কুড়িগ্রামে ন্যাশনাল সার্ভিসের উদ্বোধন
সারা দেশে সাত লাখ বেকার কাজ পাবে: প্রধানমন্ত্রী
‘কুড়িগ্রামে আর কোনো দিন মঙ্গা হতে দেব না। ন্যাশনাল সার্ভিসের মতো আরও অনেক প্রকল্প গ্রহণ করে মঙ্গা নিরসন করা হবে। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে মঙ্গার বদনাম ঘুচিয়েছিলাম। কিন্তু পরবর্তী সরকার এসে কোনো কাজ করেনি। ফলে এই অঞ্চলের অভাব দূর হয়নি।’গতকাল শনিবার বিকেল সোয়া চারটায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ন্যাশনাল সার্ভিসের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন, ‘কুড়িগ্রাম থেকে এ কর্মসূচির যাত্রা শুরু হলো। পর্যায়ক্রমে সারা দেশে সাত লাখ ২০ হাজার যুবক ও নারীকে প্রশিক্ষণ দিয়ে কাজ দেওয়া হবে। কুড়িগ্রাম অবহেলিত এলাকা, তাই এখান থেকেই যাত্রা শুরু করলাম।’প্রধানমন্ত্রী বলেন, ‘জেলার নয় উপজেলায় ৩২ হাজার ৫০০ জনকে এই কর্মসূচির আওতায় আনা হবে। ইতিমধ্যে নয় হাজার ৯৫০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এদের মধ্যে চারজনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র দিলাম। এরা দুই বছর চাকরিকালীন প্রতিদিন ২০০ টাকা হারে ভাতা পাবে। এ কাজের মাধ্যমে অভিজ্ঞতা সঞ্চয় করে পরবর্তী সময়ে যেকোনো কাজে নিজেকে নিয়োজিত করতে পারবে।’ তিনি আরও বলেন, কুড়িগ্রামের মঙ্গা দূর করার জন্য ইতিমধ্যে কর্মসংস্থান ব্যাংকের শাখা স্থাপন করা হয়েছে। এই ব্যাংক থেকে শিক্ষিত বেকার তরুণ-তরুণীরা ঋণ নিয়ে সাবলম্বী হতে পারবে। তিনি বলেন, সরকারের পক্ষে ১৫ কোটি মানুষকে চাকরি দেওয়া সম্ভব নয়। কিন্তু প্রশিক্ষণ এবং ঋণ দিয়ে সাবলম্বী করা সম্ভব।শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধুর সরকার ক্ষমতায় এসে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ শুরু করে। কিন্তু ১৯৭৫ সালে তাঁকে হত্যা করা হয়। উর্দি পরে যাঁরা ক্ষমতায় এসেছিলেন তাঁরা দেশের জন্য কিছুই করেননি। বিগত জোট সরকার ক্ষমতায় এসে সন্ত্রাস-দুর্নীতি, লুটপাট, খুন ও হয়রানির কাজে ব্যস্ত থাকায় দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেনি। বর্তমানে সারের দাম কমানো হয়েছে। বিগত সরকার এক মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন করতে পারেনি। আমরা বিদ্যুত্ উত্পাদনের চেষ্টা করছি। কৃষকদের সেচ সুবিধা দিতে রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বিদ্যুত্ সরবরাহের ব্যবস্থা নিয়েছি। সে কারণে কৃষকেরা এবার সেচ সংকটে পড়েনি। কৃষকেরা যাতে ধান-চালের উত্পাদনমূল্য পায় সে জন্য চালের মূল্য ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা বৃদ্ধি করেছি।’ প্রধানমন্ত্রী কুড়িগ্রাম সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত, প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন, সরকারি মহাবিদ্যালয়ে মাস্টার্স কোর্স চালু, বীজ হিমাগার নির্মাণ এবং দুধকুমার ও তিস্তা নদী খনন করা হবে।বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে চারজনকে নিয়োগপত্র প্রদান করেন। এঁরা হলেন কাঁঠালবাড়ী শিবরাম গ্রামের শাহ আলম, পৌরসভার মিস্ত্রিপাড়ার রত্না বিশ্বাস, ঘোগাদহ ইউনিয়নের ভেলার ভিটা গ্রামের সানোয়ারুল হাসান এবং কাঁঠালবাড়ী প্রসাদ কালোয়া গ্রামের জোসনা রানী।প্রধানমন্ত্রী এর আগে কুড়িগ্রাম সার্কিট হাউসে জেলা পর্যায়ের কর্মচারী-কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কুড়িগ্রাম-২ আসনের সাংসদ মো. জাফর আলী, সাংসদ আব্দুল মান্নান, জাকির হোসেন, ফজলে রাব্বি, বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদের, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহামুদ হাসান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহাবুব আহাম্মেদ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ফখরুল ইসলাম।ভিডিও কনফারেন্স: সিরাজগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারের তৃণমূল পর্যন্ত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা সফল করতে বেসরকারি উদ্যোগের প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। মানুষ যেন সুন্দর জীবন পায়, সুস্বাস্থ্যের অধিকারী হয়, ঘরে বসে চিকিত্সাসেবা ও শিক্ষাসেবা পায় সে জন্য এই সরকার কাজ করে যাচ্ছে।প্রধানমন্ত্রী গতকাল শনিবার সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, মত্স্য ও পশুসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সাংসদ ইসহাক হোসেন তালুকদার, সাংসদ শফিকুল ইসলাম, সাংসদ তানভির শাকিল জয়, বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্টের সমন্বয়কারী হাবীবে মিলাত প্রমুখ।