সারা দেশে হরতালকারী-পুলিশ সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন জেলায় আজ মঙ্গলবার হরতাল সমর্থনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন একজন। এ ছাড়া ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় কয়েকজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। সিরাজগঞ্জ: সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ী সীমান্তবাজার এলাকায় হরতাল সমর্থকেরা ১৪-১৫টি বাস-ট্রাক ভাঙচুর করে। এতে বাধা দিলে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে পুলিশ পাঁচটি রাবার বুলেট ছোড়ে। সকাল সাড়ে ১০টার দিকে শহরের রহমতগঞ্জ কাঠেরপুলে পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় জিহাদ নামের একজন জামায়াত-কর্মী গুলিবিদ্ধ হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার এহসানুল কবীর জানান, জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ২৭ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।রাজশাহী: আজ সকালে নগরের বিনোদপুর মণ্ডলের মোড়ে বিএনপি ও জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানাউল হক প্রথম আলো ডটকমকে জানান, ১৮ দলের নেতা-কর্মীরা মিছিল করার চেষ্টা চালালে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০টি কাঁদানে গ্যাসের শেল ও ৩০টি রাবার বুলেট ছোড়ে।রাজশাহী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে টহল দিচ্ছে পুলিশ ও র্যাব। সকালে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মিজানুর রহমানের নেতৃত্বে একটি মিছিল উপশহর এলাকা প্রদক্ষিণ করে। চাঁদপুর: সকাল আটটায় চাঁদপুর শহরের কালীবাড়ি এলাকায় হরতালের সমর্থনে বের করা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়। পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে সাতজনকে আটক করেছে। এদিকে চাঁদপুর কুমিল্লা-আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন জায়গায় হরতাল-সমর্থনকারীরা টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে সড়ক বন্ধ করে রেখেছে। ফেনী: ভোর চারটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকায় চট্টগ্রামগামী এসএ পরিবহনের একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। মহাসড়কের মহিপাল এলাকায় তারা ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ছাত্রশিবিরের জেলা সভাপতি তারেক মাহমুদ অভিযোগ করেন, সকাল সাড়ে ১০টায় ছাত্রলীগের কর্মীরা শান্তি রোডের মাথায় শিবিরের তিনজন কর্মীকে ছুরিকাঘাত করেছেন। জেলা ছাত্রলীগ এ অভিযোগ অস্বীকার করেছে। খুলনা: সকাল সাতটা পাঁচ মিনিটে নগরের পিটিআই মোড়ে এবং সকাল সাড়ে আটটার দিকে শিববাড়ি মোড়ে হরতালকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। হরতালকারীরা শিববাড়ির মোড়ে একটি ইজিবাইকে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া নগরের খালিশপুর, খুলনার বড়বাজার, পিটিআই মোড় ও নগরীর মর্ডান ফার্নিচার এলাকায় পুলিশ ও হরতালকারীদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পুলিশ পাঁচটি রাবার বুলেট ও চারটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।