সারা দেশে ৮৬ আর চট্টগ্রামে ৮৪ টাকা লিটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও চট্টগ্রামকে দুই ভাগ করে সয়াবিন তেলের মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার। এখন থেকে ঢাকায় খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ৮৬ টাকা লিটার। আর চট্টগ্রামের মূল্য হবে ঢাকা থেকে দুই টাকা কম, অর্থাৎ ৮৪ টাকা। ঢাকার মূল্য সারা দেশে আর চট্টগ্রামের মূল্য বৃহত্তর চট্টগ্রামের জন্য প্রযোজ্য।অন্যদিকে ঢাকার মিলগেট মূল্য ঠিক করা হয়েছে ৮৩ টাকা আর চট্টগ্রামে ৮১ টাকা লিটার। অর্থাৎ মিলগেট মূল্য থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত লিটারে সর্বোচ্চ তিন টাকা করে বাড়বে। গতকাল রোববার সচিবালয়ে ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকদের সঙ্গে তিন ঘণ্টার বৈঠক শেষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী ফারুক খান এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, নতুন এই মূল্য কার্যকর হবে কাল মঙ্গলবার থেকে। খোলা সয়াবিনের তুলনায় বোতলজাত তেলের মূল্য সর্বোচ্চ ১৫ শতাংশ বেশি হতে পারবে বলে জানান তিনি। মিলগেটের মূল্যকে ভিত্তি ধরে হিসাব করলে বোতলজাত তেলের খুচরা মূল্য ঢাকায় দাঁড়ায় লিটারে ৯৫ টাকা ৪৫ পয়সা আর চট্টগ্রামে ৯৩ টাকা ১৫ পয়সা। আর খুচরা মূল্যকে ভিত্তি ধরলে ঢাকায় হবে ৯৮ টাকা ৯০ পয়সা আর চট্টগ্রামে ৯৬ টাকা ৬০ পয়সা। বৈঠক শেষে গতকাল রাতে ফ্যাক্সযোগে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে মিলগেটের মূল্যকে ভিত্তি ধরে শুধু এক ও দুই লিটারের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ শতাংশ বেশি হওয়ার কথা। এতে আরও বলা হয়, ঢাকার মূল্য সারা দেশে আর চট্টগ্রামের মূল্য বৃহত্তর চট্টগ্রামের জন্য প্রযোজ্য। তবে পাঁচ ও আট লিটারের বোতলের ক্ষেত্রে এই ১৫ শতাংশ কার্যকর নয়। সে ক্ষেত্রে খোলা সয়াবিনের মূল্যের সঙ্গে শুধু বোতলের মূল্য যোগ হবে। বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্যসচিব গোলাম হোসেন, অতিরিক্ত বাণিজ্যসচিব মর্তুজা রেজা চৌধুরী, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, পরিচালক হেলালউদ্দিন, টিসিবির চেয়ারম্যান মো. খলিলুর রহমান, প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক এম এ সবুর প্রমুখ। ব্যবসায়ীদের দিক থেকে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, নূরজাহান গ্রুপের জহির আহমেদ এবং সিটি গ্রুপ, বাংলাদেশ এডিবল অয়েল, মেরিন ভেজিটেবল অয়েল, মাল্টি অয়েল রিফাইনারি, এস এ অয়েল রিফাইনারি, মোস্তফা ভেটেবল অয়েল, রুবাইয়া ভেজিটেবল অয়েল ও ইলিয়াস ব্রাদার্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, সয়াবিন তেলের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজার এবং এ-সংক্রান্ত সব বিষয় নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, কয়েক দিন আগে আন্তর্জাতিক বাজারে মূল্য বেড়েছিল ঠিকই, কিন্তু মাঝখানে কমেও এসেছিল। এখন আবার কিছুটা বাড়তির দিকে। তবে চুলচেরা বিশ্লেষণ করে দেখা গেছে, বাজারে বর্তমানে যে দর আছে, তা সংশোধন করে কমিয়ে আনার সুযোগ রয়েছে। তাই কিছুটা কমানো হলো। মূল্য পরিস্থিতি তদারক করতে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমানকে প্রধান করে গতকালই সাত সদস্যের একটি কমিটি করা হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। কমিটির অন্য সদস্যদের মধ্যে থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়, এফবিসিসিআই, ভোজ্যতেল পরিশোধন কারখানা মালিক সমিতি, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনটেন্টস (আইসিএমএ) থেকে একজন এবং কারখানা মালিকদের থেকে দুজন। কমিটি আগামী ১৫ দিন পর কারখানা মালিকদের সঙ্গে আবারও বৈঠক করবে। আর নিয়মিত বৈঠক হবে এক মাস পর পর এবং প্রতি মাসেই নতুন দর নির্ধারিত হবে। এতে দর বাড়তে পারে, আবার কমতেও পারে। সয়াবিন তেলের দর কমে এলে পাম তেলের বাজারদরে স্বাভাবিক সংশোধনই আসবে বলেও মনে করেন বাণিজ্যমন্ত্রী। তাই পাম তেলের ব্যাপারে আলাদা কোনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান। ফারুক খান বলেন, সাত দিন ধরে আলোচনার ফলে সয়াবিনের নতুন মূল্য নির্ধারণ করা হলো। নতুন মূল্য মানা হচ্ছে কি না, তা তদারক করবে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, এফবিসিসিআইসহ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন বিভাগ। অনিয়ম পেলে যথাব্যবস্থা নেওয়া হবে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য থেকে জানা গেছে, গতকাল রোববার খোলা সয়াবিন তেল ৯৮ থেকে ১০২ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এক মাস আগে এ দর ছিল ৯২ থেকে ৯৪ টাকা। আর পাম তেল বিক্রি হয়েছে ৮৬ থেকে ৮৮ টাকা কেজিতে। এক মাস আগের দর ৮৫ থেকে ৮৮ টাকা।কেজির তুলনায় লিটারের মাপে কিছুটা কম হওয়ার কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে লিটার, কেজি, মণ—তিনভাবেই সয়াবিন বেচাকেনা হয়। এখন থেকে শুধু লিটারের হিসাব করতে হবে।ওই হিসাবে নতুন মূল্য নির্ধারণের ফলে সয়াবিন তেল লিটারে পাঁচ থেকে ছয় টাকা করে কমবে বলে জানান তিনি।