সারা দেশের সঙ্গে কুষ্টিয়ার বাস আজ থেকে বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ আজ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কুষ্টিয়া বাস শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল রোববার দুপুরে কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক গ্রুপের কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের জানানো হয়, রাস্তার দুরবস্থার কারণে কুষ্টিয়ার সব পথে গাড়ি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কর্তৃপক্ষকে বারবার রাস্তা মেরামতের তাগাদা দেওয়া সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আগামীকাল (সোমবার) থেকে কুষ্টিয়া-ঢাকাসহ সব পথে বাস, ট্রাক ও যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে। কুষ্টিয়া সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত শনিবার খুলনা সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও যশোর সওজের সার্কেল প্রকৌশলীর উপস্থিতিতে কুষ্টিয়া সওজের ডাকবাংলোয় বৈঠক হয়। বৈঠকে বাস মালিক সমিতির সভাপতি সদর উদ্দিন খান বাস্তবতা ও সীমাবদ্ধতা উপলব্ধি করে ধর্মঘট না ডাকার আশ্বাস দিয়েছিলেন। তার পরও কেন ধর্মঘট আহ্বান করা হলো তা বোধগম্য নয়। মালিক-শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত ওই সভায় কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নূর হোসেন, বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা ট্রাক মালিক গ্রুপের সহকারী সম্পাদক আবদুল লতিফ, জেলা ট্রাক ও ট্যাংকলরি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নানসহ নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নূর হোসেন বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরে (সওজ) দুবার লিখিতভাবে জানানোর পরও কোনো সাড়া পাওয়া যায়নি। তা ছাড়া যেভাবে রাস্তা সংস্কার করার কথা সেভাবে করা হচ্ছে না। এ জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এ ব্যাপারে শহরে মাইকিংও করা হয়েছে।যোগাযোগ করা হলে কুষ্টিয়া সওজের নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ হাসিবুর রহমান বলেন, ‘পাঁচটি সংগঠনের সঙ্গে পৃথকভাবে তো কথা বলা সম্ভব নয়। বাস মালিক সমিতির সভাপতি সদর উদ্দিন খানের সঙ্গে গত দুই মাসে বিভিন্ন সময়ে কথা হয়েছে। আমরা সাধ্যমতো রাস্তা সংস্কারের চেষ্টা করছি।’ হাসিবুর রহমান আরও বলেন, ‘আমাদের তো আলাদিনের চেরাগ নেই যে কয়েক ঘণ্টার মধ্যে রাস্তা ভালো করে দেব। আর রাস্তার মধ্যে তো কোনো বড় পুকুরও হয় নাই যে গাড়ি চলাচল করতে পারবে না। গাড়ি বন্ধ করলে ভালো, আমরা ভালোভাবে রাস্তার কাজ করতে পারব।’কুষ্টিয়া-ঈশ্বরদী সড়ক সংস্কারের দাবিতে সওজের কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলীর কাছে গত মঙ্গলবার চিঠি দেয় কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপ ও মালিক সমিতি। এতে বলা হয়, জনস্বার্থে রোববারের মধ্যে কুষ্টিয়া-ঈশ্বরদী সড়ক মেরামত করতে হবে। অন্যথায় যাত্রীসাধারণ ও শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সোমবার থেকে গাড়ি চলাচল বন্ধ রাখা হবে।