সারা দেশে হরতালের প্রভাব নেই, আটক ৩১ (ভিডিও)
রাজধানী ঢাকার মতো দেশের অন্যান্য জেলায়ও আজ সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি জনজীবনে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক ছিল। স্কুল-কলেজ ও দোকানপাট খুলেছে। হরতাল ডেকে বেশির ভাগ এলাকায় মাঠে ছিলেন না জামায়াত-শিবিরের কর্মীরা। তবে কয়েকটি এলাকায় তাঁরা পিকেটিংয়ের চেষ্টা করলে পুলিশের কঠোর ভূমিকায় তা ভেস্তে যায়।এদিকে বগুড়া, চাঁদপুর, রংপুর, পটুয়াখালী, খুলনা ও সিরাজগঞ্জে পুলিশ ৩১ জনকে আটক করেছে।বগুড়া: বগুড়ায় মাঠে নেই হরতালের সমর্থক জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে পুলিশ গতকাল রোববার রাতে দুজনকে আটক করেছে।আজ ভোরের দিকে সরকারি আজিজুল হক কলেজের সামনে শহরের স্টেশন সড়কে শিবিরের কর্মীরা টায়ার জ্বালিয়ে পিকেটিং করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।সোনাতলা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান প্রথম আলো ডটকমকে জানান, হরতালে নাশকতা চেষ্টার অভিযোগে পুলিশ গতকাল রাতে সোনাতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমির এনামুল হককে আটক করেছে।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম জানান, একই অভিযোগে শহরের এরুলিয়া এলাকা থেকে জামায়াতের এক কর্মীকে আটক করা হয়েছে।চাঁদপুর: চাঁদপুরের বিভিন্ন স্থানে আজ হরতালে পিকেটিংয়ের চেষ্টাকালে জামায়াত-শিবিরের ছয়জনকে আটক করেছে পুলিশ। জামায়াত-শিবিরের পিকেটারদের পুলিশ ছত্রভঙ্গ করে দিলে তাদের আর রাস্তায় দেখা যায়নি।ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক আছে। দোকানপাট খুলেছে। স্কুল-কলেজে শিক্ষার্থীদের উপস্থিতিও লক্ষ করা গেছে। সরকারি-বেসরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান খুলেছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শহরে অতিরিক্ত পুলিশ টহল দিচ্ছে।রাজশাহী: প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে সাতটার দিকে জামায়াত-শিবিরকর্মীরা নগরের বিনোদপুর বাজারে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে হরতালের সমর্থনে মিছিল বের করেন। পুলিশ ধাওয়া করলে জামায়াত-শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এ সময় পুলিশ প্রায় অর্ধশত রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।সকাল পৌনে নয়টার দিকে হরতালের সমর্থকেরা নগরের বিমানবন্দর সড়ক প্রায় ১০ মিনিটের জন্য অবরোধ করে রাখেন। সকাল সাড়ে নয়টার দিকে তাঁরা নগরের খড়খড়ি বাইপাস সড়কে পণ্যবাহী ট্রাকে আগুন লাগিয়ে দেন এবং সেখানে দাঁড়ানো একটি ট্রাক ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁরা পালিয়ে যান। হরতালে অটোরিকশা, রিকশা, সিএনজিচালিত যানবাহন ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বাস অপেক্ষাকৃত কম চলাচল করছে।
গাজীপুর: জেলার সদর উপজেলার ভোগড়ার বাসন সড়ক এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজ সকাল সাড়ে সাতটার দিকে পিকেটারেরা বিআরটিসির একটি বাসে আগুন ধরিয়ে দেয়। গাজীপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়। বাসের চালক আল আমিন জানান, বাসটি গাজীপুরের শিববাড়ি এলাকা থেকে ঢাকার মতিঝিল এলাকায় রূপালী ব্যাংকের কর্মীদের আনা-নেওয়া করে। পরিবহনের কাজ শেষে বাসটি প্রতি রাতে স্থানীয় বোর্ডবাজারের বড়বাড়ি এলাকায় একটি ফিলিং স্টেশনে রাখা হয়। সেখান থেকে শিববাড়ি যাওয়ার পথে সকালে গাড়িটি পিকেটারদের কবলে পড়ে। তারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।গাজীপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু জাফর আহমেদ জানান, কোনো তরল দাহ্য পদার্থ (কেরোসিন বা পেট্রল) দিয়ে বাসে অগ্নিসংযোগ করায় বাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে বাসের সিট ও ইঞ্জিনসহ অধিকাংশ অংশ পুড়ে গেছে।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, গাজীপুরে ঢিলেঢালা হরতাল পালিত হচ্ছে। সকাল থেকে যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক। কল-কারখানা, দোকানপাট, বিপণিবিতান, সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যাংক-বিমা অফিস অন্য দিনের মতো যথারীতি খোলা আছে।