সারা দেশের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ আবার স্থাপিত হয়েছে। হেফাজতে ইসলামের লংমার্চ এবং এর পাল্টা কর্মসূচি হরতাল-অবরোধের জেরে রাজধানী শুক্রবার সকাল থেকে গতকাল শনিবার বিকেল পর্যন্ত সারা দেশ থেকে বিচ্ছিন্ন ছিল।হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিরোধে ঘাতক দালাল নির্মূল কমিটিসহ ২৩টি সংগঠন গত শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সারা দেশে হরতাল ডাকে। শাহবাগের গণজাগরণ মঞ্চও এতে সংহতি জানিয়ে শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২২ ঘণ্টা সড়ক, নৌ ও রেলপথ অবরোধের কর্মসূচি দেয়।হরতাল-অবরোধের সময়সীমা শেষ হয়ে এলে গতকাল বিকেলেই রাজধানী থেকে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ ছাড়া শুরু হয়। গত শুক্রবার সকাল থেকে দূরপাল্লার পথে বাস চলাচল বন্ধ ছিল। বাস মালিকেরা দাবি করেছিলেন, নাশকতার আশঙ্কায় তাঁরা গাড়ি চলাচল বন্ধ রাখছেন। হরতাল-অবরোধের কারণে ১৮টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়। শুক্রবার রাত থেকে লঞ্চ চলাচলও বন্ধ ছিল। এসব কারণে হরতাল ও অবরোধ কর্মসূচি শুরুর ১২ ঘণ্টা আগে থেকেই রাজধানী সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।গতকাল বিকেল থেকেই দূরপাল্লার কিছু কিছু পথে বাস চলাচল শুরু হয়ে যায়। সন্ধ্যার পর পুরোদমে বাস চলতে থাকে। শ্যামলী পরিবহনের স্বত্বাধিকারী রমেশ চন্দ্র ঘোষ প্রথম আলোকে বলেন, শনিবার বিকেল থেকেই বাস চলাচল শুরু হয়।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের নৌযান পরিদর্শক পরিদর্শক মাহমুদ হোসেন প্রথম আলোকে জানান, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ঢাকা সদরঘাট টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে ২৬টি লঞ্চ ছেড়ে যায়। দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কিছু লঞ্চ ঢাকার উদ্দেশে রওনাও হয় গতকাল বিকেল থেকেই।এদিকে ‘নাশকতার আশঙ্কায়’ বাতিল হওয়া ১৮টি ট্রেনের কিছু কিছু গতকাল রাতে চালু হয়েছে। তবে গতকাল সকালে বিভিন্ন গন্তব্য থেকে যেসব ট্রেন চালু করা হয় সেগুলো বিভিন্ন স্থানে থামিয়ে রাখার কারণে নির্ধারিত সময়ের অনেক পরে ঢাকায় পৌঁছে। সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি গতকাল সকালেই চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি ঢাকায় পৌঁছার কথা ছিল দুপুর পৌনে একটায়। কিন্তু আসে সন্ধ্যা ছয়টার পরে। গতকাল সন্ধ্যায় রাজশাহীগামী সিল্ক সিটি ও কিশোরগঞ্জগামী এগারসিন্দুর ট্রেন কমলাপুর থেকে ছেড়ে যায়।