বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৩৩ জন নেতাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে গতকাল বুধবার দেশের বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ করেন বিএনপির নেতা-কর্মীরা। এর মধ্যে ঠাকুরগাঁও, নাটোর, ঢাকার কেরানীগঞ্জ ও সাভার, চট্টগ্রামের হাটহাজারী ও চন্দনাইশ এবং সিলেটে দুই শতাধিক যানবাহন ও দোকানপাট ভাঙচুর করেন তাঁরা। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ঠাকুরগাঁও: কারাগারে পাঠানো বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও শহরে গতকাল লাঠিসোঁটা নিয়ে ব্যাপক ভাঙচুর করেন দলটির নেতা-কর্মীরা। প্রথমে তাঁরা শহরের ইসলাম প্লাজার সামনে হামলা চালিয়ে অর্ধশতাধিক মোটরসাইকেল ভাঙচুর করেন। পরে সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সামনে গিয়ে ভাঙচুর করেন ভাড়ায় চালিত প্রাইভেট কার, মাইক্রোবাস, ঢাকাগামী বাসসহ অন্তত ২০টি যানবাহন। বিএনপির নেতা-কর্মীরা একপর্যায়ে বঙ্গবন্ধু সড়কের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক, রূপালী ব্যাংক, মার্কেন্টাইল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড ও বিভিন্ন শোরুমের কাচ ভাঙচুর করেন। এ ছাড়া তাঁরা শহরের পৃথক স্থানে তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। ঘটনাস্থলে পুলিশ এলে বিএনপির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে ঠাকুরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সালাম ও দুজন কনস্টেবল আহত হন। পুলিশ বিএনপির কর্মীদের নিয়ন্ত্রণে আনতে ৪০ থেকে ৫০টি কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। ভাঙচুরের সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ শহরের বিভিন্ন জায়গা থেকে ১১ জনকে আটক করে।কেরানীগঞ্জ (ঢাকা): কারাগারে পাঠানো ৩৩ নেতার মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানও রয়েছেন। বেলা তিনটার পর তাঁদের নির্বাচনী এলাকা কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর, খোলামোড়া, ঘাটারচর, রুহিতপুর, ঢাকা-মাওয়া মহাসড়কের আবদুল্লাহপুর বেড়িবাঁধ, জিনজিরা এলাকায় দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন নেতা-কর্মীরা। এ সময় তাঁরা অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করেন। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে কয়েকটি স্থানে নেতা-কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে চারজন নেতা-কর্মী আহত হন।ঘটনার সত্যতা নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দিন খান জানান, যানবাহন ভাঙচুরের কারণে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে একাধিক মামলার প্রস্তুতি চলছে।নাটোর: বেলা ১১টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধন শুরু হয়। কর্মসূচির শেষ পর্যায়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভরবিষয়ক সম্পাদক ও নাটোর জেলার সভাপতি রুহুল কুদ্দুস তালুকদারসহ ৩৩ জন নেতাকে কারাগারে পাঠানোর খবর এলে নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা তাৎক্ষণিক লাঠিমিছিল বের করে আলাইপুরে শতাধিক গাড়ি ও দোকানপাট ভাঙচুর করেন।সাভার: প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হাতিল গ্রুপের কর্মী বহনকারী মিনিবাস আশুলিয়ার জিরানী থেকে ঢাকায় যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাসটি সাভার বাজার বাসস্ট্যান্ডের অদূরে পৌঁছালে বিএনপির হরতাল সমর্থকেরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বাসে থাকা যাত্রীরা দ্রুত নামতে সক্ষম হওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসটি পুড়ে যায়।রাত নয়টার দিকে সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে সাভারগামী একটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয় কয়েকজন হরতাল সমর্থক। এতেও কেউ হতাহত হয়নি।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।সিরাজগঞ্জ: বিএনপির নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে এবং আজ রোববারের হরতালের সমর্থনে সন্ধ্যার আগে সিরাজগঞ্জ শহরে মিছিল বের করে জেলা বিএনপি। বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় তাঁরা দুটি মাইক্রোবাস, দুটি সিএনজিচালিত অটোরিকশা, একটি প্রাইভেট কার ও চারটি দোকান ভাঙচুর করেন। পুলিশ বিএনপি ও যুবদলের নেতা-কর্মীসহ ২০ জনকে গ্রেপ্তার করে।সিলেট: বেলা সাড়ে তিনটার দিকে নগরের কোর্ট পয়েন্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে সিলেট জেলা ও নগর বিএনপি। পুলিশ পেছন থেকে লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। একইভাবে নগরের চৌহাট্টা পয়েন্টে মিছিলের পেছনে ধাওয়া দিয়ে পুলিশ মিছিলটি পণ্ড করে দেয়। মিছিলে বাধা দেওয়ার প্রতিবাদে বিএনপির নেতা-কর্মীরা নগরের বিভিন্ন মোড়ে বিচ্ছিন্নভাবে অবস্থান নেন। বিকেল চারটার দিকে বন্দরবাজার পয়েন্টে একটি পাজেরো জিপ ও একটি ট্রাক ভাঙচুর করা হয়। এ সময় পুলিশ দুটি কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।হাটহাজারী (চট্টগ্রাম): চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরা বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট-সংলগ্ন চট্টগ্রাম-হাটহাজারী সড়ক অবরোধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। তাঁরা বিআরটিসির একটি বাসসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন এবং রাস্তায় গাড়ির টায়ার পোড়ান। এতে দুই পার্বত্য জেলাসহ উত্তর চট্টগ্রামের ২২টি সড়কে এক ঘণ্টার মতো যান চলাচল বন্ধ থাকে।চন্দনাইশ ও পটিয়া (চট্টগ্রাম): লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও বিএনপির নেতা-কর্মীরা গতকাল বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চন্দনাইশের কয়েকটি স্থানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন। এ সময় ১০টি যানবাহন ভাঙচুর করা হয়। অবরোধ সরাতে গেলে ক্ষুব্ধ কর্মীদের হামলায় আহত হন পুলিশের দুজন সদস্য। পুলিশ ঘটনাস্থল থেকে এলডিপি ও বিএনপির পাঁচ কর্মীকে আটক করে।ময়মনসিংহ: বিকেল পাঁচটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা ডিগ্রি কলেজের সামনে কাঠের গুঁড়ি ফেলে প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন ভালুকা উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। খবর পেয়ে পুলিশ এসে ধাওয়া দিলে অবরোধকারীরা পুলিশের উদ্দেশে ইটপাটকেল নিক্ষেপ করে।গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বিকেলে বিএনপির মিছিলে ব্যাপক লাঠিপেটা করে পুলিশ। এতে আহত হন পাঁচ নেতা-কর্মী। যানবাহন চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে পুলিশ মৌচাক ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শওকত হোসেন ও যুবদলের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদকে গ্রেপ্তার করে।এ ছাড়া গতকাল লক্ষ্মীপুর, পাবনা, কুষ্টিয়াসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিএনপি ও ১৮ দলের নেতা-কর্মীরা।