নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি শেষে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়। এদিকে ঠাকুরগাঁও, বরগুনা, পটুয়াখালী ও সখীপুরে কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গাইবান্ধায় একদল ব্যক্তি মানববন্ধন কর্মসূচি ভণ্ডুল করে দিয়েছে।গ্রামীণ ব্যাংকের সদস্য, আমানতকারী, কর্মী ও স্থানীয় সচেতন নাগরিকেরা এই কর্মসূচির আয়োজন করেন। কর্মসূচিতে বক্তারা বলেন, ড. মুহাম্মদ ইউনূস দেশের গৌরব ও সম্পদ। তিনি বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। তাঁকে গ্রামীণ ব্যাংক থেকে অব্যাহতি দেওয়া হলে গ্রামীণ ব্যাংকের সদস্য ও কর্মীরা বিপদে পড়বেন।ঠাকুরগাঁও: শহরের চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। তবে কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যক্তিদের ১৫ মিনিটের বেশি দাঁড়াতে দেয়নি পুলিশ।দুপুর ১২টার দিকে চৌরাস্তায় জড়ো হতে থাকেন গ্রামীণ ব্যাংকের সদস্য, আমানতকারী ও কর্মীরা। মানববন্ধন শুরু হওয়ার প্রায় ১০ মিনিট পর পুলিশ ব্যাংকের কর্মকর্তাদের কর্মসূচি শেষ করে এলাকা ছেড়ে যেতে অনুরোধ করেন। অনুরোধ না শুনলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দেওয়া হয়। এরপর মানববন্ধনে অংশগ্রহণকারীরা ফিরে যান। পরে তাঁরা ডিসির বরাবরে স্মারকলিপি দেন।ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চক্রবর্তী জানান, ‘কর্মসূচি পালন না করার জন্য অনুরোধ করা হয়েছিল। তবুও তাঁরা মানববন্ধন করেছেন।’সখীপুর: সকাল ১০টায় স্থানীয় তালতলা চত্বরে মানববন্ধন করা হয়েছে। তবে কর্মসূচি শুরুর ১০ মিনিটের মধ্যে পুলিশ মানববন্ধন ছত্রভঙ্গ করে দেয়। পরে মানববন্ধনকারীরা সখীপুরের ইউএনওর বরাবরে স্মারকলিপি দিয়ে কর্মসূচি শেষ করেন।গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার শচীন্দ্রনাথ বাড়ৈ জানান, পুলিশি বাধা ও হুমকির মুখে মানববন্ধন বেশিক্ষণ স্থায়ী হয়নি। তবে সখীপুর থানার ওসি মোজাম্মেল হক বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁরা ইচ্ছা করেই মানববন্ধন না করে চলে গেছেন।পাথরঘাটা: সকাল ১০টায় বরগুনার ছোট পাথরঘাটা গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের প্রস্তুতি নিতে গেলে একদল পুলিশ সেখানে গিয়ে বাধা দেয়। এর আগে সকাল নয়টার দিকে গ্রামীণ ব্যাংক পাথরঘাটা আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপককে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোন করে এ ধরনের কোনো কর্মসূচি পালন করতে নিষেধ করেন।পরে অবশ্য পুলিশের বাধা উপেক্ষা করে নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টায় মানববন্ধন করা হয়।পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল হক প্রথম আলোকে বলেন, ‘আমি তাঁদের দাপ্তরিক কাজের বাইরে কোনো কর্মসূচি পালন না করার পরামর্শ দিয়েছি।’মির্জাপুর: বেলা ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ডে গ্রামীণ ব্যাংক মির্জাপুর আঞ্চলিক অফিসের আওতাধীন আটটি শাখার কর্মকর্তা ও কর্মচারীরা একত্র হন। খবর পেয়ে মির্জাপুর থানার পুলিশ ভিডিও ক্যামেরাসহ সেখানে হাজির হয়। কোনো ঘটনা ঘটলে যাতে সঙ্গে সঙ্গে ভিডিও ফুটেজ দেখে পুলিশ তাঁদের গ্রেপ্তার করতে পারে—এমন আশঙ্কায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মানববন্ধন কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়। তবে মির্জাপুর থানার ইউএনওর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।পটুয়াখালী: সকাল ১০টায় শহরের সবুজবাগ এলাকায় গ্রামীণ ব্যাংকের জোনাল অফিস থেকে মৌন মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কথা ছিল। কিন্তু এই কর্মসূচি বাতিল করে দেওয়া হয়।গ্রামীণ ব্যাংকের পটুয়াখালী জোনের জোনাল ম্যানেজার পান্না লাল দত্ত জানান, সকালে গ্রামীণ ব্যাংকের সদস্য, আমানতকারী, কর্মীরাসহ সচেতন নাগরিকেরা তাঁদের অফিসের সামনে জড়ো হন। তবে পুলিশ এসে কর্মসূচি পালনে নিষেধ করলে তাঁরা কর্মসূচি বাতিল করে দেন। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার জানান, পুলিশ কর্মসূচিতে কোনো বাধা দেয়নি। তারা ইচ্ছা করেই কর্মসূচি বাতিল করেছে।গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী এরিয়া অফিসের উদ্যোগে বেলা ১১টার দিকে উপজেলা সদরের চৌমাথা এলাকায় মানববন্ধন করা হয়। এ সময় কিছু লোক মানববন্ধন ভণ্ডুল করে দেয়।পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, মানববন্ধনের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হওয়ায় কতিপয় লোক এই ঘটনা ঘটিয়েছে।এদিকে রাঙামাটি, নারায়ণগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, ফরিদগঞ্জ, রাজবাড়ী, জয়পুরহাট, ফরিদপুর, শেরপুর, নীলফামারী, জামালপুর, পঞ্চগড়, মেহেরপুর, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, নোয়াখালী, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, মাদারীপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, মৌলভীবাজারে শান্তিপূর্ণ মানববন্ধন করা হয়। এসব স্থানে ডিসি ও ইউএনওদের বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক অফিস ও প্রতিনিধিরা।]