সারা দেশে ব্যাপক সংঘর্ষ, আহত ১২০, আটক ১৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিনে গতকাল রোববার দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও হরতালবিরোধীদের সঙ্গে হরতাল সমর্থনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে অন্তত ১২০ জন। পুলিশ আটক করেছে ১৩০ জনকে। এদিকে বগুড়ায় হরতাল-সমর্থকেরা একটি ট্রাক লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাভ্যানকে চাপা দেন। এতে একজন নিহত ও তিনজন আহত হয়।প্রত্যক্ষদর্শী, পুলিশসহ বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বগুড়া: বেলা সাড়ে ১১টার দিকে শহরের ফুলবাড়ী এলাকায় মহিলা কলেজের সামনে হরতাল-সমর্থকদের ছোড়া ঢিলের আঘাতে একটি ট্রাকের চালক আহত হন। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাভ্যানকে চাপা দেন। এতে রিকশাভ্যানের যাত্রী আল-আমীন (২৮) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় তিনজন আহত হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, বগুড়া মজিবর রহমান মহিলা কলেজের সামনে সিএনজি অটোরিকশা ভাঙচুরের সময় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। অন্যদিকে শহরের ইয়াকুবিয়া মোড় থেকে বিএনপির পাঁচ কর্মীকে পুলিশ আটক করেছে।সিরাজগঞ্জ: সকালে হরতালের সমর্থনে বিএনপির নেতা-কর্মীরা শহরে মিছিল বের করেন। প্রায় একই সময়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও শহরে একটি মিছিল বের করেন। বেলা সাড়ে ১১টার দিকে শহরের ইলিয়ট ব্রিজের ওপর দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষ লাঠিসোঁটা, ইটপাটকেল, রামদাসহ বিভিন্ন দেশি অস্ত্র ব্যবহার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১১টি শটগানের গুলি ও আটটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সংঘর্ষে সদর থানার উপপরিদর্শক (এসআই) হাফিজ রানা, কনস্টেবল আবু বক্করসহ উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।শাহ্জালাল বিশ্ববিদ্যালয়: সকাল আটটা থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা সুরমা এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে পিকেটিং শুরু করেন। বেলা পৌনে নয়টার দিকে পুলিশ ছাত্রদলের নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক হাবীবুর রহমানকে পুলিশ আটক করে। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। খুলনা: খুলনা সদর থানার পুলিশ ১৬ জন, সোনাডাঙ্গা থানার পুলিশ সাতজন, খালিশপুর থানার পুলিশ ছয়জন, দৌলতপুর থানার পুলিশ দুজন, ডুমুরিয়া থানার পুলিশ নয়জন ও তেরোখাদা থানার পুলিশ তিনজনকে আটক করে। নগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান জানান, সাবেক সাংসদ কাজী সেকেন্দার আলীকেও পুলিশ গ্রেপ্তার করেছে।কালিয়াকৈর: সকাল ১০টার দিকে বিএনপির কর্মীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় পাঁচ-সাতটি ট্রাক ও টেম্পো ভাঙচুর করেন।চাঁদপুর: সকাল পৌনে আটটার দিকে জামায়াতের একটি মিছিল শহরের জেএম সেনগুপ্ত সড়কে গেলে পুলিশ মিছিলে বাধা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়ে যায়। এ সময় চাঁদপুর মডেল থানার এসআই মনিরসহ পাঁচ পুলিশ আহত হয়।মির্জাপুর: সকালে সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিলটি মির্জাপুর বাইপাসের বংশাই রোড এলাকায় পৌঁছালে পুলিশ এতে বাধা দেয়। একপর্যায়ে পুলিশ হরতাল-সমর্থকদের লাঠিপেটা শুরু করলে তাঁরাও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এ ঘটনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী ও মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন সামান্য আহত হন। এ ছাড়া এ ঘটনায় বিএনপির ১০-১২ জন নেতা-কর্মী আহত হন।নোয়াখালী: হরতাল-সমর্থকেরা থানা কাউন্সিল, মাইজদী বাজার ও বেগমগঞ্জের রমজানবিবি নামক জায়গায় তিনটি গাড়ি ভাঙচুর করে। শনিবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ১৭ জনকে আটক করে। এ ছাড়া গতকাল দত্তেরহাট এলাকা থেকে এক ছাত্রদলের কর্মীকে পুলিশ আটক করে।ঠাকুরগাঁও: রানীশংকৈল উপজেলায় ছাত্রলীগের কর্মীদের সঙ্গে ছাত্রদল ও যুবদলের কর্মীদের সংঘর্ষ হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের কর্মীরা হরতালবিরোধী মিছিল বের করেন। একপর্যায়ে ছাত্রদল ও যুবদলের কর্মীদের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ ঘটনায় উভয় পক্ষের চারজন আহত হয়।মৌলভীবাজার: শনিবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করা হয়।সাতক্ষীরা: কলারোয়া উপজেলার ডাকবাংলা মোড় এলাকায় ছাত্রদলের মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালায়। এতে ১২ জন আহত হয়।অন্যদিকে হরতালের সমর্থনে সাতক্ষীরা শহরের শহীদ কাজল সরণিতে একটি মিছিল বের করা হয়। সকাল নয়টার দিকে হরতাল-সমর্থকেরা তাজমহল হোটেলের সামনে দুটি টেম্পো ও চারটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় পুলিশ যুবদলের কর্মী রবিউল ইসলামকে গ্রেপ্তার করে। হবিগঞ্জ: সকালে শহরের কামরাপুর ব্রিজ এলাকায় হরতাল-সমর্থকদের লাঠিপেটা করে র্যাব। এতে পাঁচজন আহত হয়। দুপুরে শহরের ২ নম্বর পুল এলাকায় হরতাল-সমর্থকেরা তিনটি গাড়ি ভাঙচুর করে। এ ছাড়া শহরের কালীবাড়ী এলাকা ও ঈদগাহর সামনে থেকে পুলিশ দুজনকে আটক করে।ভোলা: হরতাল-সমর্থকেরা ভোলার ইলিশা বাসস্ট্যান্ড, যুগীরঘোল ও বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকায় দুটি বাস, একটি মাইক্রোবাস ও একটি ট্রাক ভাঙচুর করে।বেলা ১১টার দিকে শহরের দরগা রোডে পুলিশের লাঠিপেটায় পৌর ছাত্রদলের এক সদস্যসহ পাঁচজন আহত হয়।তজুমদ্দিন শহরে হরতালবিরোধীদের হামলায় যুবদল ও ছাত্রদলের ১০ নেতা-কর্মী আহত হন। লালমোহনের গজারিয়া এলাকায় বিএনপির মিছিলে আওয়ামী লীগের কর্মীদের হামলায় পাঁচজন আহত হয়। ভোলা সদর থানার ওসি মোবাশ্বের আলী জানান, পিকেটার সন্দেহে পুলিশ ছয়জনকে আটক করেছে।বরগুনা: গত দুই দিনে বরগুনায় ২৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে বরগুনা সদরে তিনজন, পাথরঘাটায় আটজন, আমতলীতে আটজন, বেতাগীতে চারজন ও তালতলী থানায় দুজনকে আটক করা হয়। তাঁরা সবাই বিএনপি, ছাত্রদল ও জামায়াতের নেতা-কর্মী।সখীপুর: সখীপুরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিনসহ বিএনপির সাতজন নেতা-কর্মী আহত হয়েছেন।