সারা দেশে বিজিবি মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের সহিংসতা ঠেকাতে আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের নামানো হয়েছে। আজ রাতে শুধু রাজধানীতেই বিজিবির ৪০টি গাড়ি টহল দিতে শুরু করেছে। যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশের পর দেশজুড়ে সহিংসতা শুরু করেছেন জামায়াত-শিবিরের কর্মীরা। এর পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবির সদস্যদের সংখ্যা বাড়ানো হয়। হরতালের আগে বুধবার রাতে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছিল।বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে সহায়তা করবে বিজিবি। ঢাকায় আজ রাতে ৪০টি গাড়িতে করে বিজিবি সদস্যদের নামানো হয়েছে। এ ছাড়া আরও সদস্য মজুদ রাখা আছে। প্রয়োজনমতো তাঁদের মোতায়েন হবে। তিনি বলেন, আজ থেকে ঢাকার বাইরে স্থানীয় প্রশাসনের চাহিদা অনুযায়ী বিভিন্ন জেলায়ও বিজিবি নামানো হয়েছে। মহাপরিচালক আরও বলেন, বিভিন্ন জেলায় বিজিবির কাছে সহায়তা চাইলেই তা করা হবে। এ জন্য সব স্থানে বিজিবি সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। কুমিল্লা প্রতিবেদক জানান, আজ সন্ধ্যায় কুমিল্লা সেক্টর থেকে দুই প্লাটুন বিজিবি সদস্য নোয়াখালীর মাইজদীতে যাচ্ছিলেন। এ সময় মাইজদী থেকে দুই কিলোমিটার দূরে জামায়াত-শিবিরের কর্মীরা রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেন। এরপর বিজিবি সদস্যরা লক্ষ্মীপুরের রামগঞ্জ ঘুরে মাইজদীতে যান। তবে সেখানে কোনো সহিংস ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন কুমিল্লা সেক্টরের কর্মকর্তারা।