুর (নীলফামারী): সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে অবস্থিত বিএনপির কার্যালয়ের সামনে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়। বিএনপির কার্যালয়ের সামনে কাঁদানে গ্যাস, আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা ও ঢাল হাতে পুলিশের মারমুখী অবস্থান দেখে বিএনপির কার্যালয় থেকে বেরই হননি নেতা-কর্মীরা। ফলে মানববন্ধন কর্মসূচি পণ্ড হয়ে যায়।ফরিদপুর: পুলিশের বাধার মুখে ফরিদপুরে পণ্ড হয়ে গেছে বিএনপির মানববন্ধন কর্মসূচি। গতকাল সকাল ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ কর্মসূচি হওয়ার কথা ছিল। বিএনপির নেতা-কর্মীরা পরে শহরের বিভিন্ন গলিতে ঝটিকা বিক্ষোভ মিছিল করেন।বরিশাল: সকাল ১০টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে মানববন্ধন করতে গেলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিএনপির নেতারা। তাঁরা সংক্ষিপ্ত কর্মসূচি পালন করে ওই স্থান ত্যাগ করে নগরের ফজলুল হক এভিনিউ এলাকায় সমাবেশ করেন।নাটোর: বিএনপির নেতা-কর্মীরা সকাল ১০টায় দলের আলাইপুর অস্থায়ী কার্যালয়ের সামনে মানববন্ধন করার চেষ্টা করলে সদর থানার পুলিশ বাধা দেয়। এতে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। এর আগে সদর থানার পুলিশ বিএনপির দুই কর্মীকে আটক করে।কুড়িগ্রাম: কুড়িগ্রাম পৌর বাজার এলাকায় প্রেসক্লাব থেকে কলেজ মোড় পর্যন্ত বিএনপির মানববন্ধন করার কিছুক্ষণ পরই পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশ বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েকটি ব্যানার ছিনিয়ে নেয়।সিলেট: নগরের কোর্ট পয়েন্টে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় মানববন্ধন শুরু হয়। প্রায় পাঁচ মিনিট পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মানববন্ধনে বাধা দেয়। একপর্যায়ে ব্যানার পেছনে নিয়ে বিএনপির নেতা-কর্মীরা মানববন্ধন করার চেষ্টা করলে পুলিশ ব্যানার কেড়ে নিয়ে নেতা-কর্মীদের বিতাড়িত করে।জামালপুর: শহরের তমালতলা মোড়, বকুলতলা ও দয়াময়ী মোড়ে বিএনপির তিনটি মানববন্ধন কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।শেরপুর: বিএনপির নেতা-কর্মীরা বেলা ১১টায় শহরের রঘুনাথ বাজার এলাকায় মানববন্ধন করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তিনবার উদ্যোগ নিয়েও পুলিশের বাধায় বিএনপির নেতা-কর্মীরা মানববন্ধন করতে পারেননি।