সারা দেশে বিক্রি হবে এক দরে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলোর মধ্যে ভোজ্যতেল ও চিনি রাজধানী ঢাকায় যে দরে বিক্রি হবে, অজপাড়াগাঁয়ের দোকানগুলোতে খুচরা পর্যায়ে বিক্রি হবে একই দরে। ভোজ্যতেল ও চিনির ক্ষেত্রে সরবরাহ আদেশ (ডিও) প্রথার বিকল্প ডিলার-ব্যবস্থা চালু বিষয়ে গঠিত কমিটির খসড়ায় এই সুপারিশ করা হয়েছে। খসড়াটি চলতি সপ্তাহেই চূড়ান্ত হবে বলে জানা গেছে।এদিকে, ভোজ্যতেলের দাম হঠাৎ বৃদ্ধির কারণে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আজ সোমবার বৈঠকে বসছে বাণিজ্য মন্ত্রণালয়। গত সপ্তাহে সয়াবিন তেলের দর লিটারে ১৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়। আর দেশের সর্বত্র এসব পণ্য এক দরেও বিক্রি হয় না।ডিলার-ব্যবস্থা চালুর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম মর্তুজা রেজা চৌধুরীকে প্রধান করে একটি কমিটি করে দেওয়া হয় গত ১৪ অক্টোবর। এ কমিটি প্রাথমিকভাবে চিনি ও ভোজ্যতেল নিয়ে কাজ করলেও পরবর্তী সময় অন্যান্য পণ্যও এর সঙ্গে যুক্ত হবে।বাণিজ্যমন্ত্রী ফারুক খান সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘চিনি ও ভোজ্যতেলে ডিও পদ্ধতি সঠিকভাবে ব্যবহার না করার কারণে এটি দুর্নীতির হাতিয়ার হয়ে উঠেছে। আমরা এ থেকে বেরিয়ে আসতে চাই।’এ লক্ষ্যে তিনি কমিটি গঠন করে জানিয়েছিলেন, এই কমিটি ১৫ দিনের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করবে। যদিও গতকাল পর্যন্ত কমিটি এ বিষয়ে সুপারিশ-সংবলিত খসড়া প্রতিবেদন তৈরি করেছে মাত্র। অর্থাৎ দেড় মাসেও প্রতিবেদন চূড়ান্ত হয়নি।জানা গেছে, ভোজ্যতেল পরিশোধন-কারী কারখানা মালিকদের প্রায় সবাই ডিলার-ব্যবস্থার বিপক্ষে। চিনি পরিশোধনকারী কারখানা মালিকদের একাংশেরও এ ব্যাপারে বিরোধিতা রয়েছে। সূত্র জানায়, দেড় মাসে চিনি ও ভোজ্যতেল কারখানা পরিশোধনকারী এবং রাজধানীর মৌলভীবাজারের পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এসব বৈঠকের মতামতের ওপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে ডিলার প্রথা চালুর খসড়া। সারা দেশে একদরে তেল ও চিনি বিক্রি করতে সরকারের পক্ষ থেকে নির্বাহী আদেশ জারির সুপারিশ করা হয়েছে এ খসড়ায়। এতে আরও বলা হয়েছে, নিত্যপণ্য স্থিতিশীল পর্যায়ে রাখতে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে তিন স্তরের কমিটি করতে হবে। যে কমিটি মাসে একবার পণ্যের সরবরাহ, উৎপাদন ও বিপণনের তথ্য নিয়ে বৈঠক করবে।বাংলাদেশ চিনি পরিশোধনকারী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, জনগণের জন্য মঙ্গলজনক যেকোনো পদক্ষেপের সঙ্গে তিনি রয়েছেন। ডিও প্রথায় ভোক্তাদের ভোগান্তি হলে অবশ্যই ডিলার-ব্যবস্থার পক্ষে তিনি।গতকাল রাজধানীর খুচরা বাজারগুলোতে খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে ৯৮ থেকে ১০২ টাকা কেজি দরে। এক মাস আগেও এ দর ছিল ৯০ থেকে ৯২ টাকা। এক বছর আগে ছিল ৮০ থেকে ৮২ টাকা। আর পামতেল বিক্রি হয়েছে ৮৫ থেকে ৮৮ টাকা কেজি দরে। এক মাস আগের দর ৮৪ থেকে ৮৫ টাকা। তবে এক বছর আগে পামতেলের কেজি ছিল ৬০ থেকে ৬২ টাকা।চিনি গতকাল ৫২ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এক মাস আগে ছিল ৫০ থেকে ৫২ টাকা।