পটুয়াখালী: হরতালে নাশকতার সন্দেহে জেলার বিভিন্ন এলাকা থেকে গতকাল রাতে জামায়াত ও শিবিরের কর্মী সন্দেহে নয়জনকে আটক করেছে পুলিশ। দিনাজপুর: জেলায় জীবনযাত্রা স্বাভাবিক আছে। হরতালের পক্ষে কোনো মিছিল বা পিকেটার রাস্তায় দেখা যায়নি। শহরে দোকানপাট খোলা থাকলেও মানুষের উপস্থিতি তুলনামূলক কম।দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, পুলিশ মাঠে আছে। হরতালে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রংপুর: জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে রংপুরে সব ব্যবসাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিসে স্বাভাবিক কার্যক্রম চলছে। শহরে গাড়ি চলাচলও স্বাভাবিক। হরতালের সমর্থনে আজ সকাল থেকে নগরে জামায়াত-শিবিরের কোনো মিছিল কিংবা পিকেটিং করতে দেখা যায়নি। এদিকে সকাল থেকে নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যথারীতি ক্লাস হয়েছে। উপস্থিতিও স্বাভাবিক। ব্যাংক-বিমায় লেনদেন হয়েছে। শহরে রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চলছে। শহরের বিপণিবিতান ও দোকানপাট খোলা আছে।শহর থেকে আট কিলোমিটার দূরে ঢাকা-দিনাজপুর মহাসড়কের হাজিরহাটে হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল বের করেন এবং পুলিশের একটি গাড়িতে তাঁরা আগুন ধরিয়ে দেন। এতে আহত হন দুই পুলিশ সদস্য অহিদুল (২৫) ও নিত্যরঞ্জন শীল (৩৫)। ঘটনাস্থল থেকে পুলিশ দুই শিবিরকর্মীকে আটক করে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা বলেন, শহরের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। খুলনা: সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার মালতিয়া এলাকায় পিকেটারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ওই ঘটনায় পুলিশ চারজনকে আটক করে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া উপজেলার মালতিয়া প্রাথমিক বিদ্যালয়ের কাছে ১৫ থেকে ২০ জন জামায়াত-শিবিরকর্মী সকাল সাড়ে ছয়টার দিকে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। এ ছাড়া পিকেটারেরা একটি ট্রাক ও একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। খবর পেয়ে স্থানীয় মাগুরাঘোনা ক্যাম্প থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া দেয়। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ১৪টি গুলি ছোড়ে। এ ছাড়া ওই এলাকা থেকে মালতিয়া গ্রামের শহিদুল ইসলাম (৩২), আক্তার সরদার (২২), রফিকুল ইসলাম (২০) ও বেতাগ্রামের রাজু মোড়লকে (২৪) আটক করে।এ প্রসঙ্গে খুলনার সহকারী পুলিশ সুপার (‘খ’ অঞ্চল) আবদুল কাদের বেগ বলেন, পিকেটারদের তাড়া করলে তারা পুলিশের ওপর পাল্টা হামলা চালায়। সেখানে গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ওই ঘটনায় প্রাথমিকভাবে চারজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া হরতালে খুলনা শহর বা বিভিন্ন উপজেলায় জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি। অধিকাংশ দোকানপাট খোলা ও ছোট-বড় যানবাহন চলতে দেখা গেছে। আর নগরের বিভিন্ন মোড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। সুনামগঞ্জ: জেলায় হরতালের সমর্থকদের দেখা যায়নি। যান চলাচল স্বাভাবিক আছে। ব্যবসাপ্রতিষ্ঠান ও স্কুল-কলেজ খোলা আছে। নীলফামারী: শাহবাগ প্রজন্ম চত্বরের আহ্বানে সাড়া দিয়ে জামায়াত-শিবিরের হরতাল প্রত্যাখ্যান করেছে নীলফামারীবাসী। শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠান খোলা ছিল। যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। অফিস-আদালত ও স্কুল-কলেজ যথাসময়ে খুলেছে। হরতালের সমর্থনে রাস্তায় কোনো পিকেটার দেখা যায়নি।সিরাজগঞ্জ: জেলার সদর উপজেলার বহুলীতে হরতাল-সমর্থক জামায়াত-শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ তিনটি কাঁদানে গ্যাসের শেল ও পাঁচটি রাবার বুলেট নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে পাঁচজন এবং ভোররাতে উল্লাপাড়া থেকে তিনজনসহ মোট আটজনকে আটক করেছে পুলিশ।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এবং উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।(প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, রংপুর; দিনাজপুর, পটুয়াখালী ও সিরাজগঞ্জ অফিস; বগুড়া, চাঁদপুর, গাজীপুর, খুলনা, সুনামগঞ্জ ও নীলফামারী প্রতিনিধি)