সারা দেশে ৩০ ঘণ্টার হরতাল শুরু
ধর্মভিত্তিক দল ও সংগঠনের ডাকা ৩০ ঘণ্টার হরতাল কর্মসূচি আজ রোববার সকাল ছয়টা থেকে শুরু হয়েছে। কাল সোমবার দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে এ কর্মসূচি চলবে। বিএনপি ও জামায়াতে ইসলামী এ হরতালে সমর্থন দিয়েছে।ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু আজ এবং সম্মিলিত ইসলামী ও সমমনা ১১টি দল কাল সোমবার দুপুর ১২টা পর্যন্ত হরতাল ডেকেছে। গতকাল পৃথক সংবাদ সম্মেলনে সংগঠন দুটির নেতারা বলেন, হরতালে তাঁরা জ্বালাও-পোড়াও করবেন না। জোর করে কাউকে হরতাল পালনে বাধ্যও করা হবে না। শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করা হবে।সংশোধিত সংবিধানের মূলনীতি থেকে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ কথাটি তুলে দিয়ে সেখানে ‘ধর্মনিরপেক্ষতা’ ও ‘সমাজতন্ত্র’ প্রতিস্থাপন করার প্রতিবাদে সংগঠন দুটি এ কর্মসূচি দিয়েছে।এ ছাড়া সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল, জাতীয় নারীনীতি ও শিক্ষানীতির কিছু ধারা সংশোধন করার দাবিও এ কর্মসূচির সঙ্গে যুক্ত করেছে সংগঠনগুলো।শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা, ধর্মীয় সভা-সমাবেশ, শোভাযাত্রা, হাসপাতালের অ্যাম্বুলেন্স, সংবাদপত্রের গাড়ি, হোটেল-রেস্তোরাঁ ও ওষুধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে বলে সংগঠন দুটির পক্ষ থেকে জানানো হয়।ইসলামী আন্দোলন: গতকাল দুপুরে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মো. রেজাউল করিম শান্তিপূর্ণভাবে হরতাল পালন করার আহ্বান জানান। তিনি বলেন, ‘সংবিধান থেকে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস কথাটি তুলে দেওয়ার পর আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। একান্ত বাধ্য হয়েই আমরা হরতালের মতো কঠোর কর্মসূচি দিয়েছি।’ তিনি বলেন, গ্রেপ্তার ও নির্যাতন করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।এ কর্মসূচিতে বিএনপির সমর্থনের বিষয়ে প্রশ্ন করা হলে রেজাউল করিম বলেন, ‘এটা আমরা ভালো চোখে দেখছি।’ সমমনা ১১ দলের হরতালে তাঁদের সমর্থন আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘নৈতিকভাবে তাদের হরতাল কর্মসূচিকেও আমরা সমর্থন করছি।’সংবাদ সম্মেলনে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, মহাসচিব ইউনুছ আহমাদ, ঢাকা মহানগর কমিটির সভাপতি এ টি এম হেমায়েত উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।রাতে ইসলামী আন্দোলন জানিয়েছে, হরতালকে কেন্দ্র করে পুলিশ সারা দেশে দলের নেতা-কর্মীদের লাঠিপেটা ও ধরপাকড় করছে। শুক্রবার রাতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সহ-প্রচার সম্পাদক আতিকুর রহমান ও হবিগঞ্জ জেলা কমিটির সহসভাপতি আবদুল করিমকে গ্রেপ্তার করা হয়।সম্মিলিত ইসলামী ও সমমনা ১১ দল: দুপুরে পুরানা পল্টনের একটি হোটেলে পৃথক সংবাদ সম্মেলন করে সম্মিলিত ইসলামী ও সমমনা ১১ দল। সংগঠনের নেতারা বলেন, জাগতিক বিষয়ে দেশে অনেক হরতাল পালিত হয়। কিন্তু তাঁদের হরতাল সম্পূর্ণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে।লিখিত বক্তব্যে ১১ দলের পক্ষে আবদুর রব ইউসুফী দেশের ব্যবসায়ী, আইনজীবী, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, বাস-ট্রাক মালিক-শ্রমিকসহ সব শ্রেণী-পেশার মানুষকে হরতাল সফল করার আহ্বান জানান।সংবাদ সম্মেলনে খেলাফত আন্দোলনের আমির আহমদুল্লাহ আশরাফ, নেজামে ইসলাম পার্টির মহাসচিব আবদুল লতিফ নেজামী, এনডিপির মহাসচিব আলমগীর মজুমদার, জাতীয় ওলামা পরিষদের সভাপতি দ্বীন মোহাম্মদ কাসেমী প্রমুখ উপস্থিত ছিলেন।পুলিশি নিরাপত্তা: হরতালকে কেন্দ্র করে দুষ্কৃতকারীরা যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর অথবা ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ডিএমপির কমিশনার বেনজীর আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ নগরবাসীর জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে। কেউ এ ধরনের কার্যকলাপে জড়িত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।