বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাঁচ খুনির ফাঁসির রায় কার্যকর হওয়ায় রাজধানী ঢাকাসহ সারা দেশের মসজিদে মসজিদে গতকাল শুক্রবার বাদ জুমা মোনাজাত ও দোয়া হয়েছে। মোনাজাত ও দোয়ায় খুনিদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় শুকরিয়া আদায় এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্য এবং অন্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়। মন্দির, গির্জা, প্যাগোডায়ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। গত বুধবার রাত ১২টার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধুর পাঁচ খুনি সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহারিয়ার রশিদ খান, এ কে এম মহিউদ্দিন আহমেদ (ল্যান্সার), বজলুল হুদা ও মুহিউদ্দিনের (আর্টিলারি) মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গতকাল জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর সব মসজিদে বিশেষ মোনাজাত হয়। বায়তুল মোকাররম মসজিদে শোকরানা মোনাজাত পরিচালনা করেন খতিব মাওলানা সালাহউদ্দিন। এ সময় খতিব বলেন, ‘খুনিদের ফাঁসি কার্যকর হওয়ার মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হলো। ভবিষ্যতে বাংলাদেশে এ ধরনের খুনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য আল্লাহ যেন তওফিক দান করেন।’মোনাজাতে অন্যদের মধ্যে শরিক হন ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল প্রমুখ। হাইকোর্ট মাজার মসজিদ, গোলাপশাহ মাজার মসজিদ, মিরপুর শাহআলী মাজার মসজিদসহ রাজধানীর মহল্লার মসজিদগুলোতেও বিশেষ মোনাজাত করা হয়।বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ: সকালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বনানী কবরস্থানে ১৫ আগস্ট নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তাঁরা নিহতদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত ও এক মিনিট নীরবতা পালন করেন। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাহাউদ্দিন নাছিম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ৭৫-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, তরুণ লীগসহ বিভিন্ন সংগঠনও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও তাঁর পরিবারের সদস্যদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পুরানা পল্টনে ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে বাদ জুমা বিশেষ মোনাজাত ও শোকরানা মাহফিলের আয়োজন করা হয়। ঢাকা মহানগর শ্রমিক লীগ সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ দোয়া ও আলোচনা সভা করে। জাতীয় গণতান্ত্রিক লীগ কল্যাণপুর ও নারী মুক্তি আন্দোলন লালমাটিয়া কার্যালয়ে শোকরানা মোনাজাত ও আলোচনা সভা করে। এই আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকর হওয়ায় বাঙালি জাতি যেখানে কলঙ্কমুক্ত হয়েছে, সেখানে বিএনপি কোনো প্রকার সহানুভূতি বা বিবৃতি দেওয়া থেকে বিরত রয়েছে। এর মধ্য দিয়ে খুনিদের পক্ষে বিএনপির অবস্থান প্রমাণিত হয়েছে। মন্দিরে বিশেষ প্রার্থনা: ১৫ আগস্ট নিহতদের আত্মার শান্তি কামনায় সকালে রাজধানীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা হয়। প্রার্থনা পরিচালনা করেন নারায়ণ সাহা। এ সময় উপস্থিত ছিলেন মন্দিরের সেবাইত প্রদীপ কুমার চক্রবর্তী, নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, সাংসদ বীরেন সিকদার, ননী গোপাল মণ্ডল প্রমুখ। এ ছাড়া খ্রিষ্টান ধর্মাবলম্বীদের গির্জা ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্যাগোডায়ও বিশেষ প্রার্থনায় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।