সারা দেশে বিক্রি হচ্ছে বেশি দরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকায় চিনি উধাও হলে দেশের অন্যান্য স্থানে তা অল্প হলেও পাওয়া যাচ্ছে। তবে এ জন্য দিতে হবে সরকারনির্ধারিত দামের চেয়ে কেজিপ্রতি ১০ টাকা পর্যন্ত বেশি।গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে চিনি ৬৭ থেকে ৭৫ টাকা কেজিতে বিক্রি হয়েছে। খুচরা বিক্রেতারা পাইকারি বাজারে দর বেড়েছে দাবি করে বেশি দামে চিনি বিক্রি করছেন। আর পাইকারি বিক্রেতারা চিনির সরবরাহ কম থাকা ও সরকারনির্ধারিত দরে চিনি সরবরাহ না পাওয়ার অভিযোগ করেন।চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, নগরের ষোলশহর কর্ণফুলী মার্কেটের প্রতিটি দোকানের সামনে সরকারের বেঁধে দেওয়া দরের তালিকা টাঙানো রয়েছে। কিন্তু বেচাকেনা হচ্ছে বেশি দামে। কারণ জানতে চাইলে জলিল স্টোরের বিক্রেতা মো. আবদুর জানান, ‘খাতুনগঞ্জ থেকে পাইকারি দরে চিনি কিনেছি ৬৮ টাকা কেজি দরে। ৬৫ টাকা কেজি বেচি কী করে?’শুধু চিনি নয়; ছোলা, সয়াবিন, পাম অয়েল—এর কোনোটিই সরকারের বেঁধে দেওয়া দরে বিক্রি হচ্ছে না। নগরের বড় বড় কয়েকটি বাজার ঘুরে রোজায় বহুল ব্যবহূত কয়েকটি পণ্যের দামের ক্ষেত্রে গতকাল শুক্রবার এই চিত্র পাওয়া গেছে।গত বৃহস্পতিবার প্রশাসন ও ব্যবসায়ীরা স্থানীয় সার্কিট হাউসে বৈঠক করে সাধারণ মানের ছোলার খুচরা মূল্য নির্ধারণ করেন ৫৮ টাকা। নগরের বিভিন্ন বাজারে গতকাল দেখা যায়, সবচেয়ে কম দামি ছোলাই বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬৮ টাকায়। ভালো মানের ছোলার কেজি ৭৫ থেকে ৭৮ টাকা।ষোলশহরে কর্ণফুলী মার্কেটে প্রতি কেজি সয়াবিন বিক্রি হচ্ছিল ১২২ টাকা দরে, যা সরকারনির্ধারিত দরের তুলনায় কেজিতে ১৩ টাকা বেশি।বাজার করতে আসা বেসরকারি ব্যাংকের কর্মকর্তা শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সরকার যে দর নির্ধারণ করেছে, তার চেয়ে প্রতি কেজিতে খুচরায় ৫-১০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এসব লোক-দেখানো দরদাম নির্ধারণ করে ভোক্তাদের হতাশা বাড়িয়ে লাভ কী?’ রিয়াজউদ্দিন বাজার ঘুরে দেখা যায়, এই বাজারে সয়াবিন বিক্রি হচ্ছে সরকারনির্ধারিত দরের চেয়ে ১৫ টাকা বেশি, অর্থাৎ কেজিপ্রতি ১২২-১২৪ টাকায়। চিনি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭০ টাকায়। এ ছাড়া সাধারণ মানের ছোলা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬৮-৭০ টাকায়।খাতুনগঞ্জের পাইকারি বাজার সূত্রে জানা গেছে, সরকারনির্ধারিত দরে কোনো পণ্য পাইকারি বাজারেও বিক্রি হচ্ছে না। পাইকারি বাজার থেকে প্রতি কেজি ৬৭ টাকা ৭৯ পয়সা দরে চিনি কিনছেন খুচরা বিক্রেতারা। মিয়ানমারের ছোলার দাম পড়ছে কেজিপ্রতি ৭৪ টাকা। অস্ট্রেলিয়ার সাধারণ মানের ছোলা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬৫-৬৬ টাকায়।