সারা দেশে ৩০টি মডেল মাদ্রাসা করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ২০২১ সালের মধ্যে সরকার দারিদ্র্য দূর করে ডিজিটাল বাংলাদেশ গড়তে চায়। আর সে লক্ষ্যে প্রযুক্তিগত শিক্ষা-ব্যবস্থা চালুর মাধ্যমে নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষায় বৈষম্য কমাতে সারা দেশে বিদ্যালয়গুলোতে একই প্রশ্নের ভিত্তিতে পরীক্ষা নেওয়া হবে। এ ছাড়া দেশে ৩০টি মডেল মাদ্রাসা প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ শুক্রবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন শেষে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জেড এম নুরুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী। শিক্ষামন্ত্রী বিকেলে হিলালপুর রাস্তার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২২ লাখ ৪৮ হাজার টাকা ব্যয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। পরে উপজেলার প্রাথমিক শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।