জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সারা দেশে বরিশাল শিক্ষা বোর্ডে সর্বোচ্চ ৮১ দশমিক ৭৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। উত্তীর্ণ ৫৭ হাজার ১০২ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৭৮ জন। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ফল বিবরণীতে এ তথ্য পাওয়া গেছে।বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, বোর্ডের অধীন ৭৫ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে ৬৯ হাজার ৮৪৭ জন পরীক্ষায় অংশ নেয়। কৃতকার্য হয় ৫৭ হাজার ১০২ জন।এগিয়ে ছেলেরা: বরিশাল শিক্ষা বোর্ডে অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর মধ্যে ৩৩ হাজার ৪৮৯ জন ছিল ছাত্র আর ৩৬ হাজার ৩৫৮ জন ছিল ছাত্রী। এর মধ্যে ২৭ হাজার ৪৪৫ জন ছাত্র পাস করেছে। পাসের হার ৮১ দশমিক ৯৫। মেয়েদের মধ্যে ২৯ হাজার ৬৫৭ জন পাস করেছে। পাসের হার ৮১ দশমিক ৫৭। অর্থাৎ, পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রদের চেয়ে ছাত্রীদের সংখ্যা বেশি হলেও পাসের হারে ছাত্ররা সামান্য এগিয়ে।অন্যদিকে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রীদের চেয়ে ছাত্ররা এগিয়ে আছে। ছাত্রদের মধ্যে ২৬৮ জন ও ছাত্রীদের মধ্যে ২১০ জন জিপিএ-৫ পেয়েছে।এ ব্যাপারে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক উপপরিচালক ও বাংলাদেশ মহিলা পরিষদের বরিশাল জেলার সভানেত্রী রাবেয়া খাতুন প্রথম আলোকে জানান, আগের যেকোনো সময়ের চেয়ে মেয়েরা অনেক সচেতন। নারীশিক্ষার প্রতি সরকার ও সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গির ফলে পরীক্ষায় ছাত্রীদের অংশগ্রহণ বেড়েছে। তবে পরিবারের যথাযথ তদারকি ও যত্নের অভাবে জিপিএ-৫ পাওয়ার দিক দিয়ে তারা কিছুটা পিছিয়ে রয়েছে।পাসের হারে প্রথম ভোলা জেলাজেলাভিত্তিক পাসের হারে এগিয়ে ভোলা জেলা। ভোলার ২৫৯টি স্কুলের নয় হাজার ৫২২ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে আট হাজার ৫৩২ জন। পাসের হার ৮৯ দশমিক ৬০। দ্বিতীয় স্থানে রয়েছে পটুয়াখালী জেলা। এ জেলার ২৮৯টি বিদ্যালয়ের ১১ হাজার ৭১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে নয় হাজার ৮৫৯ জন। পাসের হার ৮৪ দশমিক ১৪। ঝালকাঠিতে ১৯৪টি বিদ্যালয়ের সাত হাজার ২০৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে পাঁচ হাজার ৯৪৪ জন। পাসের হার ৮২ দশমিক ৪৫। বরিশালে ৪৩১টি স্কুলের ২৩ হাজার ৩৯৯ জনের মধ্যে পাস করেছে ১৮ হাজার ৭৭৩ জন। পাসের হার ৮০ দশমিক ২৩। বরগুনায় ১৭২টি স্কুলের সাত হাজার ৩৫৩ জনের মধ্যে পাস করেছে পাঁচ হাজার ৮৭২ জন। পাসের হার ৭৯ দশমিক ৮৬। পিরোজপুরের ২৭৪টি স্কুলের ১০ হাজার ৬৪৭ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে আট হাজার ১১২ জন। পাসের হার ৭৬ দশমিক ২৮।বোর্ডে ২৩৮টি স্কুল শতভাগ পাস করেছে: বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ছয়টি জেলার ২৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে ভোলার ৬৬টি, পটুয়াখালীর ৫৪টি, বরিশালের ৩৫টি, বরগুনার ৩১টি, ঝালকাঠির ৩০টি ও পিরোজপুরের ২২টি বিদ্যালয় রয়েছে।১৬ বিদ্যালয়ের একজনও পাস করেনি: বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজনও জেএসসি পরীক্ষায় পাস করতে পারেনি। এগুলো হলো বরগুনার কাউনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বেতাগী ফুলতলা নুরুন্নেছা জুনিয়র বালিকা বিদ্যালয়, বেতাগীর রানীপুর খোন্তাকাটা দারুস সুন্নাত নিম্নমাধ্যমিক বিদ্যালয়, বরিশালের বাকেরগঞ্জের পশ্চিম নলুয়া রাবেয়া বেগম নিম্নমাধ্যমিক বিদ্যালয়, বাকেরগঞ্জের দিনগার হাট ইউনাইটেড নিম্নমাধ্যমিক বিদ্যালয়, বরিশাল নাইট মাধ্যমিক বিদ্যালয়, মুলাদীর সৈয়দ শাহাজাদী বেগম মাধ্যমিক বিদ্যালয়, উজিরপুরের মুণ্ডপাশা আনোয়ারা বেগম বালিকা বিদ্যালয়, ভোলার বোরহানউদ্দিনের চাচরা নিম্নমাধ্যমিক বিদ্যালয়, তজুমদ্দিন একাডেমি, ঝালকাঠির নবগ্রাম রোড আলী নিম্নমাধ্যমিক বিদ্যালয়, ঝালকাঠি মাথবাড়ি জে আর বালিকা বিদ্যালয়, পটুয়াখালীর টিটকাটা জে আর বালিকা বিদ্যালয়, পিরোজপুরের শর্শিনা আছিয়া খাতুন মাধ্যমিক বিদ্যালয়, বরিশালের হিজলার আবদুস সত্তার তালুকদার মেমোরিয়াল জুনিয়র মাধ্যমিক বিদ্যালয় ও নলছিটির গোহালকাঠী নিম্নমাধ্যমিক বিদ্যালয়।বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার প্রথম আলোকে বলেন, ‘বরিশাল বোর্ড সারা দেশে ভালো করেছে, এটা ঠিক। কিন্তু আমাদের ধারণা ছিল আরও ভালো ফলাফল হবে।’ ভালো ফলাফলের জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগের প্রশংসা করেন তিনি।