রাজশাহী থেকে নিজস্ব প্রতিবেদক জানান, রাজশাহী নগরে ৬৮ থেকে ৭০ টাকা কেজি দরে চিনি বিক্রি হচ্ছে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, তাঁদের কাছে চিনি নেই। গতকাল বিকেলে নগরের সাহেববাজারের সোহরাব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সোহরাব হোসেন জানান, তাঁকে প্রতি কেজি চিনি ৬৭ টাকারও বেশি দরে কিনতে হচ্ছে। ৭০ টাকা দরে বিক্রি না করলে ব্যবসা বন্ধ করে দিতে হবে।পাইকারি ব্যবসায়ী আনোয়ার আলী জানান, তাঁদের কাছে চিনি নেই। এক মাস আগে টাকা জমা দিয়ে এখন পর্যন্ত চিনি পাননি। ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, তাঁর কাছেও চিনি নেই।খুলনা অফিস জানায়, খুলনা নগরের নিউমার্কেট ও বড় বাজারে গতকাল প্রতি কেজি চিনি ৭০ থেকে ৭২ টাকায় বিক্রি হয়েছে। নিউমার্কেটের আসাদ স্টোরের মালিক মো. আসাদ জানান, তিনি গত বুধবার পাইকারি বাজার থেকে ৫০ কেজির চিনির বস্তা তিন হাজার ৭৫ টাকা করে কিনেছেন। অন্যান্য খরচ মিলিয়ে এক বস্তা চিনির দাম পড়েছে প্রায় সাড়ে তিন হাজার টাকা। এর পরও সামান্য লাভে ৭০ টাকা কেজি দরে বিক্রি করছেন।আরেক ব্যবসায়ী অভিযোগ করেন, রমজান মাসে অধিক মুনাফার লোভে পাইকারি ব্যবসায়ীরা চিনির সরবরাহ কমিয়ে দিয়েছেন। ফলে দাম বেড়েছে। পাইকারি ব্যবসায়ীদের কাছে শত শত বস্তা চিনি মজুদ রয়েছে।রংপুর: গতকাল রংপুরের বাজারে কেজিপ্রতি চিনি বিক্রি হয়েছে ৬৭ টাকায়। দুই দিন আগেও এই চিনি ৬২ টাকায় বিক্রি হয়। শহরের পৌরবাজারের এক দোকান থেকে ৬৭ টাকা কেজি দরে চিনি কেনেন মো. রায়হানুল। তিনি বলেন, ‘সরকার চিনির মূল্য নির্ধারণ করে দেওয়ার পরদিনই দুই টাকা বেশি দরে চিনি কিনতে হচ্ছে।’কেরানীপাড়ার সাজু মিয়ার দোকান থেকে ৬৭ টাকায় এক কেজি চিনি কিনে আলেয়া বেগম বলেন, ‘দুই দিন আগেও এই চিনি কিনেছি ৬২ টাকায়, অথচ আজ (শুক্রবার) কিনতে হলো ৬৭ টাকায়।’সিলেট: সিলেটের খুচরা বাজারে প্রতি কেজি চিনি ৭২ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতারা জানান, পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে চড়া দামে কেনার কারণেই তাঁদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে।কুমিল্লা: কুমিল্লায় প্রতি কেজি চিনি ৭৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গতকাল বিকেলে কুমিল্লা সিটি করপোরেশনের চকবাজার, নিউমার্কেট, রাজগঞ্জ, রানীর বাজার, বাদশা মিয়ার বাজার ও অলিগলির দোকান ঘুরে এই দামে চিনি বিক্রি হতে দেখা যায়।শহরের আদালতপাড়ার বাসিন্দা দিলনাশি মোহসেন জানান, তিনি সকালে পাড়ার দোকান থেকে ৭৪ টাকা কেজি দরে চিনি কিনেছেন। কান্দিরপাড়ের হোটেল ডায়ানার ব্যবস্থাপক মাহবুব আলম বলেন, ‘হঠাৎ করে চিনির দাম বেড়ে গেছে। আমরা কান্দিরপাড় নিউমার্কেট থেকে ৭৫ টাকা করে চিনি কিনেছি।’